‘আমি বাঙালি না চাটগাইয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী গতকাল রোববার সপ্তম দিনের মতো জবানবন্দি দিয়েছেন। তিনি এ মামলায় আসামিপক্ষের প্রথম সাক্ষী।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-১-এ গতকাল সাকা চৌধুরীর জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম। জবানবন্দির শুরুতে সাকা চৌধুরী বলেন, তিনি গত ছয় দিন যে জবানবন্দি দিয়েছেন, তা আসলে এক ঘণ্টার বক্তব্য। ইংরেজিতে এটি লিখে সংরক্ষণ করতে বেশি সময় লেগেছে। ট্রাইব্যুনাল বলেন, ‘আপনি বাঙালি, কেন ইংরেজিতে সাক্ষ্য দিচ্ছেন? বাংলায় সাক্ষ্য দিলে তো এত সময় লাগতো না।’ সাকা চৌধুরী বলেন, ‘আমি বাঙালি না, চাঁটগাইয়া।’জবানবন্দিতে সাকা চৌধুরী বলেন, ‘১৯৬৬ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমি ঢাকায় থাকতাম ও আমাদের কোনো গাড়িচালক ছিল না। এ জন্য বাবা (ফজলুল কাদের চৌধুরী) যখন ঢাকায় আসতেন, আমি তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতাম। আমাকে বাইরে গাড়িতে বসে অপেক্ষা করতে হতো, এ জন্য সময় কাটাতে সঙ্গে একজন বন্ধুকে রাখতাম। ঢাকার বাড়িটি ছিল আমার নিজের, বাড়িটি ছিল আমার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের জন্য একটি সামাজিক আড্ডাস্থল। আমার জানামতে, আমিই ছিলাম ধানমন্ডিতে বসবাসরত একমাত্র ছাত্র, যাঁর নিজের বাড়ি ও গাড়ি ছিল। আমার বাবা মাসে দু-একবার ঢাকায় আসতেন, প্রতিবার দুই-তিন দিনের বেশি খুব কমই থাকতেন। পারিবারিক উৎসবের সময় আমি চট্টগ্রাম যেতাম।’সাকা চৌধুরী দাবি করেন, ১৯৬০ সালে তিনি পূর্ব পাকিস্তান ক্যাডেট কলেজে (বর্তমানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ) ভর্তি হন। সে সময় থেকে তিনি স্বাধীন জীবনযাপন করতেন। ভাওয়ালপুর সাদিক পাবলিক স্কুল, নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তাঁর সেই স্বাধীন জীবনধারা অব্যাহত ছিল। চট্টগ্রামে তাঁর যত সামাজিক যোগাযোগ রয়েছে, তার সবই গড়ে উঠেছে ১৯৭৪ সালের পর। তিনি আরও দাবি করেন, তিনি কখনোই কোনো রাজনৈতিক সংগঠনের ছাত্র শাখার সঙ্গে যুক্ত ছিলেন না। তবে ১৯৬৯ সালে আইয়ুববিরোধী আন্দোলনে তিনি বন্ধুদের সঙ্গে সক্রিয় অংশগ্রহণ করেন। ওই আন্দোলনে অংশগ্রহণকারীদের অনেকেই তাঁর ধানমন্ডির বাসায় যেতেন। তাঁদের অনেকের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল, যাঁদের মধ্যে ছিলেন সালমান এফ রহমান, শেখ কামাল, আনোয়ার হোসেন মঞ্জু, নিজাম আহমেদ, কাইয়ুম রেজা চৌধুরী প্রমুখ। আনোয়ার হোসেন মঞ্জুর মতো জ্যেষ্ঠ নেতারা তাঁদের সমসাময়িক ছাত্রলীগের সভাপতি আবদুর রউফ, ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ, ছাত্রনেতা খালেদ মোহাম্মদ আলী, সিরাজুল আলম খান, আবদুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ প্রমুখদের তাঁর বাড়িতে আমন্ত্রণ করতেন, যেখানে চলমান আন্দোলন নিয়ে তাঁরা আলোচনা করতেন। তিনি তাঁদের আপ্যায়ন করতেন। তিনি ওই নেতাদের তাঁর গাড়ির সুবিধা দিতেন। তাঁদের অনেকে তাঁর বাবার সঙ্গে বিভিন্ন সময় দেখাও করেছেন।দুপুরে শারীরিক অসুস্থতার জন্য মামলার কার্যক্রম মুলতবির আরজি জানান সাকা চৌধুরী। ট্রাইব্যুনাল বলেন, সোমবারের (আজ) মধ্যে তাঁকে জবানবন্দি শেষ করতে হবে। পরে জবানবন্দি অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।