‘আমি ভালো আছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই বাড়িটিতে চলছিল বিয়ের আয়োজন। রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজারামপুর গ্রামে রোকসানার বাড়ি। বিয়ের পাত্রী রোকসানাই। তাঁর বাবা একরামুল হক অনেক কষ্টে মেয়ের বিয়ের জন্য যৌতুকের কিছু টাকা জোগাড় করেছেন। কিন্তু পুরো টাকা দিতে না পারায় হাসু মিয়ার সঙ্গে রোকসানার বিয়ে সেদিনের মতো ভেঙে যায়। ‘বিয়েবাড়িতে হঠাৎ নীরবতা’ শিরোনামে গত ১০ জুন প্রথম আলোয় রোকসানার সংবাদ প্রকাশিত হলে পুরো পরিস্থিতি বদলে যায়। স্থানীয় প্রশাসন তৎপর হয়ে ওঠে। অবস্থা বেগতিক বুঝে বিনা যৌতুকে রোকসানাকে বিয়ে করতে বরপক্ষ প্রস্তাব পাঠায়। একপর্যায়ে উভয় পক্ষের সমঝোতায় ওই দিন সন্ধ্যায় দুই লাখ টাকা দেনমোহরে রোকসানাকে বিয়ে করেন বর হাসু মিয়া। বিয়ের আসরে উপস্থিত সবার উদ্দেশে হাসু মিয়া বলেন, ‘আমি জানতাম না যৌতুক নেওয়া অপরাধ। আর যৌতুক নেব না। যে ২০ হাজার টাকা নিয়েছিলাম, তা-ও ফেরত দেব। আমাকে ক্ষমা করবেন। আমাদের জন্য দোয়া করবেন।’ বরের বাবা খাদেমুল ইসলামও ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। জানা গেছে, ওই দিন রাতেই কনে চলে যান শ্বশুরবাড়ি। প্রথম আলোর পক্ষ থেকে বিয়ে-পরবর্তী সময়ের খোঁজখবর রাখা হয়। সম্প্রতি বদরগঞ্জ থেকে ২৬ কিলোমিটার দূরে রোকসানার শ্বশুরবাড়িতে গিয়ে জানা গেল, স্বামী-স্ত্রী মিলে বেড়াতে গেছেন রোকসানার বাবার বাড়ি। খাদেমুল ইসলাম বলেন, ‘বৌমা খুব ভালো। সবাইকে সম্মান করে।’ ওই দিন বিকেলে কনের বাবার বাড়ি গিয়ে পাওয়া যায় বর-কনেকে। কেমন আছেন, জানতে চাইলে হাস্যোজ্জ্বল মুখে বর-কনে উভয়েই বলেন, ‘ভালো আছি।’ কনে বলেন, ‘স্বামী, শ্বশুর-শাশুড়ি—সবাই আমাকে ভালোবাসেন, আদর করেন। তবে প্রথমে বিয়ে ভেঙে যাওয়ার পরিস্থিতিতে অনেক কষ্ট পেয়েছিলাম। ওই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম, এ মুখ আর কাউকে দেখাব না। পরে আল্লাহ আমার প্রতি মুখ তুলে তাকিয়ে আমাকে রক্ষা করেছেন। আমাদের জন্য দোয়া করবেন। আর কারও জীবনে এমন দিন যেন না আসে।’ কনের বাবা বলেন, ‘জামাই যৌতুক বাবদ আমার কাছ থেকে নেওয়া ২০ হাজার টাকা বিয়ের পরদিন ফেরত দিতে চাইলেও আমি তা না নিয়ে বলেছি, তোমরা কিছু করে খাও। জামাই ভালো। সে আমাকে বলেছে, “বাবা, আর টাকা দিতে হবে না।” জামাইয়ের এমন ব্যবহারে আমরা সবাই খুশি হয়েছি।’ বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বীশ কুমার সরকার জানালেন, ‘প্রথমে যৌতুকের টাকা ছাড়া বিয়ে করতে অস্বীকৃতি জানালেও পুলিশের তৎপরতায় বরপক্ষ নতি স্বীকার করে। পরে উভয় পক্ষের সম্মতিতে বিয়ে হয়। তাই আমরা কনের বাবার অভিযোগের ব্যাপারে পরে আর আইনগত ব্যবস্থা নিইনি। তবে বিয়ে-পরবর্তী সময়ে ওই বর-কনের দিকে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।’