কমনওয়েলথ গেমসের চূড়ান্ত দলে নেই হামিদুল ইসলাম। তবে যে পদ্ধতিতে দল বাছাই হয়েছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন এসএ গেমসের সোনাজয়ী এই ভারোত্তোলক কমনওয়েলথ গেমসের ক্যাম্প থেকে তো বাদ পড়লেন?হামিদুল ইসলাম: বাদ পড়ার সংবাদটা আগে জানতাম না। আজ (গতকাল) সকালে হঠাৎ করে মন্ত্রী মহোদয় (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার) ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন। মন্ত্রী স্যারের সামনে শুনলাম, আমার কমনওয়েলথে যাওয়া হচ্ছে না। শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ট্রায়ালে তো খারাপ করেছেন...হামিদুল: ট্রায়ালে খারাপ করেছি সেটা বলব না। মিস করেছি। আমার মতো অন্যরাও মিস করেছে। আমার শরীর এখনো শতভাগ ফিট না। ৭০ শতাংশ ফিট। কমনওয়েলথ গেমসের জন্য যেহেতু এখনো এক মাস সময় আছে। আশা ছিল বাকি সময়ে পুরো ফিট হয়ে উঠব। তিন সপ্তাহও হয়নি ক্যাম্পে এসেছি, সেই তুলনায় পারফরম্যান্স ভালোই। ডাক্তার আমাকে বলেছেন, আমি নিয়মিত অনুশীলন করতে পারব। ফেডারেশনের বৃত্তিও কি তাহলে মিস হয়ে গেল?হামিদুল: বৃত্তির তো প্রশ্নই আসে না। এসএ গেমসে তিন প্রতিযোগীর মধ্যে সোনা জিতে একটা বিতর্কের মধ্যেও তো পড়েছিলেন?হামিদুল: এটা নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না। আমি আমার যোগ্যতা দিয়েই সোনা জিতেছি। ওখানে তো আন্তর্জাতিক পর্যায়ের বিচারক ছিল। তাঁদের সামনেই আমি ওজন তুলেছি। সোনা জেতার পর লক্ষ্য যেখানে আরও অনেক দূরে যাওয়ার কথা, সেখানে কি মনে হচ্ছে না আপনি উল্টো দিকে হাঁটছেন?হামিদুল: উল্টো হয়নি। আমি যে সংস্থার হয়ে খেলি (সেনাবাহিনী) সেখানে ভালোই করছি। নিয়মিত পয়েন্ট মারছি। শুধু জাতীয় দলের ক্ষেত্রেই ঝামেলা দেখা দেয়। এবার কমনওয়েলথ গেমস নিয়ে যা হলো তা আমি মানতে পারছি না। কেন মানতে পারছেন না?হামিদুল: ফেডারেশন আমাকে আগে থেকেই বলে দিতে পারত যে তোমাকে দিয়ে হবে না। ক্যাম্পে ডেকে শুধু শুধু আমাকে হয়রানি করা হলো। আমার বেসিক আছে, স্কিল আছে। আমি অভিজ্ঞ। কিন্তু এভাবে ট্রায়াল দিয়ে কমনওয়েলথে যেতে হবে সেটা ভাবিনি। তাহলে আমি আলাদাভাবে আগে থেকেই প্রস্তুতি নিতাম। তার মানে এভাবে ট্রায়ালের মাধ্যমে দল নির্বাচন আপনার পছন্দ নয়?হামিদুল: দেখুন, বিশ্বের আর কোনো দেশে আমি এভাবে মাসে মাসে প্রদর্শনী আর ট্রায়াল করতে দেখিনি। ট্রায়াল এক ব্যাপার, আর প্রতিযোগিতা আরেক বিষয়। ট্রায়ালে শরীর অনেক শিথিল করে ওজন তুলি, কিন্তু প্রতিযোগিতায় পুরোটাই দিতে হয়। এভাবে ঘন ঘন ট্রায়ালে খেলোয়াড়দের ইনজুরিতে পড়ারও সম্ভাবনা থাকে। এশিয়ান গেমসের দলে ফেরার ব্যাপারে কি আশাবাদী?হামিদুল: আশাবাদী। কিন্তু ফেডারেশন যা করছে তাতে আমার আত্মবিশ্বাস কমে যাবে। ১৯৯৬ সাল থেকে একটানা জাতীয় প্রতিযোগিতায় সোনা জিতে চলেছি। এশিয়ান গেমসে আগেও খেলেছি, ইসলামিক সলিডারিটি গেমসেও খেলেছি। আশা করি, এশিয়াডে নিজের যোগ্যতা দিয়েই আবার ফিরব। তবে ফেডারেশনের ভাষ্য—আমাকে সব সময় প্রস্তুত থাকতে হবে ট্রায়াল দেওয়ার জন্য। যেন সিনেমার মতো। কিন্তু এটা সিনেমা না যে যখন-তখন দেখিয়ে দিলাম।