‘আমি শারাপোভার ভক্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা টেনিস কমপ্লেক্সে চলছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) গ্রেড-৫-এর টুর্নামেন্ট। সেখানে খেলতে এসেছে রাশিয়ার খেলোয়াড় ক্রিস্তিনা তিতোভা। মারিয়া শারাপোভা-ভক্ত এই উচ্ছল কিশোরী স্বপ্ন দেখে কোনো একদিন জিতবে উইম্বলডন আইটিএফ জুনিয়র টেনিস টুর্নামেন্টের জন্য কেমন প্রস্তুতি নিয়েছ?ক্রিস্তিনা তিতোভা: ঢাকায় আসার আগে ভালোই প্রস্তুতি নিয়েছিলাম। এখানে এসেও আবার অনুশীলন করলাম। আশা করি, এই টুর্নামেন্টে ভালো করতে পারব।  প্রথমবার বাংলাদেশে খেলতে এসেছ। কেমন লাগছে ঢাকা?ক্রিস্তিনা: ভালোই লাগছে। কিন্তু শহরটায় যানজট বেশি। তবে এখানকার আবহাওয়া চমৎকার। রাশিয়ায় আমাদের শহর নভোসিবিরেস্ক এখন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পরিবারের কার উৎসাহে টেনিসে এসেছ?ক্রিস্তিনা: আমার মা। আমি ছোটবেলা থেকেই টেনিস খেলাটা বেশি পছন্দ করতাম। মা-ও চাইতেন আমি যেন টেনিস খেলোয়াড় হই। আমার মা-ও টেনিস খেলতেন। তাহলে বাবা কি পছন্দ করেন না খেলাটা?ক্রিস্তিনা: এখন বাবাও টেনিসটা পছন্দ করেন। আমার বাবা একজন খেলাপাগল মানুষ। উনি কখনো টেনিস খেলেননি। শৌখিন সাঁতারু ছিলেন বাবা। এখন অবশ্য পুরোদস্তুর ব্যবসায়ী। তবে সব সময় আমার টেনিসের খোঁজখবর নেন। কোথায় কোন টুর্নামেন্ট, কীভাবে যোগাযোগ করব—সবকিছু বাবাই করেন। এই যে দেখুন না, বাবা আমার সঙ্গে ঢাকায় চলে এসেছেন। কোচের অবর্তমানে বাবাই আমার ভুলগুলো দেখিয়ে দেন।  আপনার প্রিয় টেনিস খেলোয়াড় কে?ক্রিস্তিনা: মারিয়া শারাপোভা। তাঁর খেলা আমার খুবই ভালো লাগে। ছোটবেলা থেকেই আমি শারাপোভার ভক্ত। আমার শোবার ঘরের দেয়ালজুড়ে শারাপোভার ছবি টাঙানো। এই নিয়ে আমার বন্ধুরা খুব হাসাহাসি করে। আমি স্বপ্ন দেখি একদিন শারাপোভার মতো উইম্বলডন জিতব। কখনো কি শারাপোভার সঙ্গে দেখা হয়েছে?ক্রিস্তিনা: একবার সেই সৌভাগ্য হয়েছিল। বছর দুয়েক আগে মস্কোতে ক্রেমলিন কাপের সময় শারাপোভাকে খুব কাছ থেকে দেখেছিলাম। আমি ওই টুর্নামেন্টে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছি। তাঁর সঙ্গে কথাও বলতে চেয়েছিলাম একবার। কিন্তু ওই দিন আবার শারাপোভা হেরে গিয়েছিলেন। হয়তো মন খারাপ ছিল। আমার সঙ্গে কথা না বলেই কোর্ট ছেড়ে চলে যান। আমি খুব দুঃখ পেয়েছিলাম। অনেক কান্নাকাটি করলাম। পরে বাবা আমাকে শান্ত করেন। বলেন, তুমি ভালো খেললে একদিন শারাপোভাকেও ছাড়িয়ে যাবে।  তোমার লেখাপড়া, খেলা কি মস্কোতেই?ক্রিস্তিনা: না, মস্কো থেকে অনেক দূরের শহর নভোসিবিরেস্ক আমাদের বাস। এটা মস্কো আর সেন্ট পিটার্সবার্গের পর সবচেয়ে বড় জনবসতিপূর্ণ শহর। ওখানেই স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ি। ওখানে টেনিস কি খুব জনপ্রিয় খেলা?ক্রিস্তিনা: মোটেই না। ওখানে ফুটবলটাই বেশি খেলে সবাই। এ ছাড়া আইস হকি, ভলিবল, বাস্কেটবল খেলা হয়। আমি অনুশীলন করি আমার স্কুলে আর আমার বাড়ির পাশের একটি টেনিস কমপ্লেক্সে। স্কুলে এবং অন্যান্য স্থানীয় টুর্নামেন্টে নিয়মিতই খেলি। নভোসিবিরেস্ক আমি র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে। আইটিএফের এই জুনিয়র টুর্নামেন্টে কি প্রথম খেলছ?ক্রিস্তিনা: না। এর আগে আমি উজবেকিস্তানে খেলেছি। এরপর এই টুর্নামেন্টে খেলতে ঢাকায় এসেছি।  বাংলাদেশের টেনিস সম্পর্কে কোনো ধারণা আছে তোমার?ক্রিস্তিনা: আমি বাছাইয়ের তালিকায় শুধু বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়ের নাম দেখেছি। এর বাইরে আর কিছু জানি না। শুনেছি, এখানে ক্রিকেট খেলাটা বেশ জনপ্রিয়। টেনিস কমপ্লেক্সে ঢুকেই দেখি গ্যালারি একদম ফাঁকা। আমাদের ওখানে টুর্নামেন্ট হলে লোকজন খেলা অন্তত দেখতে আসে।