২০০৪ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে একটা টেস্ট খেলেই হারিয়ে গিয়েছিলেন। পেসার নাজমুল হোসেন ছয় বছর পর আবার ডাক পেয়েছেন টেস্ট দলে। অধীর অপেক্ষায় আছেন জিম্বাবুয়ে সফরে টেস্ট বোলার হিসেবে নিজেকে প্রমাণ করার, যদি খেলার সুযোগ পান এবার প্রথমবারই দলে সুযোগ পেলেন! কারও বাদ পড়ার অপেক্ষা করতে হলো না...নাজমুল হোসেন: (হাসি)...আমি জেনুইনলি টেস্ট দলে সুযোগ পেলাম ছয় বছর পর। ২০০৪ সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলাম একটা, এরপর আর টেস্ট খেলা হয়নি। টেস্ট দলেই ছিলেন না কখনো, নাকি দলে ছিলেন কিন্তু টেস্ট খেলেননি?নাজমুল: টেস্ট দলে ওভাবে ছিলাম না। হয়তো দেখা গেছে, ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজ হলো। তখন দলের সঙ্গে রয়ে গেছি। কিন্তু খেলা হয়নি। ২০০৪ সালের পর প্রথম ডাক পেলাম এবারই। এবার তো একটাই টেস্ট। খেলার সম্ভাবনা কতটুকু মনে হয়?নাজমুল: এবার একজন পেস বোলার বেশি খেলানোর সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট খেলাবে মনে করলে খেলব। দলে যখন রেখেছে যেকোনো সময় আমাকে দরকার হতে পারে। যেহেতু অনেক দিন পর টেস্ট দলে সুযোগ পেয়েছি, আমি মনে করি, আমাকে খেলানো হলে যতটুকু পারি তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব। মনে মনে কোনো লক্ষ্য কি স্থির করেছেন, সুযোগ পেলে ওটা করবেন?নাজমুল: হ্যাঁ, ডেফিনেটলি...স্পেশাল কিছু করব, যেহেতু অনেক দিন পর সুযোগ পেয়েছি। ওয়ানডে দলে তো নিয়মিতই থাকি। অনেকে বলে আমি ওয়ানডে স্পেশালিস্ট, সেজন্য টেস্টের জন্য আমাকে বিবেচনায় আনা হয় না। সুযোগ পেলে এই ভুল ধারণা ভেঙে দিতে চাই। টেস্টের পর পাঁচটি ওয়ানডে আছে জিম্বাবুয়েতে। তার আগে দু-একজন ফিরে আসতে পারে দেশে। ওয়ানডে স্পেশালিস্ট হলেও আপনাকে না এবারও আগের দুর্ভাগ্যে পুড়তে হয়...নাজমুল: ওয়ানডে দল থেকে বাদ পড়লে সেটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই হবে না। এটা আমার চিন্তায়ই আসে না। কারণ সবাই বলে আমি ওয়ানডে স্পেশালিস্ট। তাহলে তো আমাকে নেওয়ারই দরকার ছিল না। মনে হয় না সে রকম হবে। দুই ম্যাচে ৫ উইকেট—২০০৯ সালের জিম্বাবুয়ে সফরে তো ভালোই করেছিলেন। খেলার সুযোগ পেলে এবার সেটা নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়াবে...নাজমুল: এখন দলে যে চারজন পেস বোলার আছি, আমার মনে হয়, জিম্বাবুয়ের বিপক্ষে আমার উইকেটই সবচেয়ে বেশি। অন্যদের তুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচও আমি বেশি খেলেছি। সেটা বিবেচনা করলে আমার মনে হয় ভালোই হবে। আগেরবারের তুলনায় এবার একটু বেশি ঠান্ডা পড়ছে জিম্বাবুয়েতে। সমস্যা হবে না?নাজমুল: আগেরবার এত ঠান্ডা ছিল না। তবে ঠান্ডা হলে সমস্যা নেই। এটা পেস বোলারদের জন্যই ভালো। বাংলাদেশ দলের মূল অস্ত্র স্পিন হলেও এবার নাকি ঘাসের উইকেট বানাচ্ছে জিম্বাবুয়ে। বাউন্সি উইকেট হলে তো পেসারদের দায়িত্ব বেশি থাকবে এবার। সেজন্য প্রস্তুত?নাজমুল: আমাকে এমন এক খেলোয়াড় মনে করতে পারেন, যাকে সব সময় প্রস্তুত থাকতে হয়। দলে থাকলেও আমাকে প্রস্তুত থাকতে হয়, বাইরে থাকলেও। কারণ যেকোনো সময় আমাকে আসতে হতে পারে। এই মনে হয় আজকে খেলছি...এই মনে হয় কালকে খেলছি। নির্দিষ্ট কোনো দিন নেই যে আমি খেলবই। কাজেই এসব চিন্তা করি না। আমি সব সময় প্রস্তুত। মাশরাফি নেই, শাহাদাত নেই। এই পেস আক্রমণ নিয়ে কতটা আশাবাদী হওয়া যায়?নাজমুল: মাশরাফি ভাই দেড়-দুই বছর ধরেই অনিয়মিত। আমরাই খেলছি। তবে টেস্টে রাজীবকে (শাহাদাত) আমরা মিস করব, এটা সত্যি।