‘আমি সব সময়ই আশাবাদী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন চারেক হয়ে গেল বাংলাদেশে এসেছেন, তবে বোলারদের নিয়ে কাজ শুরু করলেন কালই এবং প্রথম দিনই পড়লেন বৃষ্টির বাধায়। জাতীয় দলের নতুন বোলিং কোচ ইয়ান পন্ট তার পরও খুশি। অনুশীলনে প্রথম দিনটা নাকি আশাবাদী হওয়ার মতোই প্রথম দিনটা কেমন কাটল অনুশীলনে?ইয়ান পন্ট: খুব ভালো একটা সেশন হলো। সবাইকে আলাদা আলাদা দেখলাম। তাদের মধ্যে অনেকেই আছে যারা প্রতিভাবান। তবে কিছু জায়গায় উন্নতি করতে হবে, বোলিংয়ে আরও নিয়ন্ত্রণ আনতে হবে। সব মিলিয়ে দলটা দেখে আমি রোমাঞ্চিত। এদের জন্য সত্যিই কিছু করতে চাই। কিন্তু প্রথম দিনেই তো বৃষ্টির বাধা। ইনডোরে অনুশীলন করতে হলো...পন্ট: হ্যাঁ, ঘাসের উইকেটে প্র্যাকটিস করতে পারলে ভালো হতো। কী আর করা, আবহাওয়ার ওপরে তো কারও হাত নেই। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই হবে। তবে ছেলেদের আগ্রহ দেখে খুব ভালো লেগেছে। অনুশীলনে কঠোর পরিশ্রম করছে তারা। শুরুটাকে ভালোই বলব, আসলেই আমি খুশি। নতুন দায়িত্ব নিয়ে কীভাবে এগোবেন, সেটা নিশ্চয়ই ঠিক করেছেন?পন্ট: প্রাথমিকভাবে হয়তো তাদের নিয়ে আরও কিছু মৌলিক বিষয়ে কাজ করতে হবে। তবে তাদের দক্ষতা খারাপ নয়। এখানে আমার কাজের একটা অংশই হবে দক্ষতা বাড়ানো। তবে সবার আগে খেলোয়াড়দের জানার আগ্রহ থাকতে হবে। আমি চাই, কেউ যেন পিছিয়ে না পড়ে। পুরো দলটাকে একসঙ্গে এগিয়ে নিতে হবে। ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগে ভাষাগত সমস্যা হচ্ছে?পন্ট: অনেকে ভালো ইংরেজি বলে। অনেকে আবার অতটা ভালো বলতে পারে না। আমার বাংলাও যেমন ভয়ংকর...। তার পরও আমার মনে হয় না সমস্যা হবে। অন্য কোচরা আছেন। তাঁরা সাহায্য করবেন। তবে ক্রিকেটে ভিডিও ফুটেজ বা শ্যাডো অ্যাকশন করেও অনেক কিছু বোঝানো যায়। তারা যদি বুঝতে পারে আমি কী বলতে চাই, সেটাই যথেষ্ট। আপনার চুক্তি বিশ্বকাপ পর্যন্ত। এই ছয় মাসে বোলারদের মধ্যে কতটুকু উন্নতি আনা সম্ভব?পন্ট: এটা একটা প্রক্রিয়া, এর জন্য সময় দরকার। একজন ক্রিকেটারের জীবনে ছয় মাস খুবই অল্প সময়। আমি চাইব, ছেলেরা যেন কঠোর পরিশ্রম করে, নতুন কিছু করার চেষ্টা করে। এই দলে এমন দু-একজন আছে যারা বিশ্ব পর্যায়েই খুব ভালো বোলার হতে পারে। অনেকের গতি খুব ভালো। এর সঙ্গে যদি নিয়ন্ত্রণটা আরও ভালো হয়, তাহলে তো অসাধারণ। সব মিলিয়ে তাহলে আশাবাদী আপনি...পন্ট: আমি সব সময়ই আশাবাদী। নিউজিল্যান্ড সিরিজের আগে বেশি সময় না পেলেও জিম্বাবুয়ে সিরিজের আগে কিছুদিন সময় পাব। এরপর বিশ্বকাপের আগে আরও কিছুদিন সময় থাকবে হাতে। আবহাওয়া ভালো থাকলে, সঙ্গে ছেলেরাও যদি এই অনুশীলনে অভ্যস্ত হয়ে ওঠে, আমি তাদের গতি বাড়ানো নিয়ে কাজ করব। ক্রিকেটে আরেকটা গুরুত্বপূর্ণ দিক মানসিকতা। মানসিকতা ঠিক থাকলে যেকোনো কিছু করা সম্ভব। তাহলে আপাতত কী নিয়ে কাজ করবেন আপনি?পন্ট: নিউজিল্যান্ড সিরিজের আর মাত্র দুই সপ্তাহ বাকি। এখন বলের ওপর নিয়ন্ত্রণটা ঠিক আছে কি না, সেটাই দেখা জরুরি। আপাতত এ নিয়েই কাজ করব, সঙ্গে চেষ্টা করব বোলিংয়ে কিছু বৈচিত্র্য আনার।