সাউথ ইস্ট ব্যাংক জাতীয় যুব হকিতে খেলার সুবাদেই প্রথম ঢাকা দেখা, অ্যাস্ট্রো টার্ফও। জাতীয় পর্যায়ে খেলতে এসে উচ্ছ্বসিত ফরিদুল ইসলাম। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়ে দিনাজপুরের এই তরুণ ডিফেন্ডার দেখছেন অনেক বড় স্বপ্ন। প্রথমবারের মতো কৃত্রিম টার্ফে খেলছেন। কেমন লাগছে?ফরিদুল ইসলাম: খুবই ভালো লাগছে। এই টার্ফে এর আগে খেলিনি, এমনকি কখনো দেখিওনি। কোচ মতি ভাইয়ের মুখে শুনেছি, এটা খুব ফাস্ট। দৌড়াতে গিয়ে দেখলাম, দমের ঘাটতি হচ্ছে। এ জন্য কোচ বলেছেন, বেশি বেশি করে পানি খেতে। তাহলে নাকি কোনো সমস্যা হবে না। খেলাটা শুরু করেছেন কত দিন?ফরিদুল: মাত্র তিন মাস হলো হকি খেলা শুরু করেছি। কে আপনাকে হকি খেলায় আগ্রহী করে তুলল?ফরিদুল: আমার ভাগ্নে মৃদুল বিকেএসপিতে পড়ে। ও আমাকে একদিন আমাদের এলাকার হকি মাঠে নিয়ে গেল। সেখানে গিয়ে কোচ মতি ভাইয়ের সঙ্গে কথা হলো। কোচ আমাকে দেখে বললেন, ‘তুমি কি খেলতে পারবে?’ বললাম, ‘পারব’। এরপর আমাকে খেলাটা শিখতে এক মাসের ক্যাম্পে পাঠিয়ে দিলেন দিনাজপুরের হাজী দানেশ কলেজের মাঠে। ওই ক্যাম্পের অভিজ্ঞতা এখন অনেক কাজে লাগছে। ক্যাম্পে যাওয়ার পর কেমন লাগছিল?ফরিদুল: খুব ভয় ভয় করছিল। আমি এর আগে আমাদের এলাকায় একবার হকিস্টিক দিয়ে মারামারি করতে দেখেছিলাম। প্রথম দিন হকিস্টিক হাতে নিতে তাই ভয় লাগছিল। তার পরও আমি খেলাটা ভালো করে শিখব বলেই কোচের কাছে যাই। কোচ দেখিয়ে দিলেন কীভাবে স্টিক নিয়ে দৌড়াতে হয়, গ্রিপ ধরতে হয়। স্টিক ওয়ার্ক, র্যালি সব শিখলাম। আপনার পরিবারের কেউ কি খেলে?ফরিদুল: না। তবে ওই যে বললাম, আমার বোনের ছেলে খেলে। ও একদিন বলল, সে বিকেএসপিতে হকি খেলে চান্স পেয়েছে। ওর জন্যই হকি খেলার প্রতি প্রথম আগ্রহ জন্মায়। ঢাকায় তো এবারই প্রথম...ফরিদুল: হ্যাঁ। খেলার সুবাদেই প্রথম ঢাকায় আসা। এর আগে কিন্তু ঢাকায় আমি কখনো বেড়াতেও আসিনি। তাই এখানে এসে সুযোগ পেয়েই আশপাশে ঘুরে বেড়িয়েছি। পাশেই বঙ্গবন্ধু স্টেডিয়াম। ওখানে কিছুদিন আগে মেসিরা খেলে গেছে, আমি টেলিভিশনে সেটা দেখেছি। আমার খুব শখ বঙ্গবন্ধু স্টেডিয়ামে একবার ঢুকব। এরপর বায়তুল মোকাররম মসজিদে যাব। দলের সবার সঙ্গে থাকার অভিজ্ঞতাটা কেমন?ফরিদুল: এর আগে এক মাসের একটা ক্যাম্প করেছি বলে অভিজ্ঞতাটা প্রথম নয়। এখানে সবাই চেষ্টা করি একসঙ্গে মিলেমিশে থাকতে। আমরা এক রুমে যারা থাকি, খুব মজা করি। কেউ মজার কৌতুক বলে। কাউকে দেখা গেল রুমমেটকে বালিশ দিয়ে চাপা দিচ্ছে। খুবই উপভোগ করছি। তবে হ্যাঁ, মনও একটু খারাপ করছে। এভাবে এত দিন বাড়ির বাইরে থাকিনি। হকির বাইরে আর কোন খেলা ভালো লাগে?ফরিদুল: ক্রিকেট খুব পছন্দ। ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে কিন্তু এটা খেলতে চাই না। আমি হকিই খেলতে চাই। হকি খেলোয়াড় হতে চাই। যখন আমি ক্লাস এইটে পড়ি, তখন থেকেই এই স্বপ্ন দেখতাম। খুব ইচ্ছে হতো হকি খেলতে। কিন্তু আমার বাড়ি থেকে অনুশীলন মাঠ অনেক দূরে বলে তখন খুব বেশি আগ্রহ দেখাইনি। এখন সুযোগ মিলেছে। আমার স্বপ্ন একদিন আমি জাতীয় দলে খেলব।