গ্রামে বিদ্যুৎ আছে। আছে গ্রামের পাশে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও হাইস্কুল। শিক্ষার হারও মোটামুটি ভালো। কিন্তু গ্রামটিতে ঢোকার এক কিলোমিটার রাস্তাই হলো কাঁচা। এই রাস্তাটুকুর জন্য গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। গ্রামটির নাম আমরুলবাড়ি পলিপাড়া। রংপুরের বদরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এই গ্রামের অবস্থান।জানা গেছে, বর্ষাকালে উপজেলা সদরের সঙ্গে সংযোগ রক্ষার জন্য এই কাঁচা রাস্তাটুকু গ্রামবাসীর যাতায়াতের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। স্বাধীনতার পর এই সড়ক পাকা করতে এলাকার জনপ্রতিনিধিসহ গ্রামবাসী অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি।এলাকার সাবেক ইউপি সদস্য মমিনুল ইসলাম বলেন, ‘রাস্তাটা পাকা করতে এমপি-মন্ত্রীর পেছনে অনেকবার ধরনা দিয়েছি। কেউ কথা শোনেননি। আমি হেরে গেছি। আশপাশের গ্রামের চেয়ে এ গ্রামে শিক্ষিতের হার বেশি। গ্রামে বিদ্যুৎ আছে, আছে চাকরিজীবী। কিন্তু কাঁচা রাস্তাটার জন্যই যত দুর্ভোগ।’রিকশা-ভ্যান চালক খলিল রহমান (৪৫) বলেন, ‘অনেক আস্তা পাকা হওছে। খালি হামারে এ্যাকনা আস্তা পাকা হওছে না। বাইস্যার (বর্ষার) সময় কাদোত রিকশা-ভ্যানের চাকা তলে যায়। বাইস্যা কাটলে ধুলাবালুর কারণে রিকশার চাকা আগায় না।’দিনমজুর আবদুল মজিদ বলেন, ‘ভোট আইলে দেখা মেলে নেতাদের। ভোট শেষ হলে নেতার দেখা পাওয়াও শেষ।’কৃষক মতিয়ার রহমান (৩৮) বলেন, ‘জমিতে ফসল ফলাই। কিন্তু সঠিক দাম পাই না। আস্তাটায় হামার দুঃখ।’ জানা গেছে, গ্রামটির পাশে রয়েছে আমরুল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরুলবাড়ি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা। বর্ষার সময় এই সড়ক পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাতায়াত করতে শিক্ষার্থীদেরও ভীষণ কষ্ট হয়।দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘বরাদ্দ পাওয়া গেলে ভবিষ্যতে চেষ্টা করা হবে গ্রামের সঙ্গে সংযোগ রক্ষাকারী রাস্তাটুকু পাকা করার।’উপজেলা প্রকৌশলী এ কে এম সাদেকুর রহমান বলেন, ‘আসলে মানুষের আর্থসামাজিক উন্নয়ন সাধনে আগে দরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো। উপজেলার কিছু রাস্তা পাকা করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি। বরাদ্দ পেলে তখন গুরুত্ব বিবেচনা করে দেখা হবে রাস্তাটি পাকা করা যায় কি না।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘ওই গ্রামে আমি গিয়েছিলাম। সেখানকার মানুষ কিছুই চায় না। শুধু চায়, রাস্তাটি পাকা হোক। আমি চেষ্টা করব গ্রামবাসীর দাবি পূরণের।’