‘আমিও অপেক্ষায় আছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেতরে ভেতরে খানিক উদ্দীপ্ত তিনিও। মেসির খেলা এই প্রথম মাঠে বসে দেখবেন নিকোলা ইলিয়েভস্কি। আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ বাংলাদেশ ফুটবল দলের মেসিডোনিয়ান কোচেরও মেসি আসছেন ঢাকা। আপনি কতটা উদ্দীপ্ত?নিকোলা ইলিয়েভস্কি: এটা আমার জন্য যতটা না উদ্দীপনার, তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের ফুটবল এবং ফুটবলারদের জন্য। হ্যাঁ, ম্যাচটা দেখার জন্য আমিও অপেক্ষায় আছি। তবে অপেক্ষাটা অনেক বেশি গোটা বাংলাদেশের। আপনার কাছে কী মনে হয়, মেসিকে দেখে বাংলাদেশের ফুটবলাররা কতটা অনুপ্রাণিত হতে পারেন?ইলিয়েভস্কি: অনেক, অনেক। এটা বলে শেষ করা যাবে না। বিশেষ করে তরুণ ফুটবলাররা। এদের কাছে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের মাহাত্ম্য বিশাল। মেসির ড্রিবলিং, পাস, ক্রস, ডিফেন্স ভেদ করা থ্রু—এগুলো দেখে তরুণেরা অনেক কিছু শিখতে পারবে।  এটা তারা কাজে লাগাতে পারবে বলে মনে করেন?ইলিয়েভস্কি: অবশ্যই পারবে। আমি তো মনে করি, মেসির খেলা মাঠে বসে দেখলে এ দেশের তরুণ ফুটবলাররা বড় ফুটবলার হওয়ার প্রেরণা পাবে। এবং সেটি তারা কাজে লাগাতে সব রকম চেষ্টা করবে। মেসিদের অনুশীলন দেখেও তো অনেক কিছু শেখার আছে?ইলিয়েভস্কি: হ্যাঁ, অনেক শেখার আছে। শুধু মেসি নয়, গোটা আর্জেন্টিনা দলটাই আজকের তরুণদের কাছে স্বপ্নের দল। ওরা কীভাবে অনুশীলন করে, কোন কোন বিষয়ে ওই দিনের অনুশীলনে জোর দেবে—এগুলো কাছ থেকে দেখার সুযোগ কাজে লাগানো উচিত ছেলেদের।  আপনি তো ম্যাচ দেখবেন। অনুশীলন দেখার ইচ্ছা আছে?ইলিয়েভস্কি: ম্যাচের আগের দিনের অনুশীলনে কোচ তাঁর দলকে চূড়ান্তভাবে তৈরি করে নেন। সেখানে ভুলত্রুটি নিয়ে কাজ করেন। এটা দেখার আমার কোনো আগ্রহ নেই। তবে সুযোগ থাকলে গেলে সমস্যা কী? যেতেও পারি। মেসির খেলা কখনো মাঠে বসে দেখেছেন?ইলিয়েভস্কি: আমি কখনো মাঠে বসে মেসির খেলা দেখিনি। কখনো সাক্ষাৎও হয়নি। এই সুযোগে ঢাকায় কাছ থেকে দেখব। ভাবলে ভালোই লাগছে।  আর্জেন্টিনার ম্যাচও কি এই প্রথম দেখছেন? ইলিয়েভস্কি: কোরিয়া-জাপান বিশ্বকাপে জাপানে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখেছিলাম। ম্যাচটা ইংল্যান্ড জিতেছিল। ওই বিশ্বকাপেই ব্রাজিলের ম্যাচ দেখেছিলাম দুটি।  মেসিডোনিয়ায় মেসিকে নিয়ে মানুষের আগ্রহ কেমন?ইলিয়েভস্কি: ওরে বাবা! মেসিকে নিয়ে আগ্রহ কোথায় নেই বলুন? আমাদের তো ছোট্ট দেশ, মাত্র ২৩ লাখ মানুষ। বেশির ভাগই মেসি-ভক্ত। মেসি আমাদের ওখানে খুবই জনপ্রিয়।ছুটি কাটিয়ে ঈদের দিন ঢাকা ফিরেছেন। এই কদিন তো মেসিদের ম্যাচ প্রস্তুতি নিয়েই ব্যস্ত বাফুফে। তা আপনি নিজে  কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন?ইলিয়েভস্কি: আমি এখন অনূর্ধ্ব-১৯ দলের জন্য প্রোগ্রাম তৈরি করছি। অক্টোবরে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল আছে ঢাকায়। সেটিরই প্রস্তুতি চলছে। জাতীয় দল নিয়ে কী ভাবছেন?ইলিয়েভস্কি: ভাবছি, জাতীয় দলকে প্রতি বুধবার একটি করে প্রস্তুতি ম্যাচ খেলানো যায় কীভাবে। ঢাকায় বড় দলগুলোর সঙ্গে প্রতি সপ্তাহে ম্যাচ খেলার চিন্তা করছি।  ঢাকা ফেরার আগে ছুটি কেমন কাটল?ইলিয়েভস্কি: ভালো। আবার নানা হয়েছি। আমার এক মেয়ে, এক ছেলে। ছেলের ঘরে এক নাতি, এখন মেয়ের ঘরে দ্বিতীয় অতিথি এল। ওদের নিয়ে ভালোই কাটল সময়টা।