২০০২ সালে পাকিস্তানের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। বয়স মাত্র ৩১, এখনো খেলে যাওয়ার কথা। অথচ এখন তিনি পাকিস্তান দলের লিয়াজোঁ। ৩টি করে টেস্ট আর ওয়ানডেতেই থেমে গেছে আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে সাবেক অফ স্পিনার ফাহিম মুনতাসির (সুমিত) জানালেন, এখনকার কাজটাও দারুণ উপভোগ করছেন তিনি অভিষেকের স্মৃতি মনে পড়ে?ফাহিম মুনতাসির: টেস্ট হোক, ওয়ানডে বা টি-টোয়েন্টি, অভিষেক তো কেউ ভুলতে পারে না। তবে টেস্ট অভিষেকটাই বেশি স্পেশাল। কোনো উইকেট পাইনি, তবে টাইট বোলিং করেছিলাম। শেষ দিকে রশিদ লতিফের আক্রমণাত্মক ব্যাটিংয়ে (৪০ বলে ৪২ নিয়েছিলেন লতিফ) ইকোনমি রেট একটু খারাপ হয়ে গিয়েছিল। পরের টেস্টেই এই চট্টগ্রামে (এমএ আজিজ স্টেডিয়ামে) ৩ উইকেট পেয়েছিলাম। ইনজামাম-উল হক ছিল আমার প্রথম টেস্ট উইকেট, বুলবুল ভাই ক্যাচ নিয়েছিলেন। ক্যারিয়ারটা আরেকটু লম্বা না হওয়ার আক্ষেপ পোড়ায় না?মুনতাসির: আমার মনে হয়, ৩টি টেস্ট একজন স্পিনারের জন্য মোটেই যথেষ্ট নয়। ওই সময়টায় পরিণত ছিলাম না। কিন্তু পরে আমি অনেক উন্নতি করেছিলাম। প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়ার আগের দুুই বছর সম্ভবত আমি জীবনের সেরা খেলা খেলেছি। ব্যাটিংয়েও অনেক উন্নতি করেছিলাম, একটা সেঞ্চুরিও করেছিলাম প্রথম শ্রেণীর ক্রিকেটে। কিন্তু আর দলে ফেরা হলো না। ওই সময়টায় নিজেকে আমার বঞ্চিত মনে হয়েছে। এখনো মনে হলে খুব কষ্ট লাগে। যে দলের লিয়াজোঁ আপনি, তারা কি জানে আপনিও টেস্ট ক্রিকেটার ছিলেন?মুনতাসির: ওরা জানে, আমি টেস্ট-ওয়ানডে খেলেছি। ইউনুস খানের বিপক্ষে তো খেলেছিই। বিশ্বকাপেও পাকিস্তান দলের লিয়াজোঁ ছিলাম, তখন ওকে বলেছিলাম যে আমি তোমাকে আউট করেছিলাম চট্টগ্রাম টেস্টে। ও তখন বলল, ‘হ্যাঁ, হ্যাঁ, মনে পড়ছে, মিড উইকেটে ক্যাচ দিয়েছিলাম।’ ক্যাচটা নিয়েছিল অপি। আন্তর্জাতিক ক্রিকেটার থেকে আন্তর্জাতিক ক্রিকেট দলের লিয়াজোঁ, কেমন লাগে? মুনতাসির: আমি ক্রিকেটার জীবনের সঙ্গে এখনকার জীবনের তুলনা করি না। দুটি আলাদা কাজ। হ্যাঁ, মাঝেমধ্যে মাঠে নেমে যেতে খুব ইচ্ছে করে। পুরোনো আক্ষেপগুলোও মাথাচাড়া দিয়ে ওঠে। তবে ওই ভাবনাগুলোকে মাথায় ঢুকতে দিতে চাই না। ওসব যদি বেশি ভাবি, তাহলে এখনকার কাজে মন দিতে পারব না। এই কাজ উপভোগ করছি। অনেকে লিয়াজোঁর কাজকে ছোট করে দেখতে চায়। এই কাজটা কিন্তু আসলে লোকাল ম্যানেজারের মতো। ক্রিকেটারদের মতো আমিও দেশকে প্রতিনিধিত্ব করছি। ভালো কাজ করে আমিও দেশের ভাবমূর্তি ভালো করতে চাই। লিয়াজোঁ হওয়ার ভাবনা এসেছিল কীভাবে?মুনতাসির: ক্রিকেট আসলে রক্তের সঙ্গে মিশে গেছে। ক্রিকেট ছাড়া থাকতে পারব না। খেলা ছাড়ার পর কোচিং কোর্স করলাম, লেভেল-২ করেছি। এই সময়ই হঠাৎ লিয়াজোঁর কাজ করার প্রস্তাব পেলাম। ভাবলাম, করে দেখি। এভাবেই শুরু। এখন খুবই উপভোগ করছি। বাংলাদেশে আসা প্রায় সব দলেরই লিয়াজোঁ ছিলাম আমি। সব দলের ড্রেসিংরুম, তাদের সংস্কৃতি এসবের সঙ্গে পরিচিত হওয়াটাও তো কম নয়। তা ছাড়া কোচিং পদ্ধতি নিয়ে অনেক বড় বড় কোচের সঙ্গে কথা হয়েছে, এটাও তো বড় পাওয়া। লিয়াজোঁ জীবনে অনেক স্মরণীয় ঘটনাই নিশ্চয়ই আছে?মুনতাসির: সাম্প্রতিকতম একটা ঘটনাই বলি, কদিন আগে রিচি রিচার্ডসন এসেছিল ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার হয়ে। যাওয়ার আগের দিন ও বলল, ‘সুমিত, আমি ১৮ বছর বয়স থেকেই ক্রিকেট সফর করি, জাতীয় দলের সঙ্গে ২১ বছর বয়স থেকে। কিন্তু তোমাদের কাছ থেকে যেমন আতিথেয়তা পেয়েছি, সত্যি বলছি, জীবনে কোথাও পাইনি।’ এমনকি ভারতে যাওয়ার পরও রিচি আমাকে ফোন করেছে, টিম বয়দের খোঁজখবর পর্যন্ত নিয়েছে। আমার কারণে একজন লোকের বাংলাদেশ সম্পর্কে এত ভালো ধারণা হয়েছে, ভাবতেই খুব ভালো লাগে। ভবিষ্যৎ ভাবনা কী? কোচিয়ে আসার ইচ্ছা আছে?মুনতাসির: দূর ভবিষ্যৎ নিয়ে ভাবছি না। ভালো আছি, সুখে আছি। একদিন হয়তো কোচিংয়ে আসতেও পারি। আপাতত এভাবেই থাকত চাই। আর আমার নিজের শহর ময়মনসিংহের ক্রিকেট-ঐতিহ্য ফেরাতে কাজ করতে চাই। কিছুটা শুরুও করেছি, দেখা যাক...।