সাফ মহিলা ফুটবলে বাংলাদেশ-ভুটানের ম্যাচ দেখতে কাল উপচে পড়েছিল দর্শক। কক্সবাজার জেলা স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন স্থানীয় আইন কলেজের ছাত্রী মেরি রাখাইন। নিজের শহরে আন্তর্জাতিক টুর্নামেন্ট দেখার সুযোগ পেয়ে রোমাঞ্চিত এই ক্রীড়াপ্রেমী তরুণী একটু আগেভাগেই যে চলে এসেছেন...মেরি রাখাইন: হ্যাঁ। একটু আগেই চলে এলাম। আজই প্রথম স্টেডিয়ামে খেলা দেখতে এলাম। এই ম্যাচ দেখব বলে সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম। এর আগে কখনো স্টেডিয়ামে খেলা দেখিনি তো! তাই বারবার সবাইকে তাড়া দিচ্ছিলাম, তাড়াতাড়ি আসতে বলছিলাম। সবাই বলতে কে কে এসেছেন?মেরি: এই যে দেখছেন...আমার মা, আমার ফুফু, চাচি...ফ্যামিলির সবাই এসেছে। আপনি কি নিয়মিত খেলা দেখেন?মেরি: হ্যাঁ। ক্রিকেট খেলা আমার বেশি ভালো লাগে। ফুটবলও ভালো লাগে। বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চললে আমি অন্য সব কাজ ভুলে, পড়াশোনা বাদ দিয়ে টিভি সেটের সামনে বসে যাই। কোন দলের খেলা ভালো লাগে?মেরি: ক্রিকেটে অবশ্যই বাংলাদেশ। ফুটবলে ব্রাজিল দলের সমর্থক। ব্রাজিলের রোনালদিনহো, কাকা আমার প্রিয় খেলোয়াড়। কক্সবাজারে কোথায় বাড়ি?মেরি: বার্মিজ মার্কেটের পাশেই আমাদের বাড়ি। আমরা এখানকার পুরোনো বাসিন্দা। পড়াশোনা বাদ দিয়ে খেলা দেখেন, পরিবারের কেউ রাগ-টাগ করে না?মেরি: না। বলতে পারেন আমরা ক্রীড়াপ্রেমী একটা পরিবার। মা-বাবা সবাই খেলা ভালোবাসে। গত ফুটবল বিশ্বকাপে তো সবাই একসঙ্গে দারুণ মজা করে খেলা দেখেছি। মজাটা কেমন?মেরি: আমার ছোট ভাই আর্জেন্টিনার সমর্থক। আমি ব্রাজিলের। দুই দলের খেলার সময় বাড়িতে পিকনিক-পিকনিক ভাব হয়ে যেত। বন্ধুরাও চলে আসত। ব্রাজিল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলে আমাকে খেপাতে লাগল আমার ছোট ভাই। ওর সঙ্গে তো ঝগড়াই লেগে গিয়েছিল। পরে আর্জেন্টিনার হারের পর ও দেখি চুপ। এখানে বাংলাদেশের মেয়েরা দারুণ ফুটবল খেলছে। আপনার কি খেলতে ইচ্ছে করে না?মেরি: তা তো করেই। মাঝেমধ্যে মনে হয় আমিও ওদের মতো যদি খেলতে পারতাম। কিন্তু এখানে মেয়েদের খেলতে সেভাবে উৎসাহ দেওয়া হয় না। স্কুল-কলেজেও মেয়েরা খেলতে পারে না। কক্সবাজারে খেলা হচ্ছে বলে নিশ্চয়ই বেশি খুশি?মেরি: তা তো অবশ্যই। কক্সবাজার তো পর্যটনের শহর। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ ঘুরতে আসে। দর্শনীয় স্থান আছে, মন্দির আছে। এখান থেকে শুঁটকি নিয়ে যায় অনেকে। সাগরপারে খেলা হচ্ছে বলে সত্যি আমরা আনন্দিত। আর একটা ব্যাপার, আমি কখনো ঢাকায় যাইনি। কখনো স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাব কি না বলতে পারি না। তাই এমন আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি। এর আগে কি এভাবে কক্সবাজারে বড় কোনো টুর্নামেন্ট হয়েছে?মেরি: না। বিচ ক্রিকেট হয়েছিল কদিন আগে। অন্যান্য স্থানীয় খেলা হয়। তবে সেগুলোর চেয়ে এই টুর্নামেন্টে মনে হচ্ছে লোকের আগ্রহ বেশি। বাংলাদেশের খেলা দেখে নিশ্চয়ই খুব খুশি?মেরি: হ্যাঁ, এই মেয়েদের খেলা এর আগে টিভিতে দেখেছি। দেখেই মনে হলো, মাঠে গিয়ে দেখি। আমার মনে হচ্ছে ফাইনালে খেলবে বাংলাদেশ।