আগামী ১৭-২৩ অক্টোবর কুয়েতে হবে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন ২০০৯-এর জুনিয়র চ্যাম্পিয়ন ও এসএ গেমসে দলগত সোনাজয়ী সাদিয়া সুলতানা। সম্ভাবনাময় এই শ্যুটার কুয়েতে টপকে যেতে চান নিজের সেরা স্কোরকে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি কেমন চলছে?সাদিয়া সুলতানা: মোটামুটি ভালোই হচ্ছে। কুয়েতে ভালো ফলাফলের ব্যাপারে কতটা আশাবাদী?সাদিয়া: ওখানে তো অনেক বড় বড় শ্যুটার আসবে। অনেকেই ৪০০-তে ৪০০ মারবে। আমরা তো মনে হয় পাত্তাই পাব না। শুধু অংশগ্রহণই হয়তো সার হবে! মূলত অভিজ্ঞতার জন্যই যাব। তবে আমি আপ্রাণ চেষ্টা করব যাতে ভালো ফল হয়। অন্তত নিজের সেরা স্কোরটা করতে চাইব। আপনার সেরা স্কোর তো ৩৯৭। ঢাকায় গত এসএ গেমসের দলীয় ১০ মিটার এয়ার রাইফেলে। ট্রায়ালে স্কোর কেমন হচ্ছে?সাদিয়া: ট্রায়ালে মন্দ করছি না। কখনো ৩৯৬ হয়, কখনো ৩৯৭। আবার ৩৯৫, ৩৯৪-ও হয়। গড়ে সব সময় ৩৯০-এর ওপরেই থাকে স্কোর। এই তো জাতীয় চ্যাম্পিয়নশিপের পর যে ক্যাম্প হলো সেখানেও ৩৯৬ করেছিলাম। তাহলে কি আত্মবিশ্বাস বাড়ছে?সাদিয়া: না। আমি মোটেও আত্মবিশ্বাস পাচ্ছি না। কেন?সাদিয়া: আমার রাইফেলটা নিয়ে স্বচ্ছন্দ বোধ করছি না। রাইফেল হাতে নিলে একেক সময় একেক রকম লাগে। নতুন রাইফেলে অভ্যস্ত হতে একটু সময় লাগে। কমপক্ষে ছয় মাসের মতো সময় লাগেই। গত মে মাসে শুরু ক্যাম্পেই আমি ওটা হাতে নিয়েছি। এসএ গেমসে সোনা জিতেছিলেন দলীয়ভাবে। গত বছর কমনওয়েলথ শ্যুটিংয়েও দলগত সোনা। ব্যক্তিগতভাবে কেন ভালো ফলাফল হচ্ছে না?সাদিয়া: কেন যে হয় না! আমার মনে হয়, আত্মবিশ্বাসের অভাবই মূল কারণ। এ জন্য কি কোনো কাউন্সেলিং বা কোচের সমর্থন দরকার? সাদিয়া: সব দিক থেকে সমর্থন পেলে হয়তো ভালো করতে পারব। ফেডারেশন ও কোচের কাছ থেকে সমর্থন দরকার। ফেডারেশন থেকে আরও মানসিক সমর্থন আশা করি। আমি যে এতটুকু করতে পেরেছি, তাতে আমার বাবার অবদানই বেশি। বাংলাদেশের শুটিং তো চায় না সম্ভাবনা জাগিয়ে আপনি হারিয়ে যান!সাদিয়া: আমিও হারিয়ে যেতে আসিনি। আমি প্রমাণ করতে চাই, আমার কিছু দেওয়ার যোগ্যতা আছে। গত জাতীয় চ্যাম্পিয়নশিপে যেভাবে মানসিক চাপের মধ্যে ছিলাম সেখানে অন্য কেউ থাকলে হয়তো আশির ওপরে স্কোর করতে পারত কি না সন্দেহ। অবশ্যই এটা আমার কৃতিত্ব, দক্ষতা। আমার বাবা আমাকে যেভাবে সাহস দিয়েছেন, সমর্থন দিয়েছেন তাতে আমি ৯০ প্লাস স্কোর করতে পেরেছি। শারমিন আক্তার রত্নার সঙ্গে তো একসময় তো দারুণ প্রতিদ্বন্দ্বিতা হতো আপনার। গত জাতীয় চ্যাম্পিয়নশিপে সেই প্রতিদ্বন্দ্বিতা দেখা গেল না...সাদিয়া: ওই যে বললাম। আমি মানসিকভাবে একটু পিছিয়ে ছিলাম। তবে আমি চেষ্টা করছি। কিন্তু কেন যে হলো না, ঠিক বুঝতে পারছি না। কেন, কোচ তো আছেন...সাদিয়া: হ্যাঁ, আছেন। কোচ শোয়েব ভাইয়ের (শোয়েবুজ্জামান) কাছে আমি নিজেই গিয়ে সমস্যাগুলো বলি। তখন যতটা সম্ভব উনি আমাকে ভুলগুলো শুধরে দেন। তবে আমি আতিক ভাইয়ের (আতিকুর রহমান) কাছ থেকে বেশি সাহায্য পাই। আপনি তো চট্টগ্রামে পড়েন। ঢাকায় শ্যুটিং ক্যাম্পে এসে পড়াশোনা চালাতে সমস্যা হয় না?সাদিয়া: সমস্যা তো হয়ই। দিন কয়েক পরই আমার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, সেটা দিতে পারব না। তবে আমি ফেডারেশনে অল্পস্বল্প পড়াশোনা করছি। আর বাড়িতে গেলে শিক্ষকের কাছে পড়ি, স্কুলের শিক্ষকেরাও আমাকে অনেক সাহায্য করেন।