ঘরোয়া ক্রিকেট, একাডেমি, ‘এ’ দলের হয়ে পারফর্ম করছিলেন নিয়মিত। কদিন আগে জাতীয় লিগে ইতিহাস গড়েছেন একই ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করে। এবার ঢুকে গেলেন টেস্ট দলেও। সোহাগ গাজী শোনালেন তাঁর অনুভূতি, এ পর্যায়ে উঠে আসা আর স্বপ্নের গল্প কখন জানলেন দলে ডাক পাওয়ার খবর?সোহাগ গাজী: টিভি দেখে। দুপুরে অনুশীলন শেষে ফেরার পথে অনেকেই ফোন করে জানিয়েছে, কিন্তু বিশ্বাস করিনি। বাসায় ফিরে টিভিতে দেখলাম। কেমন লাগল তখন?সোহাগ: ভালো লাগছে, খুব ভালো। সিরিয়াসলি খেলা শুরুর দিনটি থেকে যে স্বপ্ন দেখে আসছি, সেটা পূরণ হলো। অবাক লাগছে, ভালো লাগছে...আসলে বোঝাতে পারব না কেমন লাগছে। অভিনন্দনের জোয়ার বয়ে যাচ্ছে নিশ্চয়ই?সোহাগ: হ্যাঁ, প্রচুর ফোন পেয়েছি। পরিবারের সবাই, বড় ভাইরা, পরিচিত অনেকেই ফোন দিয়েছেন। বন্ধুরা দিচ্ছে। আমার আব্বা-আম্মার অনেক স্বপ্ন ছিল, আমি জাতীয় দলে খেলব, টিভিতে আমার খেলা দেখবেন। দুজনই দারুণ খুশি। আম্মা তো ফোন করেই কাঁদতে শুরু করলেন। আমার খুব অসহায় লাগছিল, বোঝালাম কাঁদার কী হলো! বললেন, খুশিতে কাঁদছেন। তখন মনে হচ্ছিল, পটুয়াখালী চলে যাই। বাসার সবার সঙ্গে থাকলে এখন আরও বেশি উপভোগ করতে পারতাম। ২২ জনের একজন হয়ে আজ অনুশীলন করলেন। জাতীয় দলের সঙ্গে প্রথম অনুশীলনের অনুভূতি কেমন ছিল?সোহাগ: টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ জনের দলে ছিলাম, তখন অনুশীলন করা হয়নি। আজ সকাল থেকেই খুব উত্তেজনায় ছিলাম। মিরপুরের ড্রেসিংরুমে আগে কতবার এসেছি লিগে, ‘এ’ দলে। কিন্তু আজ ড্রেসিংরুমটাকেও যেন নতুন লাগল। সবকিছুই ভালো লাগছিল। দীর্ঘদিন পর একজন বিশেষজ্ঞ অফ স্পিনার পেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ দলে অনেক বাঁহাতি ব্যাটসম্যান থাকার ব্যাপারটাও হয়তো কাজ করেছে আপনাকে নেওয়ায়। চাপটা বুঝি একটু বেশিই থাকবে আপনার ওপর?সোহাগ: আমি অতশত ভাবছি না। জানি, কঠিন সময়ের কেবল এখন শুরু। জানি না, একাদশে সুযোগ পাব কি না। যদি পাই, আমি নিজের মতোই বোলিং করার চেষ্টা করব। প্রতিপক্ষ কে বা ব্যাটসম্যান কে—এসব নিয়ে ভাবতে চাই না। জাতীয় লিগে, ‘এ’ দলে যেভাবে বোলিং করে ভালো করেছি, সেভাবেই বোলিং করার চেষ্টা করব। জাতীয় লিগে দুটি সেঞ্চুরি করেছেন, কদিন আগে ইতিহাস গড়েছেন একই ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করে। পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে ওঠার ইচ্ছা আছে?সোহাগ: ইচ্ছার কথা বললে বলব, ‘আছে।’ তবে আমার প্রথম পরিচয় বোলার, বোলিংয়েই মন দিতে চাই বেশি। সঙ্গে ব্যাটিংয়েও যদি বাড়তি কিছু দিতে পারি, তবে দলের লাভ, দেশের লাভ। আমার নিজেরও লাভ। দুটিতেই হাত ভালো থাকলে অনেক দিন খেলার সুযোগ থাকে। ব্যাটিংটা নিয়ে তাই আমি বাড়তি কাজ করি। তবে অবশ্যই বোলিংটাই আগে। বোলিং নিয়ে তো জাতীয় দলের স্পিন কোচের সঙ্গে কাজও করেছেন আগে। নিজে থেকেই নাকি যোগাযোগ করেছিলেন সাকলায়েন মুশতাকের সঙ্গে?সোহাগ: হ্যাঁ, সাকলায়েনের মতো স্পিনার আছেন দলের সঙ্গে, আমিও অফ স্পিনার, এ জন্যই ভেবেছিলাম যদি কিছু শেখা যায়। ওনার সঙ্গে কাজ করাটা খুব সাহায্য করেছে আমাকে। অনেক টিপস দিয়েছে, অনেক কিছু শিখেছি। আগে আমার বলে বেশি টার্ন ছিল না। ও কিছু টেকনিক শেখাল, জাতীয় লিগে সেগুলো দারুণ কাজে লেগেছে। আরও কিছু ব্যাপার দেখিয়ে দিয়েছেন, যেগুলো আস্তে আস্তে অনুশীলন করে রপ্ত করতে বলেছে। আদর্শ কেউ আছে?সোহাগ: সত্যি বলতে আমি ক্রিকেট দেখি খুব কম। যা একটু দেখতাম, তাতে হরভজন সিংকে ভালো লাগত। এখন সাঈদ আজমলকে ভালো লাগে। আর বাংলাদেশে তো সাকিব ভাই আছেনই। সবারই আদর্শ। টিভিতে সাকিব ভাইকে দেখে জেদ লাগত। ভাবতাম, তিনি ওই পর্যায়ে যেতে পারলে আমি পারব না কেন? তিনি তো আর আলাদা কিছু নন, পরিশ্রম করেই ওই পর্যায়ে এসেছেন। আমিও অমন কিছু করতে চাই।