‘আম্মা নেট খুলে বসে থাকেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ভাই ছাড়া পরিবারের আর কেউ চায়নি তিনি ক্রিকেটার হোন। আর এখন যখন তিনি ক্রিকেটার হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত, জাতীয় লিগে কাল রংপুরের হয়ে পেলেন প্রথম ৫ উইকেট, আলাউদ্দিন বাবুকে নিয়ে গর্বই করেন মা-বাবা। তবে পড়াশোনা না করলে বাসা থেকে বের করে দেওয়ার হুলিয়াও আছে মাথার ওপর প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ৫ উইকেট পেলেন। কেমন লাগছে?আলাউদ্দিন বাবু: নরমাল...আহামরি কোনো অনুভূতি নেই। উইকেট নেওয়ার টার্গেট ছিল না। টার্গেট ছিল ভালো বল করব। চেয়েছিলাম লাইন-লেংথ ঠিক রাখতে। যখন ৫ উইকেট পেয়েই গেলেন, তাৎক্ষণিকভাবেও বিশেষ কোনো অনুভূতি হয়নি?আলাউদ্দিন: হ্যাঁ, তখন উৎসবের আমেজ এসে গিয়েছিল। বিশেষ করে আমাদের দলের জন্য আমার এই ৬ উইকেট খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন মনে হচ্ছে এক ইনিংসে ৬ উইকেট পাওয়ার সাফল্য আমাকে আরও অনুপ্রাণিত করবে। কোনো পর্যায়ের ক্রিকেটেই কি এর আগে ৫ উইকেট পেয়েছেন?আলাউদ্দিন: প্রথম বিভাগ ক্রিকেটে একবার বাড্ডার বিপক্ষে বাংলাদেশ বয়েজের হয়ে ৮ উইকেট পেয়েছি। সর্বশেষ প্রিমিয়ার লিগেও পেলাম ৫ উইকেট। আপনি তো অলরাউন্ডার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮০ রানের ইনিংসও আছে। তো বোলার না ব্যাটসম্যান—কোন পরিচয়টা বেশি ভালো লাগে?আলাউদ্দিন: আমি অলরাউন্ডার—এটা বলতে ও শুনতেই বেশি ভালো লাগে। আমি জানি, আমি খুব ভালো বোলার না। খুব ভালো ব্যাটসম্যান না, খুব ভালো ফিল্ডারও না। তবে এই তিনটাকে একসঙ্গে করলে আমি একজন ভালো অলরাউন্ডার। নিজেকে তাই অলরাউন্ডার হিসেবেই প্রতিষ্ঠিত করতে চাই। জাতীয় দলে পেস বোলিং অলরাউন্ডারের অভাব দীর্ঘদিনের। ধারাবাহিকভাবে ভালো খেললে তো বড় সুযোগ এসে যেতে পারে...আলাউদ্দিন: সত্যি বলতে কি, এখন নিজেকে ওই জায়গাটায় দেখাই লক্ষ্য। নিজেকে আমি জাতীয় দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে দেখতে চাই। ক্রিকেটে আসা কীভাবে?আলাউদ্দিন: অনেক লম্বা গল্প। সংক্ষেপে বলি। আব্বা-আম্মা কখনোই চাননি আমি ক্রিকেট খেলি। ক্রিকেটার হতে গিয়ে তাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাইনি। বড় ভাই প্রথম বিভাগে খেলতেন। ক্রিকেট খেলার জন্য তিনি বেশি পড়াশোনা করতে পারেননি। সে জন্য সবাই চাইত পরিবারের ছোট ছেলেটা যেন অন্তত ওই দিকে না যায়। তা ছাড়া ভালো ছাত্র ছিলাম। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন বলে একটু পড়াশোনা করলেই মুক্তিযোদ্ধা কোটায় ভালো চাকরির সম্ভাবনা ছিল। কিন্তু আমি ক্রিকেটেই এলাম। বড় ভাই অনেক উৎসাহ দিতেন। তাঁকে দেখেই ক্রিকেটার হওয়া। পরিবার এখন কী বলে?আলাউদ্দিন: এখন সবাই অনেক খুশি। এলাকায় মাকে দেখলে মানুষজন বলে, ওই যে ক্রিকেটার আলাউদ্দিনের মা যায়। এটা আমার পরিবার খুব উপভোগ করে। এখন আর খেলা শেষে ফোন করে আম্মাকে বলতে হয় না, আমি এতগুলো উইকেট পেয়েছি, অত রান করেছি। আমার ম্যাচের দিন আম্মা ল্যাপটপে নেট খুলে বসে থাকেন। আগে মনে হতো, ক্রিকেট খেলতে দেয় না, এ কোন ফ্যামিলিতে এসে পড়লাম! আর এখন দেখি খেলা থাকলে আম্মা নফল নামাজ পড়েন। ভালো ছাত্র ছিলেন বললেন। কেমন ভালো ছাত্র?আলাউদ্দিন: মোটামুটি ভালো ছাত্র। আর্টস থেকে এসএসসিতে জিপিএ-৪.৭৫ ছিল, এইচএসসিতে ৪.৭০। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টিকেও খেলার জন্য ভর্তি হইনি। এখন অবশ্য মা বলছেন, গ্র্যাজুয়েশন শেষ না করলে বাসা থেকে বের করে দেবেন। বড় বোন বাচ্চা নিয়ে এমবিএ করছেন। আমি কেন পারব না? এর আগে চট্টগ্রামের হয়ে জাতীয় লিগ খেলেছেন। এবার খেলছেন রংপুরের হয়ে। আপনার বিভাগ আসলে কোনটা?আলাউদ্দিন: আমার গ্রামের বাড়ি নোয়াখালী। কিন্তু বাবা সেনাবাহিনীতে থাকায় চাকরির সূত্রে রংপুরে স্থায়ী হয়ে গেছেন। আমিও এখানেই বড় হয়েছি। নিজেকে রংপুরেরই ভাবি।