ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, হ্যান্ডবল—সব খেলাতেই সমান পারদর্শী ছেলেটি। কাল অনূর্ধ্ব-১২ স্কুল হ্যান্ডবলের ফাইনালে স্কলাস্টিকাকে হারাতেও বড় অবদান গ্রেগরি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র একরামুল হকের। তাকে পেয়ে বসেছে হ্যান্ডবলের নেশা। টুর্নামেন্টের বালক বিভাগের সেরা খেলোয়াড় হওয়ার পর সেই গল্পটাই শোনাল পুরস্কারটা পেয়েই মায়ের কাছে ছুটে গেলে কেন?একরামুল হক: আম্মুর জন্যই হ্যান্ডবল খেলছি। আম্মু (পারভীন আক্তার) একসময় নিয়মিত হ্যান্ডবল খেলতেন। জেলা পর্যায়ে মুন্সিগঞ্জের হয়ে খেলেছেন। কিন্তু কখনো জাতীয় দলে সুযোগ পাননি। আম্মু চান, আমি হ্যান্ডবলই খেলি। মায়ের আক্ষেপ ঘোচাতে ভবিষ্যতে জাতীয় দলে খেলতে চাই। তোমার দল চ্যাম্পিয়ন হলো। তুমি হলে টুর্নামেন্ট-সেরা। প্রতিযোগিতা শুরুর আগে কি ভেবেছিলে এমনটা?একরামুল: আমি সেরা হব, এমনটা কখনো ভাবিনি। তবে আশা ছিল, আমার স্কুল চ্যাম্পিয়ন হবে। তোমাদের স্কুলে নাকি হ্যান্ডবল মাঠ নেই। অনুশীলন করো কোথায়?একরামুল: আমরা বাস্কেটবল মাঠে খেলি। ওখানেই প্র্যাকটিসটা বেশি হয়। আর কখনো কখনো এই স্টেডিয়ামে এসেও প্র্যাকটিস করি। বাস্কেটবল, হ্যান্ডবল, টেবিল টেনিস, ক্রিকেট, ফুটবল—এগুলোর মধ্যে কোনটা খেলতে বেশি ভালো লাগে?একরামুল: বলতে পারেন, হ্যান্ডবল খেলা আমার রক্তে মিশে আছে। হ্যান্ডবল খেলে যে আনন্দ পাই, অন্য কোনো খেলায় সেটা পাই না। ছোট মাঠে বন্ধুরা সবাই মজা করে খেলি। খেলাটা খুব উপভোগ করি। ম্যাচের সময় গ্যালারিতে তো অনেক সমর্থক ছিল...একরামুল: এই খেলা নিয়ে আমাদের স্কুলটা মেতে আছে কয়েক দিন ধরেই। আমাদের বড় ভাইয়েরা, স্যাররা সবাই এসেছেন। এ ছাড়া পাড়ার বন্ধুরাও খেলা দেখতে এসেছে। যত বেশি সমর্থন পেয়েছি, খেলাতেও ততই উৎসাহ পেয়েছি। গতবার তোমাদের স্কুল চতুর্থ হয়েছিল। এবার চ্যাম্পিয়ন হয়ে গেলে!একরামুল: এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলতে এসেছিলাম। এক মাস কঠোর অনুশীলন করেছি। গত জুলাইতে তোমরা সুইডেনে গিয়েছিলে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেস্টিভ্যালে খেলতে। ওখানকার অভিজ্ঞতা কেমন ছিল?একরামুল: আমরা সুইডেনে গিয়ে খুব মজা করেছিলাম। স্কুল পর্যায়ের একটা টুর্নামেন্ট ছিল ওটা। আমাদের সঙ্গে যারা খেলেছে, ওদের উচ্চতা এত বেশি যে আমরা অনেক সময় হাঁ করে চেয়ে থাকতাম ওদের দিকে। ১০ দিন ছিলাম, খেলেছি আর মজা করেছি। কেমন কোর্টে খেলা হতো?একরামুল: ওখানে আর্টিফিশিয়াল মাঠে খেলা হতো। এমন মাঠ আগে দেখিনি। তাই প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। আর আমরা যেখানে থাকতাম, সেটা ছিল একটা স্কুলঘর। ওই স্কুলটা আবার আমাদের দেশের মতো দালানের নয়, কাঠের ঘর। থাকতে খুব ভালো লেগেছিল। আরেকটা বিষয়, ওদের লেখাপড়ার পাশাপাশি হ্যান্ডবল খেলা একটা রেগুলার কারিকুলাম। আর আমাদের এখানে এটা শুধুই এন্টারটেইনমেন্ট। তোমরা কি সারা বছর খেলো?একরামুল: হ্যাঁ। যখন কোনো খেলা থাকে না, তখন নিজেরা খেলি। সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত প্রতিদিন খেলি। ১১টা থেকে ক্লাস থাকে। পাঁচটা পর্যন্ত ক্লাস করার পর বিকেলে আবারও খেলি।