‘আর কুনুদিন তামুক চাষ করবো না’
‘অপিছারের মিষ্টি কতায় আমরা তামুক নিয়ে এক রকম ঘোরের মদ্যি ছিলাম। আবাদ কইরে বুজিছি কী ভুলডা না করিচি। শুদো লুকসান আর লুকসান। আর কুনুদিন তামুক চাষ করবো না, আমাগের ঘোর কাইটে গিয়েচে।’ এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের কৃষক মামুন মিয়া।মামুন মিয়া জানান, গত বছর তিনি তিন বিঘা জমিতে ধানের আবাদ করেছিলেন। এ বছর সেখানে তামাক আবাদ করেছেন। ঢাকা টোব্যাকোর কর্মকর্তা মিজানুর রহমানের পরামর্শে তিনি এ বছর তামাক চাষ করেছেন। তিন বিঘা জমিতে মোট এক লাখ টাকা খরচ হয়েছে। তামাক উৎপাদন হয়েছে ১৮ বেল (প্রতি বেল ৬৫ থেকে ৭০ কেজি)। নিম্নমানের অজুহাতে ১২ বেল নেবে না বলে কোম্পানির কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন। প্রতি কেজি তামাক ১২০ টাকা দরে কেনার কথা বললেও তাঁরা প্রায় অর্ধেক দামে কিনছেন। বাকি ছয় বেল বিক্রি করে পাওয়া গেছে মাত্র ৪০ হাজার টাকা। লাভের পরিবর্তে ৬৫ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। একই গ্রামের আসলাম আলীর অভিযোগ, তিনি পাঁচ বেল তামাক নিয়ে এলেও নানা অজুহাতে চার বেল বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ।ঝিনাইদহের বাঘাডাঙ্গার চাষি আমজাদ হোসেন জানান, তিনি ১০ বিঘা জমিতে তামাকের আবাদ করেছিলেন। প্রতি কেজি তামাক ১২০ টাকা দরে কেনার কথা থাকলেও সেখানে দাম ধরা হয়েছে ৬৬, ৭৫ ও ৯০ টাকা। তাঁদের অভিযোগ, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করার পাশাপাশি ওজনের সময় নানা মারপ্যাঁচে বেলপ্রতি পাঁচ থেকে সাত কেজি করে তামাক কম দেখানো হচ্ছে।চুয়াডাঙ্গার দর্শনায় আবুল খায়ের গ্রুপের তামাক ক্রয়কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সেখানকার চুক্তিবদ্ধ তামাকচাষিরা।জীবননগর উপজেলার বেনিপুরের তামাকচাষি মিনাজুল হক ও বিশারত আলী কোম্পানির চুয়াডাঙ্গা জোন কর্মকর্তা মাহবুব হোসেন ও মাঠ কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে সরাসরি চাষিদের ঠকানোর অভিযোগ করেন।তবে মাহবুব হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকার-নির্ধারিত গ্রেড অনুযায়ী তামাকের যথাযথ দাম দেওয়া হচ্ছে। এখানে কোনো অনিয়ম হচ্ছে না।’ঢাকা টোব্যাকোর স্থানীয় কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘চাষিদের সঙ্গে চুক্তি মোতাবেক তামাক সংগ্রহ ও মূল্য পরিশোধ করা হচ্ছে। ওজনে কারচুপির অভিযোগ সঠিক নয়।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর চুয়াডাঙ্গা জেলায় ৩৭০ হেক্টর জমিতে তামাক আবাদ করা হলেও এ বছর এক হাজার ২০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ফলে চলতি বোরো মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৮৮২ হেক্টর কম জমিতে ধানের আবাদ হয়েছে।