‘আর কোনো কথা নয়’
পদ্মা সেতু প্রসঙ্গে গণমাধ্যমকে আর কোনো কথা বলবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে গণমাধ্যমের কর্মীদেরও একই নীতি অনুসরণের অনুরোধ জানিয়েছে দুদক। আজ রোববার বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির বিষয় তদন্তের অগ্রগতি ও জিজ্ঞাসাবাদের জন্য সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে কবে নাগাদ নোটিশ ইস্যু করা হবে?—এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর কোনো কথা নয়।’গোলাম রহমান আরও বলেন, ‘দুদকের তদন্ত নিয়ে গণমাধ্যমে খণ্ড খণ্ড আকারে এমন সব সংবাদ আসছে, যার কারণে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।’ এ সময় তিনি গত বৃহস্পতিবার কমিশনের জারি করা ‘স্পষ্টিকরণ ব্যাখ্যা’ আবার পড়ে শোনান। তিনি বলেন, ‘আমাদের যা বক্তব্য তা ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রেসনোট আকারে প্রকাশ পেয়েছে।’এদিকে, পদ্মা সেতুর পরামর্শক ও কানাডিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি জিয়াউল হককে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করতে পারেনি দুদকের তদন্তদল। দুদক সূত্রে জানা গেছে, কানাডিয়ান পুলিশের বিশেষ অনুসন্ধান বিভাগের একটি দল কাল সোমবার বাংলাদেশে আসবে। দলটি এসএনসি লাভালিনের বিরুদ্ধে অনুসন্ধানের প্রতিবেদন দুদক চেয়ারম্যান ও কমিশনারদের কাছে হস্তান্তর করবে। ওই তদন্তে এসএনসি লাভালিনের বিরুদ্ধে বাংলাদেশের সরকারি ও বেসরকারি কিছু ব্যক্তির সঙ্গে ঘুষ লেনদেনের বিষয়টি রয়েছে বলে জানা গেছে।