‘আর ত্রাণ চাই না, চাই স্থায়ী সমাধান’
‘আর ত্রাণ চাই না, চাই স্থায়ী সমাধান’—এই স্পষ্ট উচ্চারণ বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের উলুউরি গ্রামের নানকার বিদ্রোহের নারী সৈনিক সুনীতি বালা দাসের। তিনি বললেন, ‘আর কতকাল আমরা ত্রাণ খাইতাম? বছর বছর পানিয়ে বুড়াইবো আর ত্রাণ আইবো। ত্রাণে কিতা প্রাণ বাঁচেনি? আমরা আর ত্রাণ চাই না, চাই স্থায়ী সমাধান—একটা উচা সড়ক, বিদ্যুৎ ব্যবস্থা। গ্রামর মানুষর চলাচলর রাস্তা নাই, ছাত্র-ছাত্রীন ইস্কুলো যাইন পানি হাতরাইয়া। বৃটিশ আমল তাকি এখন পর্যন্ত মাটির উচা এখান সড়ক বানাইছইন না কোনো চেয়ারম্যান বা সরকারে।’ সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের উলুউরি একটি উন্নয়ন-বঞ্চিত গ্রাম। বিয়ানীবাজার উপজেলা সদর থেকে এর দূরত্ব ১৪ কিলোমিটার। গ্রামের জনসংখ্যা প্রায় এক হাজার ২০০। উন্নয়ন-বঞ্চিত গ্রামটি উপজেলার অন্য গ্রাম থেকে যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য—সব দিক দিয়েই পিছিয়ে আছে । যোগাযোগই ব্যবস্থাই হলো এই গ্রামের প্রধান সমস্যা। এখন পর্যন্ত একটি উঁচু কাঁচা সড়কও হয়নি গ্রামে। তাই প্রতিবছর বন্যা ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীকে। মাঠের মধ্য দিয়ে জমি থেকে সামান্য উঁচু আইলই যোগাযোগের একমাত্র ব্যবস্থা। তাই উপজেলার অন্যান্য গ্রাম থেকে বন্যার পানি নেমে গেলেও উলুউরি গ্রাম এখনো তলিয়ে আছে। সরেজমিনে দেখা যায়, উলুউরি গ্রামের নিচু সড়কটি ডুবে আছে। আর এরই মধ্যে উলুউরি নন্দকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাঁটুপানির মধ্যে হেঁটে স্কুলে আসছে। পঞ্চম শ্রেণীর ছাত্রী মনিকা রানী দাস বলে, রাস্তা না থাকায় সাত মাস ধরে হাঁটুপানি ভেঙে স্কুলে আসছি। আবার পানি শুকালে কাদায় পা মাড়িয়ে আসতে হবে। গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার বিধু ভূষণ দাস জানান, গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তিন-চারটি পরিবার ছাড়া নৌকা কেনা বা নিজেদের অর্থায়নে সড়ক তৈরির সামর্থ্য নেই কারোরই। তাই প্রতিবছর পানিতে ভিজে কাদা ভেঙে স্কুলে আসা-যাওয়া করে গ্রামের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী। আর গত সাত মাস ধরে যোগাযোগব্যবস্থা না থাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়া ছাত্রীরা স্কুল-কলেজে যাচ্ছে না বলে জানান তিনি। উলুউরি নন্দকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণথ কুমার শীল বলেন, গ্রামটি ১২ মাসের মধ্যে আট মাসই জলে ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এ অবস্থায় শিক্ষাদান ও গ্রহণ দুই-ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রামের কুলেশ দাস ঝন্টু জানান, তিনিসহ প্রায় ১৫ জন শিক্ষক-শিক্ষিকা এবং আরও প্রায় ২০ জন বিভিন্ন পেশাজীবীর কর্মস্থল অন্য এলাকায়, উঁচু সড়ক না থাকায় প্রতিদিন কষ্ট করে কাজে যান। উলুউরি গ্রামের কর্ণমণি দাস বলেন, ‘সেপ্টেম্বর মাসে তাঁর ছোট ভাইয়ের স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলে অনেক কষ্ট করে বড়লেখা হয়ে ঘুরে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তিলপারা ইউনিয়নের স্বাস্থ্যকর্মী শিপ্রা রানী দাস বলেন, দীর্ঘদিন জলাবদ্ধতা থাকায় পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে। গ্রামের শিক্ষক ঋষিকেশ দাস বলেন, ‘যোগাযোগ ও বিদ্যুৎ সুবিধা না থাকায় এই গ্রাম এখনো আদিকালের গ্রামগুলোর মতো রয়ে গেছে। বিদ্যুৎ না থাকায় মানুষ বঞ্চিত হচ্ছে আধুনিক সব সুযোগ-সুবিধা থেকে। ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষা। বিবেকানন্দ দাশ বলেন, পাশের গ্রামে বিদ্যুৎ জ্বলে, আমরা চাইয়া চাইয়া দেখি। আবেদন করিয়াও কুন লাভ অইছে না।’ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার শাহাজাহান তালুকদার বলেন, ‘গত চার বছর থেকে নতুন এলাকা বিদ্যুতায়নের কোনো প্রকল্প আসেনি। নতুন লাইন টানার প্রকল্প এলে নীতিমালা অনুযায়ী লাইন টানা হবে।’