‘আর মিটিংয়ে যাব না, তোমার কাছে চলে আসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যালো, আনিকা।তোমার আম্মু কোথায়?কাছেই আছে।তুমি কী করছ? খেলছি।প্রিয়ন্তি আর অর্ণা কোথায়? তারাও খেলছে।নাশতা খাও নাই? না। এখনো নাশতা খাও নাই কেন? স্কুলে যাবা কখন?নাশতা খাব না, তুমি কখন আসবা?বাবা, আমি মিটিংয়ে যাচ্ছি।এত মিটিং মিটিং করো কেন? যাও, তোমার সঙ্গে আর কথাই বলব না—বলেই ওসি ফারুক আহমেদ খানের বড় মেয়ে আনিকা ফোন কেটে দেয়। আবার ফোন আসে। ফোন ধরেই আনিকার ক্ষুব্ধ কণ্ঠ, ‘তুমি আসবা কি না বলো, নাকি মিটিং করবা?’ মেয়ের রাগ ভাঙানোর জন্য এবার মিনতির স্বরে বাবার কৈফিয়ত, ‘বাবা, আর মিটিংয়ে যাব না। তোমার কাছে চলে আসব।’পৌরসভা নির্বাচন উপলক্ষে নরসিংদী পুলিশ লাইনে প্যারেড বিফ্রিংয়ে যোগ দিতে গাড়িতে ওঠার আগে এ-ই ছিল বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ খান ও তাঁর বড় মেয়ে আনিকার মুঠোফোনে আলাপ। এর এক ঘণ্টা পর আরেকটি ফোনে ফারুক আহমেদের মৃত্যুর খবর পায় পরিবারটি।‘আর কোনো দিন সন্তানের কাছে মিনতি করে মিটিংয়ে যাবার কৈফিয়ত দেবেন না।’ নরসিংদী পুলিশ লাইনের রিজার্ভ কক্ষে তিন সন্তানকে জড়িয়ে এসব কথা বলে বিলাপ করছিলেন ফারুক আহমেদের স্ত্রী জয়বুন্নেছা স্মৃতি।জয়বুন্নেছা বলেন, মাত্র দুই মাস হলো বেলাব থানায় যোগ দিয়েছিলেন তাঁর স্বামী। তাঁরা ঢাকায় থাকেন। বড় মেয়ে আনিকা হলিক্রস স্কুলে তৃতীয় শ্রেণীতে, আর দ্বিতীয় মেয়ে অর্ণা একই স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ছোট মেয়ে প্রিয়ন্তির বয়স তিন বছর।বেলাবতে যোগ দেওয়ার পর নানা সমস্যার কারণে পরিবারের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করে যেতে পারতেন না ফারুক। কোনো কোনো সপ্তাহে ঢাকায় যাওয়াই হতো না তাঁর। এ কারণে সন্তানেরা বাবার ওপর বিরক্ত ছিল। তবে সন্তানদের সঙ্গে দিনে একাধিকবার ফোনে কথা বলতেন। ফোন করলেই বাবাকে ঢাকায় আসার জন্য বলত তারা। কিন্তু ফারুক সন্তানদের মিটিংয়ের দোহাই দিতেন। এ কারণে ‘মিটিং’ শব্দ শুনলেই ওরা বিরক্ত হতো।কাঁপা কাঁপা গলায় জয়বুন্নেছা বলেন, ‘আমার স্বামী তো সত্য কথাই বলেছেন। তিনি আর মিটিংয়ে যাবেন না।’ বলেই জ্ঞান হারান স্মৃতি। একই কথা বলে কাঁদছিল আনিকা ও অর্ণা। কাঁদছিলেন ফারুক আহমেদের বাবা স্কুলশিক্ষক আলী আহমদ খান ও মা জহুরা বেগম।তোমার আব্বুর সঙ্গে কখন কথা হয়েছিল? ‘সকালে আব্বু মিটিংয়ে যাচ্ছিল। এত মিটিং মিটিং করো কেন বলে ফোন কেটে দেওয়ার পর বাবা আবার ফোন করে। তখন বলে, আর মিটিংয়ে যাবে না।’ আনিকার কান্না থামেই না।অর্ণার জিজ্ঞাসা, বাবা কি আর আসবে না? মা ও বড় বোনের কান্না দেখে কাঁদছিল তিন বছরের প্রিয়ন্তিও।ফারুক আহমেদের ভাবি আবিদা সুলতানা জানান, চার বছর আগে ফারুক ঢাকার সাভারে বড় দুর্ঘটনায় পড়েছিলেন। ওই দুর্ঘটনায় দুই দিন অজ্ঞান ছিলেন। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এবারের দুর্ঘটনায় তিনি চিরদিনের জন্য অজ্ঞান হলেন—এই বলে তিনিও চোখের পানি মোছেন।