‘আরও কয় ২৪ মাস লাগে আল্লায় জানে’
‘মনে হয় পোলডা (সেতু) অইতে ২৪ বছর লাগবে। শুনছি, এডা (সেতুটি) ২৪ মাসে শেষ করার কথা। কয়েক ২৪ মাস তো গেল, আরও কয় ২৪ মাস লাগে আল্লায় জানে।’ পিরোজপুর ও বাগেরহাটের সীমান্তবর্তী চালিতাখালী-কচুয়া এলাকায় নির্মাণাধীন কচুয়া সেতুর পাশে দাঁড়ানো চালিতাখালীর বাসিন্দা কামরুজ্জামান সিকদার আক্ষেপ করে এসব কথা বলেন।কামরুজ্জামানের পাশে দাঁড়ানো ভ্যান শ্রমিক আনিছ বলেন, ‘প্রত্যেক দিন নৌকায় কইরা ভ্যান নিয়া চালিতাখালী গ্রাম থেকে নদীর ওপার কচুয়া যাই। হারা দিন খাইড্যা খুইড্যা রাইতে আবার বাড়ি ফিরি। ভ্যানডা নৌকায় পার করতে দুই বারে ২০টা টাহা লাগে। কন, কয়ডা টাহা কামাই, হ্যায়া দিয়া আবার ২০ টাহা যায় নৌকায়। পোলডা অইলে তো আর এই টাহাডা লাগদো না।’সেতু এলাকার কাঠমিস্ত্রি অমল বলেন, ‘অনেক দিন ধরে সেতু নির্মাণের কাজ বন্ধ রয়েছে। কবে আবার শুরু হবে, তা-ও বলতে পারি না।’ বাগেরহাট সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ১১১ দশমিক ৩২ মিটার দীর্ঘ, ৭ দশমিক ৬০ মিটার প্রস্থ ও তিন স্প্যানবিশিষ্ট কচুয়া সেতু নির্মাণের জন্য ২০০২ সালে দরপত্র আহ্বান করা হয়। চার কোটি ১৯ হাজার টাকায় ঢাকার মেসার্স ইদ্রিস আলী সিকদার নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। সরেজমিনে দেখা যায়, ২০০২ সালের ২০ আগস্ট বাগেরহাট-কচুয়া আসনের তৎকালীন সাংসদ এম এ এইচ সেলিম বলেশ্বর নদীর ওপর কচুয়া সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাজ সমাপ্তির সর্বশেষ সময় ছিল ২০০৪ সাল (২৪ মাস)। কিন্তু এ পর্যন্ত ১০ শতাংশের ছয় শতাংশ কাজও শেষ হয়নি। কচুয়া সি এস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পিরোজপুরের চালিতাখালী এলাকার বাসিন্দা ইসরাত শারমিন বলে, ‘বর্ষায় খেয়া পার হতে দুর্ভোগের শেষ থাকে না। সেতুটা হলে পারাপারের কষ্ট থাকত না।’পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার মতিউর রহমান বলেন, ‘পিরোজপুরের চালিতাখালী ও পাশের এলাকার অনেকের ব্যবসা-বাণিজ্য, লেখাপড়া বাগেরহাটের কচুয়ায়। এ কারণে কচুয়া সেতুটি খুবই জরুরি।’ ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার ছাব্বির ছিদ্দিকী বলেন, ‘সেতু নির্মাণের কাজ ৯০ শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তহবিল সংকটের কারণে আর পারছি না। তবে তহবিলের আশ্বাস পেয়েছি। এ বছরের ডিসেম্বরের মধ্যে সেতুর কাজ শেষ করব।’ বাগেরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনোয়ারুজ্জামান বলেন, ‘সারা দেশে ৫১টি সেতু অসমাপ্ত আছে। এই সেতুর মধ্যে কচুয়া সেতুর নামও রয়েছে। অসমাপ্ত সেতুর কাজ সমাপ্ত করানোর জন্য একটি প্রকল্প পাস হয়েছে। তহবিল সংকটের কারণেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি আগাতে পারেনি। এখন তহবিল পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ভূমি অধিগ্রহণের প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। এ প্রস্তাব পাস হলে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজও হাতে নেওয়া হবে।’