‘আরও ভালো খেলা উচিত ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ফ্লাইট। ফোনটা যখন গেল, ততক্ষণে বিমানেও উঠে গেছেন মোহাম্মদ আশরাফুল। বিমানে বসেই বললেন, শ্রীলঙ্কা যাচ্ছেন এসএলপিএলে রুহুনা রয়্যালসের হয়ে খেলতে। বললেন লন্ডন অলিম্পিক দেখার অভিজ্ঞতার কথাও হঠাৎ করেই এসএলপিএলে যাচ্ছেন। রুহুনা রয়্যালসের সঙ্গে যোগাযোগ হলো কীভাবে?মোহাম্মদ আশরাফুল: রুহুনা রয়্যালস থেকে গতকাল (পরশু) আমাকে ফোন দেয়। তারা সম্ভবত বিসিবির কাছ থেকে ফোন নম্বর নিয়ে ফোন করেছে। জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে আমি আগামীকাল (আজ) এমনিতেই দেশে যেতাম। টিকিটও কাটা হয়ে গিয়েছিল। এসএলপিএল থেকে ডাক আসায় টিকিট বাতিল করে শ্রীলঙ্কা যাচ্ছি। কেন্ট লিগে কি খেলা শেষ আপনার?আশরাফুল: না, এখানে আমার ক্লাবের আরও দুটি ম্যাচ বাকি আছে। এই দুটি ম্যাচ না খেলেই দেশে যাওয়ার কথা ছিল। কেমন খেললেন কেন্ট লিগে?আশরাফুল: আমার তো মনে হয় ভালোই...। ল্যাশিংসের হয়ে তিনটা আর এমসিসির হয়ে একটা ম্যাচ খেলেছি। এ ছাড়া আমার ক্লাব ব্ল্যাক হিথের হয়ে মোট ৯টি ম্যাচ খেলে একটা সেঞ্চুরি আর তিনটা ফিফটি করেছি। হল্যান্ড থেকে আসার পর চার ম্যাচে করেছি ৫৪, ১০২, ১৬ ও ৬। যে ধরনের ক্রিকেটই হোক, সেঞ্চুরি-ফিফটি আত্মবিশ্বাস বাড়ায়। তবে হ্যাঁ, আরও ভালো খেলা উচিত ছিল আমার। ইংল্যান্ডে গিয়ে আগেও খেলেছেন। কেন্ট লিগের সঙ্গে কীভাবে তুলনা করবেন আগের অভিজ্ঞতার?আশরাফুল: এ ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আমাদের জন্য সব সময়ই ভালো। আর ইংল্যান্ডের অন্যান্য লিগের চেয়ে কেন্ট লিগের মান অনেক ভালো। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে রুহুনা রয়্যালস। কী প্রত্যাশা নিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কায়?আশরাফুল: ২৫ ও ২৬ আগস্ট দুটি ম্যাচ আছে তাদের। আমি মূলত ওই দুই ম্যাচের জন্যই যাচ্ছি। এরপর ২৭-২৮ তারিখে দেশে ফিরব। আর যদি কোনোভাবে দল সেমিফাইনালে যায় তাহলে তো আলাদা কথা। ত্রিনিদাদ সফরের আগে দলের সঙ্গে অনুশীলনের খুব বেশি সুযোগ পাচ্ছেন না। এতে সমস্যা হবে না তো?আশরাফুল: সমস্যা হওয়ার কথা না। ম্যাচ খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত জিম্বাবুয়ে সফরের আগেও এখানে খেলে গিয়েছিলাম। জিম্বাবুয়ে তো খুব একটা খারাপ খেলিনি। এবার তো অলিম্পিকও দেখলেন ইংল্যান্ডে। খুব উপভোগ করেছেন নিশ্চয়ই?আশরাফুল: অবশ্যই। আমার জন্য এটা বিরাট এক অভিজ্ঞতা। স্বচক্ষে অলিম্পিকের খেলা দেখার সুযোগ তো সবাই পায় না। আমি সৌভাগ্যবান, এই সময় ইংল্যান্ডে ছিলাম। স্টিভ ওয়াহও তো ছিলেন এবার অলিম্পিকে। দেখা হয়েছে?আশরাফুল: না, দেখা হয়নি। আমরা গিয়েছিলাম আসলে বাংলাদেশের আর্চারি দেখতে। লর্ডসের গ্যালারিতে শুধু আমি ও মোশাররফ রুবেলসহ তিনজন বাংলাদেশি ছিলাম। লাউড স্পিকারে বাংলাদেশের নাম বলতেই আমরা চিৎকার করে লাফিয়ে উঠি। সবাই তখন আমাদের দিকে তাকিয়ে ছিল।