অলিম্পিক সলিডারিটি আরচারি কোচেস কোর্স কাল ঢাকায় শেষ হলো। এটি পরিচালনা করেছেন আন্তর্জাতিক আরচারি ফেডারেশনের উন্নয়ন পরিচালক ও কোচিং নির্দেশক পাসকেল কোলমায়ার। কোর্স শেষে বিশ্ব আরচারি এবং প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়েই বললেন ফ্রান্সের সাবেক এই আরচার বাংলাদেশে অভিজ্ঞ আরচারি কোচ নেই। এই কোর্সে অংশ নেওয়া আগ্রহী কোচদের কেমন দেখলেন?পাসকেল কোলমায়ার: খুবই ভালো। ভালো আরচারি কোচ হতে চাইলে শারীরিক ও মানসিকভাবে শক্ত হওয়া দরকার। এই কোর্সে অংশ নিয়েছেন বাংলাদেশের ২৮ জন কোচ। তাঁদের মধ্যে শেখার আগ্রহটা ভালোই দেখলাম। আরচারি নিয়ে বাংলাদেশে একটা উচ্চাশা তৈরি হয়েছে। আপনার চোখে কতটা সম্ভাবনা আছে?পাসকেল: মাত্র কয়েক বছরের মধ্যে বাংলাদেশের আরচারির মান বেশ উঁচুতে উঠে গেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে আমার বিশ্বাস, ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সাড়া ফেলতে পারবে। আরচারি এখন বিশ্বব্যাপী পরিচিত একটা খেলা। কোন কোন দেশ এই খেলায় ভালো করছে?পাসকেল: প্রথমেই বলব দক্ষিণ কোরিয়ার নাম। বিশ্বমানের অনেক আরচার উঠে আসছে এই দেশ থেকে। এরপর চীনও বেশ ভালো করছে। সাম্প্রতিক সময়ে ভারতও দৃষ্টি কেড়েছে। আরচারিতে সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার দেশগুলোই বেশি দাপট দেখাচ্ছে। কোরিয়ার কথা বললেন, কোরিয়ানরা আরচারিতে এত ভালো, এর কি কোনো সুনির্দিষ্ট কারণ আছে?পাসকেল: কোরিয়ার জাতীয় খেলা আরচারি। পেশাদার অনেক খেলার মতো আরচারিও সে দেশে আয়োজন করা হয় পেশাদারি পদ্ধতিতে। তা ছাড়া কোরিয়ানদের মধ্যে প্রচুর প্রাণশক্তি রয়েছে। অবকাঠামোসহ তাদের ভিত্তিটা বেশ মজবুত। সে জন্যই কোরিয়ানরা এত ভালো। আরচারিকে তো বৈশ্বিক খেলাই বলা যায়। কিন্তু অন্য অনেক খেলার মতো এই খেলা জনপ্রিয় নয় কেন?পাসকেল: কিছু দেশে তো জনপ্রিয়। ভুটানে দেখুন, আরচারি তাদের জাতীয় খেলা। কোরিয়ার কথা তো একটু আগেই বললাম। খেলা হিসেবে আরচারি এই দেশগুলোতে খুবই জনপ্রিয়। এটা ঠিক, দেখার জন্য এটি এখনো দর্শকদের কাছে আকর্ষণীয় কিছু হতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে ওয়ান টু ওয়ান ম্যাচ হচ্ছে, যা দেখার জন্য অবশ্যই আকর্ষণীয়। আমার দেশ ফ্রান্সেও খেলাটা আস্তে আস্তে মানুষের কাছে যাচ্ছে। সময় লাগবে, তবে আরচারিও একদিন দর্শকপ্রিয়তা পাবে। এখন বিশ্বে আরচারি খেলোয়াড়ের সংখ্যা কত হতে পারে?পাসকেল: এটা তো হিসাব করে বলা কঠিন। তবে আমার ধারণা, দুই মিলিয়ন (২০ লাখ) তো হবেই। সফল আরচার হওয়ার জন্য বিশেষ কী গুণ দরকার?পাসকেল: যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে লক্ষ্যে তীর ছুড়তে হয়, তাই শারীরিক সক্ষমতাই বেশি প্রয়োজন। এর সঙ্গে খুব ভালো কল্পনাশক্তিও দরকার। আপনার সম্পর্কে কিছু বলুন?পাসকেল: আমি পাঁচবার ফ্রান্সের জাতীয় চ্যাম্পিয়ন ছিলাম। রিকার্বোতে ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন ছিলাম। মাত্র ২২ বছর বয়সে আমি আরচারির পেশাদার কোচিংয়ে আসি। এখন আমার বয়স চলছে ৬৪ (হাসি)। আমি ফ্রান্স, কানাডা ও সুইজারল্যান্ড দলের প্রধান কোচ ছিলাম। এখন আন্তর্জাতিক আরচারি ফেডারেশনের সঙ্গে আছি, খেলাটাকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দেওয়ার জন্য দেশে দেশে গিয়ে কোচেস কোর্স করে বেড়াই। বাংলাদেশে কেমন লাগল?পাসকেল: দারুণ। এ দেশের মানুষ খুবই ভালো। এখানকার আতিথেয়তাই সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমাকে।