‘আরে ড্রাইভার জোরে চালাও’
‘আরে ড্রাইভার! গাড়ি এত আস্তে চালাও কেন? জোরে চালাও। জোরে চালাও। আমাদেরকে অফিস-আদালত-কাজে পৌঁছাতে হবে তো!’এ কথাগুলো গুলিস্তান-ধামরাই ডি-লিংক বাসের যাত্রীদের। অধৈর্য যাত্রীদের এমন কথায় চালকেরও যেন ধৈর্যচ্যুতি ঘটে। শুরু হয় আগে যাওয়ার প্রতিযোগিতা।এ প্রতিবেদক আজ বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের অবস্থা দেখতে বাসে যাত্রা শুরু করে। ভোর ছয়টায় রাজধানীর চানখাঁরপুল থেকে তিনি বাসে ওঠেন। নামেন সাভারে। ঢাকা থেকে বাসে সাভার যাওয়ার পথে বাসের যাত্রীরা এভাবেই চালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে প্ররোচিত করছিলেন।ঢাকা-আরিচা সড়কটিতে ঢাকা থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তার বিভাজক (ডিভাইডার) আছে। এরপর আর বিভাজক নেই। রাস্তার প্রশস্ততাও কমেছে অর্ধেক।আবার সাভার থেকে মানিকগঞ্জের দিকে যেতে যেতে দেখা গেল, চালকদের দিকনির্দেশনা না মানার প্রবণতা। এখান থেকে শুরু হয়েছে বিপজ্জনক অনেক বাঁক।সকাল থেকেই একটানা বৃষ্টি ঝরছে। এর মধ্যেই ঢাকা-আরিচা মহাসড়কে চলছে যানবাহন। মহাসড়কের সব বাঁকের আগে এ-সম্পর্কিত কোনো চিহ্ন বা দিকনির্দেশনা নেই। বাঁকের দুই পাশে অনেক বড় বড় গাছ। এসব গাছের জন্য বোঝা যায় না সামনে গাড়ি আছে কি, নেই। এমনকি বাঁকগুলোতে গাড়ির গতিও কমানো হয় না।ধামরাই থেকে মানিকগঞ্জের নয়াডিঙ্গীমুখী বাস ভিলেজ লাইনের চালক আলী জানালেন, বাঁক বা গতিতে তাঁদের (চালক) কোনো সমস্যা হয় না। এ রাস্তায় গাড়ি চালাতে চালাতে তাঁরা অভ্যস্ত হয়ে গেছেন।এ প্রতিবেদক দেখতে পান, ধামরাইয়ে কোহিনূর মিল গেটের সামনে মহাসড়কের পাশে নির্দেশকে লেখা সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার। কিন্তু কোনো চালককেই এ গতিতে সেখানে গাড়ি চালাতে দেখা গেল না। আবার ৪০ কিলোমিটার বেগে চালক কত দূর পর্যন্ত চালাবে, সেটারও কোনো নির্দেশনার কথা কোথাও নেই।মানিকগঞ্জ জেলায় ঢোকার মুখে একসেল লোড কন্ট্রোল স্টেশন। সেখানে বিশাল বিলবোর্ডে বড় বড় হরফে লেখা, ‘সামনে বিপজ্জনক মোড়, গতি কমান, জীবন বাঁচান’ ‘ওভার টেকিং নিষেধ।’বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে মনে হলো, যে চালকদের উদ্দেশে এসব উপদেশ বাণী, তাঁরা তা থোড়াই পাত্তা দেন। উপদেশ বাণীগুলোর দিকে চালকদের নজর যায় বলেও মনে হলো না। দেখা গেল, একান্ত বাধ্য না হলে গাড়িগুলো গতি কমায় না। ওভার টেকিং করতেও খুব একটা দ্বিধা করেন না চালকেরা। বরং সুযোগ পেলেই করছেন ওভার টেকিং। চালকেরা নিজেদের মনের মতো করেই গাড়ি চালিয়ে যাচ্ছেন গন্তব্যে।ওই এলাকার বাসিন্দা জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি ছোটবেলা থেকেই এভাবে এ রাস্তায় গাড়ি চলতে দেখছেন।সকাল সোয়া নয়টার দিকে এ প্রতিবেদক মানিকগঞ্জের নয়াডিঙ্গী বাজারের এক চায়ের দোকানে যান। কথায় কথায় চায়ের দোকানি আবুল হোসেন বললেন, ‘গাড়ি এইখানে সব সময় এভাবেই চলে। মাঝেমধ্যে দুর্ঘটনা হয়। কয়েক দিন আগে জোকায় সিনেমার লোকজন (তারেক মাসুদ ও তাঁর সঙ্গীরা) দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি টিভিতে দেখেছেন, অনেক হইচই হয়েছে। কিন্তু গাড়ি আগের মতোই চলছে। প্রতিবছরই এ ধরনের দুর্ঘটনা ঘটে।’এবার ফেরার পালা। প্রতিবেদক বিআরটিসির বাসে করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। বিআরটিসির বাসগুলোতে স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল। ফেরার পথেও ওই সড়কের চিত্র ছিল একই রকম। যাত্রীদের তাড়া, বাসচালকের উদাসীনতা, যেনতেনভাবে কিছু পরোয়া না করেই গন্তব্যের উদ্দেশে ছুটে চলা।প্রসঙ্গত, ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জোকায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।