দলের অধিনায়ক এবং জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের উন্নয়ন ব্যবস্থাপক—স্বদেশে ক্রিকেট বিস্তারের অনেক বড় দায়িত্ব কাঁধে নিয়েছেন ইমা কুরিবায়শি। ঢাকায় আজ শুরু মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে নিজেদের তুলে ধরার স্বপ্ন আঁকছেন জাপানের সবচেয়ে অভিজ্ঞ এই খেলোয়াড় বাংলাদেশে কেমন লাগছে?ইমা কুরিবায়শি: খুব ভালো লাগছে (হাসি)। প্রথমবার এসেছি। নতুন পরিবেশ। আমাদের জন্য বেশ উপভোগ্য। টুর্নামেন্ট নিয়ে কী ভাবছেন?ইমা: কী বললেন? টুর্নামেন্ট...আ...টুর্নামেন্ট (ইংরেজি বোঝেন, তবে ভালোভাবে বুঝিয়ে দিতে হয়)। আমরা একটি একটি করে ম্যাচ নিয়ে ভাবছি। গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলতে হবে। এই দলগুলো সম্পর্কে ধারণা আছে?ইমা: বাংলাদেশকে গত গুয়াংজু এশিয়ান গেমসে দেখেছি। ওই টুকুই। যতটা জানি, প্রতিপক্ষ সব দলই ভালো। তবে সেভাবে কারও সম্পর্কে ধারণা নেই। আপনার দলের শক্তির দিক কোনটি?ইমা: আমরা খুব পজিটিভ একটা দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে চাই। আমার মতে, ফিল্ডিং বেশি ভালো। বোলিংও ভালো। ব্যাটিং-অর্ডারে গভীরতা আছে। গত এশিয়াডে বাংলাদেশকে দেখেছেন। কারও সঙ্গে আলাপ আছে?ইমা: সেভাবে নেই। ভাষা সমস্যা। তবে আশা করি, এই টুর্নামেন্টে হবে। জাপানে মহিলা ক্রিকেট চর্চা সবে শুরু। অবকাঠামো কেমন?ইমা: আমাদের ওখানে সিনিয়র বিভাগে দল আছে ১০টির বেশি। জুনিয়রে ৮-৯টা। ভালো অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। গোটা জাপানে ক্রিকেট মাঠ মাত্র দুটি। এর একটিও টোকিওতে নয়। অথচ টোকিওতে আমাদের ক্যাম্প হয়। আর আমরা ৪-৫ ঘণ্টা গাড়ি চালিয়ে আরেক শহরে গিয়ে খেলি (আবারও হাসি)। বলছেন কী, এত সময় লাগে!ইমা: তবে আর বলছি কী। আমাদের মধ্যে উৎসাহ আছে, তাই এটা কোনা বড় বাধা নয়। আমরা সপ্তাহে তিন দিন ক্রিকেট অনুশীলন করি। আপনি জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের উন্নয়ন ব্যবস্থাপক, খেলার বাইরে দায়িত্ব কীভাবে পালন করেন? ইমা: অনেক সময় দিই। আমি নয় বছর ধরে ক্রিকেট খেলছি (এখন বয়স ২৬)। অ্যাসোসিয়েশনের দেওয়া ব্যবস্থাপকের দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করছি। মেয়েদের ক্রিকেটে উদ্বুদ্ধ করাই আমার মূল কাজ। সম্প্রতি নাকি একটা সেঞ্চুরি করেছেন?ইমা: হ্যাঁ, এটা সিঙ্গাপুরে, সম্ভবত ১২২-২৩ করেছিলাম (করেছিলেন আসলে ১২৭)। ছক্কা মেরেছেন কখনো? আপনার প্রিয় শট কোনটি?ইমা: (আবার হাসি) ফেবারিট শট স্ট্রেট ড্রাইভ। সফট বলে খেলি তো, এই শটটা বেশি ভালো লাগে। আর ছয় মেরেছি বোধ হয় গোটা তিনেক। সেঞ্চুরি মোট তিনটি। জাপানে ক্রিকেট খেলোয়াড় হিসেবে আপনাদের পরিচিতি কেমন?ইমা: পরিচিতি নেই। জাপানিরা ক্রিকেট সম্পর্কে জানে না। তবে আমরা চেষ্টা করছি, এই টুর্নামেন্টের মাধ্যমে জাপানিদের দৃষ্টি আকর্ষণ করতে। গুয়াংজু এশিয়াডে ব্রোঞ্জ পাওয়ার পর অনেকে অভিনন্দন জানিয়েছিল। ক্রিকেটার না হলে কী হতেন?ইমা: হয়তো শিক্ষক হতাম। এই পেশাটা আমার খুব ভালো লাগে। প্রচুর বই পড়ি। কিন্তু ঘটনাচক্রে ক্রিকেটে চলে এলাম। আমার বাবা ছিলেন বেসবল খেলোয়াড়। আমিও একটা সময় খেলার দিকে ঝুঁকে গেলাম।