দেশের অন্যতম সেরা দাবাড়ু তিনি। মাস পাঁচেক ধরে মালয়েশিয়ায় কোচ হিসেবে কাজ করছেন। কুয়ালালামপুর থেকে কাল টেলিফোনে নিজের খেলা, মালয়েশিয়ার দাবা, দেশের দাবা নিয়ে কথা বলেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান প্রবাসে দিন কেমন কাটছে?জিয়াউর রহমান: ভালোই কাটছে। দাবা নিয়েই আছি। তবে বাংলাদেশ, বিশেষ করে ঢাকাকে খুব মিস করছি। মাঝেমধ্যে কষ্ট লাগে দেশের জন্য। তবে আর তো মাত্র কয়টা মাস। মালয়েশিয়ায় আপনি আসলে ঠিক কী ভূমিকায় আছেন?জিয়া: এখানে এদের জাতীয় জুনিয়র দলটাকে কোচিং করাচ্ছি। এদের এখানে বিভিন্ন রকম প্রতিভা অন্বেষণ কর্মসূচি আছে। সেসব কর্মসূচি থেকে বাছাই করে আনা তরুণ দাবাড়ুদের নিয়ে কাজ করছি। প্রতিদিনই দাবা শেখাতে হয়। কত দিনের চুক্তি?জিয়া: এক বছরের। আগামী মার্চে শেষ হবে। কোচ হিসেবে কাজ করতে গিয়ে নিজের খেলার ক্ষতি হচ্ছে না?জিয়া: তা তো খানিকটা হচ্ছেই। টুর্নামেন্ট বেশি খেলতে পারছি না। নিজে প্র্যাকটিস বেশি করতে পারছি না। সবচেয়ে বড় কথা, নিজের খেলায় মনোযোগ দিতে পারছি না। তাহলে এই কাজ নিতে গেলেন কেন?জিয়া: দেখুন, এখানে লুকোছাপার কিছু নেই। আর্থিক কারণেই প্রস্তাবটা নিয়েছি। আমি দাবা খেলে দেশে যা আয় করছিলাম, তাতে সংসার চলে যেত; কিন্তু একটু ভালোভাবে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছিল। আমার চাকরিটাও ছিল না। সব মিলিয়ে টাকার খুব প্রয়োজন ছিল। সেই প্রয়োজনটা মেটানো যাবে?জিয়া: (হাসি) প্রয়োজন তো মেটা কঠিন। তবে এটুকু বলতে পারি, মাসে বাংলাদেশি টাকায় লাখ খানেকের বেশি পাচ্ছি। ফলে এখান থেকে কিছু টাকা হয়তো রেখে দিতে পারব। তাতে এই কাজটা শেষ হলে আবার কিছু টুর্নামেন্ট খেলার খরচটা অন্তত চলে যাবে। এই সময়টাকে আসলে দাবার জন্যই বিনিয়োগ হিসেবে দেখছি। স্ত্রী-সন্তান নিয়েই গেছেন ওখানে। থাকা-টাকার ব্যবস্থা কেমন?জিয়া: এরা একটা ফ্ল্যাট দিয়েছে। সব মিলিয়ে খারাপ না। পরিবার নিয়ে বেড়াতে বের হন?জিয়া: খুব কম। সময় পাই না। প্রতিদিনই ছয়-সাত ঘণ্টা কোচিং করাতে হয়। একটু সময় পেলে বেড়াতে বের হই। কোনো কোনো দিন হয়তো সিনেমা দেখতে যাই। মালয়েশিয়ার দাবার অবস্থাটা আসলে কী?জিয়া: এদের আগ্রহ আছে, পৃষ্ঠপোষক আছে, সাংগঠনিক তৎপরতাও আছে। তবে মানের দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। এখনো এদের কোনো গ্র্যান্ডমাস্টার নেই, ৪-৫ জন আন্তর্জাতিক মাস্টার আছে। দেশের দাবার কথা বলুন। ফেডারেশনের সঙ্গে দাবাড়ুদের সমস্যাটা তো পুরোপুরি মেটেনি...জিয়া: হ্যাঁ, তাই তো জানি। রিফাত মনে হয় আবার খেলা শুরু করেছে। কিন্তু রাকিব-রাজীব এখনো খেলছে না। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির মধ্যে জড়াতে চাই না। তবে এটা ঠিক, ওদের দাবি-দাওয়া যথার্থই ছিল। হয়তো আমারও এই প্রতিবাদে অংশ নেওয়া উচিত ছিল। কিন্তু আমি জড়াইনি... কেন জড়াননি?জিয়া: আসলে আমি এসবে কখনো আগ্রহী ছিলাম না। আর এমনিতেই দেশে খেলাধুলা হয় না। তার ওপর খেলা বয়কট করলে তো আরও সমস্যা। তবে আবারও বলি, ওদের দাবি-দাওয়ার ওপর আমার শ্রদ্ধা আছে।