জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন।জবানবন্দিতে মিছবাহুর রহমান বলেন, তাঁর জন্ম মৌলভীবাজারে। বাবা আবদুর রহমান চৌধুরী ও মা শামসি খানম। তাঁর বয়স ৫৭ বছর। তিনি মৌলভীবাজারে একটি কিন্ডারগার্টেন স্কুলে পড়তেন। পরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় সে সময়ের মৌলভীবাজার ইসলামী ছাত্র সংঘের সভাপতি সিরাজুল ইসলাম মতলবির সঙ্গে পরিচয় হয়। সে সময় তাঁর আহ্বানে মিছবাহুর রহমান একই সঙ্গে পাকিস্তান শাহি ফৌজ ও ইসলামী ছাত্র সংঘের সদস্যপদ গ্রহণ করেন।সাক্ষী তাঁর জবানবন্দিতে আরও বলেন, একাত্তরের ২৫ মার্চ এ দেশের মানুষের ওপর পাকিস্তানিরা যখন ঝাঁপিয়ে পড়ে, তখন তাঁর দৃঢ় বিশ্বাস ছিল ইসলামি সংগঠন হিসেবে ইসলামী ছাত্র সংঘ এর বিরোধিতা করবে। একাত্তরের আগস্ট মাসে সিরাজুল ইসলাম মতলবি তাঁর মৌলভীবাজারের বাড়িতে দুই দিন যান। তাঁকে বাড়িতে না পেয়ে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে সিরাজুল তাঁকে ‘মিছবাহ ভাই’ বলে সম্বোধন করেন। চিঠিতে বলা হয়, ইসলামী ছাত্র সংঘ সিদ্ধান্ত নিয়েছে ১০ আগস্টের মধ্যে ইসলামী ছাত্র সংগঠনের সব কর্মী আলবদর বাহিনীতে যোগ দেবে। চিঠিতে পাকিস্তানি সেনাবাহিনীর মৌলভীবাজার কমান্ডার মেজর ফখরুল ইসলামের সঙ্গে দেখা করে নিয়োগপত্র নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়। ওই চিঠিতে আরও বলা হয়, আলবদর বাহিনীতে যোগ দিলে নিজামী ভাই (ইসলামী ছাত্র সংঘের সভাপতি মতিউর রহমান নিজামী) ব্যক্তিগতভাবে খুশি হবেন। আর যাঁরা এই বাহিনীতে যোগ দেবেন না, তাঁদের ছাত্র সংঘ থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহর পথের সৈনিকদের কর্তব্য বলেও সেই চিঠিতে বলা হয়।সাক্ষী বলেন, এই চিঠি দেখে তাঁর বাবা অত্যন্ত অসন্তুষ্ট হন ও তাঁকে মৌলভীবাজার থেকে ঢাকা নিয়ে এসে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। জবানবন্দি শেষে সাক্ষী মিছবাহুর রহমান চৌধুরীকে জেরা শুরু করেন আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। তিনি সাক্ষীর কাছে জানতে চান, আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন কি না? জবাবে সাক্ষী বলেন, তিনি সাক্ষ্য দেওয়ার জন্য এসেছেন কিন্তু প্রস্তুতি নিয়ে আসেননি।ঢাকা সেন্ট্রাল কলেজিয়েট স্কুলে তিনি কত সালে পড়তেন ও এটি কোথায় অবস্থিত ছিল? আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, তিনি ১৯৬৯ সালে এই স্কুলে পড়তেন। সে সময়ে এটি ধানমন্ডি দুই নম্বরে ছিল। কোন বয়স থেকে রাজনীতির সঙ্গে জড়িত? আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, তিনি কিশোর বয়স থেকেই রাজনীতির সঙ্গে জড়িত।জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।