‘আলীমের নির্দেশে কয়েকজন হিন্দুকে হত্যা করা হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী নুরুল ইসলাম। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের মে মাসের শেষ দিকে আলীম ও পাকিস্তানি সেনাদের নির্দেশে কয়েকজন হিন্দুকে নির্যাতনের পর খঞ্জনপুর কুঠিবাড়িতে নিয়ে গুলি করে হত্যা করা হয়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রায় এক ঘণ্টা জবানবন্দি দেন নুরুল ইসলাম (৬৮)। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নুরুল ইসলাম জবানবন্দিতে বলেন, ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়ন করতেন। পরে অধ্যাপক মোজাফফর আহমেদের নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগ দেন। মুক্তিযুদ্ধকালে তিনি মুক্তিযোদ্ধাদের তথ্য সরবরাহ করতেন। তিনি বলেন, একাত্তরের মে মাসে পাকিস্তানি সেনারা ক্ষেতলালে যায় এবং ক্ষেতলাল থানা ও স্থানীয় উচ্চবিদ্যালয়ে ক্যাম্প করে। পরে আলীমের সহায়তায় জয়পুরহাট শহরে শাওনলাল বাজলার বাড়ি দখল করে শান্তি কমিটি ও পাকিস্তানি সেনাদের ক্যাম্প করা হয়। জয়পুরহাট, আক্কেলপুর, পাঁচবিবি ও ক্ষেতলালের এসব ক্যাম্প থেকে ওই সময়ে মানবতাবিরোধী অপরাধ পরিচালিত হতো।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের মে মাসের শেষ দিকে একদিন তিনি দুই বন্ধুর সঙ্গে হারুঞ্জাহাট ও উত্তর হাটশহরের হিন্দুদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যান। এ সময় তাঁরা পাকিস্তানি সেনা, রাজাকার ও শান্তি কমিটির সদস্যদের হারুঞ্জাহাট গ্রামে ঢুকতে দেখেন। তাঁরা জানতে পারেন, পাকিস্তানি সেনা, রাজাকার ও শান্তি কমিটির সদস্যরা উত্তর হাটশহরেও ত্রাস সৃষ্টি করেছে। এদের একটি অংশ হারুঞ্জাহাটে গিয়ে তাঁর (সাক্ষী) পরিচিত বাদল ও শচীনকে ধরে উত্তর হাটশহরে নিয়ে যায়। পাকিস্তানি সেনা, রাজাকার ও শান্তি কমিটির সদস্যরা উত্তর হাটশহর গ্রামের প্রভাষ চন্দ্র শীল, মণীভূষণ ওরফে ফণীভূষণ চক্রবর্তী, কার্তিক বর্মণ, নিমাই চন্দ্র, প্রিয়নাথ বর্মণ ও আরও তিনজনকে ধরে এবং বাদল ও শচীনকে তাঁদের সঙ্গে বন্দী করে ক্ষেতলালে নিয়ে যায়। তাঁরাও পাকিস্তানি সেনা ও রাজাকারদের অনুসরণ করে ক্ষেতলালে যান। ক্ষেতলালে শান্তি কমিটির কার্যালয়ে নিয়ে ওই বন্দীদের নির্যাতন করা হয়। তাঁরা চিৎকার শুনতে পান। পরে বন্দীদের শাওনলাল বাজলার বাড়ির ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে আবদুল আলীম ও পাকিস্তানি সেনারা উপস্থিত ছিল। পরে আলীম ও পাকিস্তানি সেনাদের নির্দেশে ওই বন্দীদের খঞ্জনপুর কুঠিবাড়িতে নিয়ে গুলি করে হত্যা করা হয়।জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।কাদের মোল্লার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি: একই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান জবানবন্দি দেন। তিনি এই মামলায় রাষ্ট্রপক্ষের দ্বাদশ ও শেষ সাক্ষী। তাঁকে জেরার জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।