‘আলীমের নির্দেশে সেনারা ১১ জনকে গুলি করে হত্যা করে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী মো. আবদুল হামিদ সাকিদার (৫৮)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে আলীমের নির্দেশে পাকিস্তানি সেনারা জয়পুরহাটের বারঘাটি পুকুরের পাশে ১১ জনকে গুলি করে হত্যা করে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুল হামিদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে আবদুল হামিদ বলেন, তাঁর বাড়ি জয়পুরহাট সদর থানায়। আলীম ছিলেন জয়পুরহাটের মুসলিম লীগের নেতা। তিনি জয়পুরহাটে শান্তি কমিটি প্রতিষ্ঠা করেন এবং এর চেয়ারম্যান ছিলেন। তিনি মুসলিম লীগ এবং জামায়াতের সদস্যদের নিয়ে শাওন লাল বাজলার গদিঘর দখল করেন। সেখানে রাজাকারদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং পাকিস্তানি সেনাদের ক্যাম্প স্থাপন করা হয়। আলীমের নির্দেশে পাকিস্তানি সেনা ও রাজাকার বাহিনী গ্রামে গ্রামে অগ্নিসংযোগ এবং লোকজনকে ধরে নিয়ে গুলি করে হত্যা করত।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, একদিন মুখে কালি মাখা ১১ জনকে আলীম, পাকিস্তানি সেনা ও রাজাকাররা ধরে নিয়ে জয়পুরহাটের বারঘাটি পুকুরের উত্তর পাশে দাঁড় করায়। এ সময় আলীমের নির্দেশে পাকিস্তানি সেনারা ওই ১১ জনকে গুলি করে হত্যা করে। নিহত ব্যক্তিদের লাশ পুকুরের পাশে আম ও লিচু গাছের নিচে পুঁতে রাখা হয়। তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার চার-পাঁচ মাস পর তাঁরা ওই পুকুরে জাল ফেললে এক-দেড় শ কঙ্কাল উঠে আসে। ওই পুকুরটির মালিক ছিলেন তাঁরা।জবানবন্দি শেষ হলে আবদুল হামিদকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। একটি প্রশ্ন শেষে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।