‘আলু নিয়া হামরা খুব বিপদে আছি বাহে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এইবার মনে করেন হামরা পথত বসমো বাহে। ১২ শ টাকা মণ বীজ আলু কিনে গাড়ছিনু। কিন্তুক বাজারোত এলা দাম নাই। কোল্ডস্টোরত থুবারও জায়গা নাই। আলু নিয়া হামরা খুব বিপদে আছি বাহে?’ তারাগঞ্জ বাজারে আলু বিক্রি করতে এসে এভাবে হতাশা প্রকাশ করেন মেনানগর গ্রামের কৃষক আনছার আলী। আলু আবাদ করে তাঁর মতোই এবার বিপাকে পড়েছেন উপজেলার কয়েক হাজার কৃষক। হিমাগারে জায়গা নেই, বাজারে দাম নেই, এ কারণে হতাশ হয়ে পড়েছেন তাঁরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে আলু চাষ হয়েছে। তিন হাজার ৫৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও গত বছর দাম ভালো পাওয়ায় এ বছর চাষ হয়েছে চার হাজার ২০ হেক্টরে। ফলে অধিক আলু বাজারে আসায় ভালো দাম পাওয়া যাচ্ছে না। উপজেলার বিভিন্ন হাটবাজারে খোঁজ নিয়ে এবং কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরুতেই বাজারে আসা সাদা জাতের আলু বিক্রি হচ্ছে মণপ্রতি ২০০-২২০ টাকা। গত বছর এ সময়ে এ আলু বিক্রি হয়েছিল ৪০০-৫০০ টাকায়। চলতি মৌসুমে কৃষকেরা চড়া মূল্যে আলুর বীজ, কীটনাশক ও সার কিনে আলু চাষ করায় তাঁদের উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। বর্তমানে আলুর দাম খুব কম হওয়ায় তাঁরা তাঁদের উৎপাদন খরচও তুলতে পারছেন না। জগদীশপুর গ্রামের কৃষক সেকেন্দার আলী জানান, লাল আলুর দাম একটু বেশি, কিন্তু এ আলুর ফলন কম। বর্তমান লাল আলুর বাজারদর ২৮০-৩০০ টাকা এবং সাদা জাতের ২০০-২২০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কৃষকেরা জমি থেকে আলু উৎপাদন করে ওই জমিতে ইরির চাষ করেন। এ কারণে তাঁরা জমিতে আলু রাখতে পারছেন না। আবার আলু রাখার জন্য হিমাগারে ধরনা দিয়েও জায়গা না পাওয়ায় তাঁরা কম মূল্যে আলু বিক্রি করছেন। গত ২২ মার্চ সকাল ১০টায় সিন্হা হিমাগারে গিয়ে দেখা গেছে, হিমাগারের সামনে বামন দীঘিডাঙ্গীর হাট সড়কের দুই পাশে হাজার হাজার বস্তা আলু পড়ে আছে। আলু পাহারা দিতে গিয়ে কৃষকেরাও কয়েক দিন ধরে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। হিমাগারের প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মাইকে প্রচার করছে, হিমাগারের ভেতরে আলু রাখার জায়গা নেই। হিমাগারে রাখার জন্য আলু নিয়ে আসা ফকিরপাড়া গ্রামের মোকছেদুল হক বলেন, ‘এইবার চার বিঘায় ২৭১ মণ সাদা আলু পাছি। ১১ মণ খাবার থুয়া ৬০ মণ ২১০ টাকা মণ দরে বেছে ফেলাইছি। ১০০ মণ বস্তাত ভরি সিন্হা কোল্ডস্টোরের সামনে আনি পাঁচ দিন থাকি বসি আছি। কিন্তুক আলু কোল্ডস্টোরেজে ঢোকাপার পাচ্ছি না। এলা ফির কোল্ডস্টোরের ম্যানেজার আলু ঘুরি নিকবার কয়ছে।’ সরকারপাড়া গ্রামের জাহেদুল হক বলেন, ‘ভাই ৫০০ টাকা ভ্যান ভাড়া দিয়া সিন্হা কোল্ডস্টোরে আলু নিয়া যেয়া চার দিন রাত কাটাইছি। আলুগুলা ঢোকাপার জন্য কোল্ডস্টোরের ম্যানাজারের হাত-পা-ও ধরছি। তাও আলু ঢুকায় নাই।’ সিন্হা কোল্ডস্টোরের ম্যানেজার রিফাত হোসেন বলেন, কোল্ডস্টোরের আলু না আনার জন্য কয়েক দিন ধরে মাইকিং করা হচ্ছে। হিমাগারে নয় হাজার ২৪০ টন আলু রাখার জায়গা আছে। কিন্তু এবার উপজেলায় ৬০-৭০ হাজার টন আলু হয়েছে। এত আলু রাখার জায়গা এই হিমাগারে নেই। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াজেদ বলেন, এবারই ৯২ হাজার ৬০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আলুর বাম্পার ফলনের কারণে বাজারে ধস নেমেছে। দুই-তিন মাস এ আলু সংরক্ষণ করে রেখে বিক্রি করলে কৃষকেরা লাভবান হবেন।