‘আলোকিত নবীন নেতৃত্ব আলোকিত দেশ’
‘আলোকিত নবীন নেতৃত্ব, আলোকিত দেশ’ স্লোগান সামনে রেখে ১৭ ডিসেম্বর শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী প্রথম আলো বন্ধুসভা সমাবেশ ২০১০। উৎসবে পরিণত হবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট মাঠ। এটি হবে প্রথমবারের মতো সবচেয়ে বড় বন্ধুসমাবেশ। এতে অংশ নিচ্ছেন ১৪০টি বন্ধুসভার এক হাজার ৬৫০ জন বন্ধু। সমাবেশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালা। প্রতিটি বন্ধুসভা প্রদর্শন করবে দেয়ালিকা।সমাবেশে আসার জন্য বন্ধুদের প্রস্তুতির কমতি নেই। রংপুর বন্ধুসভার সহসভাপতি নাজমুল আলম জানান, ‘এই সমাবেশে থাকবে আমাদের একটা ভিন্ন ধরনের চমক। স্বাধীনতার ৪০ বছরকে ধরে সাজানো হয়েছে আমাদের বিভিন্ন পরিবেশনা।’ থেমে নেই সিলেট বন্ধুসভার বন্ধুরা। আর গাজীপুরের মৌচাকে তাঁবু খাটানোসহ আয়োজনের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ।নিবন্ধিত বন্ধুরা ১৬ ডিসেম্বর থেকে তাঁবুযাপন শুরু করবেন। মূল অনুষ্ঠান শুরু হবে ১৭ ডিসেম্বর সকাল নয়টায়। চলবে রাত পর্যন্ত। পরের দিন একই সময়ে অনুষ্ঠান শুরু হবে এবং ক্যাম্প-ফায়ারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হবে। দুই দিনের এই সমাবেশে উপস্থিত থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, লেখক মুহম্মদ জাফর ইকবাল, অভিনেতা ও লেখক আফজাল হোসেন, অভিনেতা জাহিদ হাসান ও জয়া আহসান, গায়ক মাহমুদুজ্জামান বাবু, উপস্থাপক আবদুর নূর তুষার, এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমসহ দেশের অনেক বিশিষ্টজন এবং অভিনয় ও সংগীতশিল্পীরা।