‘আল্লা আমাগো কথা শুনছে’
শিশুটির বয়স মাত্র দুই বছর ছয় মাস। জন্মের কয়েক দিন পর থেকেই তার মাথা অস্বাভাবিক বড় হতে থাকে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, শিশুটির মস্তিষ্কে পানি জমেছে। জরুরি অপারেশনের পরামর্শ দেন তাঁরা। কিন্তু কৃষক পরিবারের পক্ষে চিকিৎসার এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। হতভাগ্য শিশুটির নাম সজীব। বাড়ি নড়াইলের বওয়াখালি গ্রামে।শিশুটির কৃষক বাবা জাহাঙ্গীর শেখ বলেন, ‘আমরা কত আল্লারে ডাকছি, কত কানছি, কইছি, আল্লা আমার ছাওয়ালডারে ফ্যালাইয়া (বাঁচিয়ে) যাও। মনে কয়, আল্লা আমাগো কথা শুনছে।’ টাকার অভাবে যখন এই পরিবারটি শিশুটির আসন্ন মৃত্যু মেনে নিতে শুরু করেছে, তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো ও স্পাইন সার্জন মহসীন আলী ফরাজী উদ্যোগ নিয়ে শিশুটির মাথায় জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার করেন। ভেনটরি ক্লো পেরেটনিয়াল সান্ট অস্ত্রোপচার (মাথার পানি পেটের মধ্যে নিয়ে আসার কৃত্রিম ব্যবস্থা) ঢাকার বাইরে এর আগে খুব বেশি হয়নি। বেসরকারি ক্লিনিকে অপারেশনের জন্য ব্যয় হতো ৫০ থেকে ৭০ হাজার টাকা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ এপ্রিল এই অস্ত্রোপচারের পর শিশুটি এখন অনেকটা সুস্থ। এর আগে অসহায় পরিবারটি ১ এপ্রিল হাসপাতালে শিশুটিকে ভর্তি করে। নিউরো ও স্পাইন সার্জন মহসীন বলেন, ‘পরিবারটি অনেক দেরি করে ফেলেছে। শিশুটির মাথা অনেক বড় হয়ে যাওয়ায় অপারেশনটি খুবই জটিল ছিল। জীবন-মৃত্যুর সম্ভাবনা ফিফটি ফিফটি। মানবিক কারণেই আমি শেষবারের মতো চেষ্টা করে দেখেছি। বাচ্চাটি এখন বিপদমুক্ত।’ শিশুর মা সাবিনা বলেন, ‘এই ডাক্তারসাব না হলি আমার ছাওয়ালডা বাঁচতো না। আমাগো অত টাহাও নাই। অপারেশনের আগে দায়-দাবি ছাইড়ে দিছিলাম। কইছি আপনি যা ভালো বোঝেন, তাই করেন। ডাক্তারসাব মনে হয় ফেরেশতা, আল্লা তারে আমাগো জন্নি (জন্য) পাঠাইছে।’