‘আল্লাহই জানেন কবে কারেন্ট পাব’
‘কত কষ্ট করে গ্রামে লাইন আনলেম। অফিসি ঘুরতি ঘুরতি জান শেষ। কারেন্ট পালেম না। অফিসি গেলি জেএম সাহেব কয়, এ বছরেই পাবেন। এই শুনতি শুনতি পাঁচ বছর চলে গেল। আল্লাহই জানেন কবে কারেন্ট পাব।’ পাবনার চাটমোহর উপজেলার আনকুটিয়া গ্রামের মুদির দোকানি মনছের আলী বিদ্যুতের সংযোগ পাচ্ছেন না কেন, জানতে চাইলে এভাবেই তাঁর প্রতিক্রিয়া জানান। আনকুটিয়া গ্রামের মতো আরও ২৪টি গ্রামে বিদ্যুতের খুঁটি পুঁতে তার টানা হলেও দীর্ঘদিনেও সংযোগ পাচ্ছে না গ্রামবাসী।পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, সমিতির আওতায় ২০০৫-০৬ অর্থবছরে ফরিদপুর উপজেলার টিয়ারপাড়া, দিঘুলিয়া ও কালিয়ানী গ্রামে, ভাঙ্গুড়া উপজেলার সিংগাড়ী (কলকতি), বড়াল আদর্শ গ্রাম ও ভাঙ্গুড়া মাষ্টারপাড়া গ্রামে, আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া ও শিবপুর গ্রামে, চাটমোহর উপজেলার চুনাখারপাড়া, নেংড়ি, আনকুটিয়া, বামনগ্রাম, উথুলি ও পাকপাড়া গ্রামে, ঈশ্বরদী উপজেলার চরমধুপুর, ভারইমারী ও চরমিরকামারী গ্রামে এবং পাবনা সদর উপজেলার ঘরনাগরা, চরবাঙ্গাবাড়ি, টিকুরি উত্তরপাড়া, সানিকদিয়ার, হরিয়াবাড়ি, ক্ষুদ্রবাটিয়া (ধরবিলা) ও সিংড়া গ্রামে বিদ্যুত্ সঞ্চালন লাইন টানা হয়। প্রায় পাঁচ বছরেও ওই ২৪ গ্রামে স্থাপিত মোট ৭ দশমিক ০০৯ কিলোমিটার লাইনে বিদ্যুত্ পৌঁছায়নি।পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর মহাব্যবস্থাপক মো. ওমর আলী বলেন, মিটার, ট্রান্সফরমার, সার্ভিসড্রপ তারসহ আনুষঙ্গিক মালামালের সংকটের কারণে এসব গ্রামে লাইন টানা থাকলেও সংযোগ দেওয়া যায়নি। তিনি আরও বলেন, চলতি বছরেই বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিশেষ প্রকল্পের অর্থায়নে এসব গ্রামে বিদ্যুত্ সংযোগ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এমএস) ওমর আলী বলেন, মালামাল সরবরাহ পাওয়ার সঙ্গে সঙ্গেই এসব গ্রামে সংযোগ দেওয়ার কাজ শুরু করা হবে।সমিতি বোর্ডের পরিচালক আব্দুস সালাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে এমনিতেই দুই বছর বিদ্যুত্ সংযোগ দেওয়া বন্ধ ছিল।