‘আশরাফের বক্তব্য মন্ত্রীর, রাজনীতিবিদের নয়’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নিরুপায় হয়েই বিএনপি হরতাল দিচ্ছে। আট দিন হয়ে গেল ইলিয়াসের কোনো খোঁজ নেই। তাঁকে ফিরিয়ে দিলে বিএনপি কোনো কঠোর কর্মসূচি দেবে না।‘হরতাল না দিয়ে সরকারকে সহযোগিতা করা উচিত’ স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ইসলামের এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।হরতালে আহত ঠাকুরগাঁও মহিলা দলের এক নেত্রীকে দেখতে আজ বৃহস্পতিবার পঙ্গু হাসপাতালে যান মির্জা ফখরুল। হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।সরকারই ইলিয়াসকে গুম করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘একটি পত্রিকায় বেরিয়েছে, গুলশান জোনের একজন সাব ইন্সপেক্টর দেখেছেন, সরকারের বিশেষ সিক্রেট বাহিনী ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। এর পরও সরকার বলছে, তাঁকে তুলে নেওয়া হয়নি।’ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সৈয়দ আশরাফ যা বলেছেন, তা একজন মন্ত্রীর বক্তব্য, রাজনীতিবিদের নয়। উনি সঠিক কথা বলেননি। আমি খুশি হতাম, যদি তিনি স্বীকার করতেন যে তারা ইলিয়াস আলীকে খুঁজে পাননি। অথবা তাঁকে তুলে নেওয়া হয়নি।’