‘আশা করি, আবাহনীই চ্যাম্পিয়ন হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বাংলাদেশ লিগে প্রথম ৯ ম্যাচে দুই হ্যাটট্রিকসহ ১৩ গোল করেছেন। পরের ১০ ম্যাচে চোটের কারণে বাইরে। আজকের শিরোপা নির্ধারণী ম্যাচেও আবাহনী পাচ্ছে না তাদের ‘গোলমেশিন’ লাকি পলকে। কাল বিকেলে আবাহনী যখন অনুশীলনে নামছে, বিষণ্ন-হতাশ নাইজেরিয়ান স্ট্রাইকার গেলেন চিকিৎসকের কাছে। রুটিনমাফিক এই কাজটাই এখন করতে হচ্ছে তাঁকে কাল (আজ) আবাহনীর অঘোষিত ফাইনাল। অথচ আপনি নেই। মনের অবস্থা কী?লাকি পল: খুব কষ্ট হচ্ছে। কত আর শুয়েবসে থাকা যায়। প্রায় দুই মাসের বেশি হলো পায়ে চোট পেলাম। আস্তে আস্তে সেরে উঠছি। আরও বোধ হয় মাস খানেক লাগবে। তারপর আশা করি, খেলতে পারব। কিন্তু এই সময়টাকে তো আর ফিরে পাবেন না। দলের সঙ্গে থেকেও আপনি নেই। পল: এটাই সবচেয়ে বেশি কষ্টের। যদি দেশে চলে যেতাম, তাহলে একটা কথা ছিল। সবকিছু থেকে দূরে থাকা যেত। কিন্তু দল খেলছে আর আমি তা দেখতেও পারছি না। এটা বেদনাদায়ক।  আপনার চেয়ে মাত্র চার গোল বেশি নিয়ে (১৭ গোল) সবার ওপরে বিজেএমসির ইসমাইল। এটা কতটা হতাশার?পল: ভীষণ হতাশার। সেরা ফর্মে ইনজুরিতে পড়লাম। সেদিনের অনুশীলনে মাঠ থেকে বেরোনোর সময় গোটা পৃথিবীটাকে অন্ধকার লাগছিল। এখনো যেন অন্ধকার। লিগের সব ম্যাচ খেলতে পারলে অন্তত ২৫টি গোল করতে পারতাম মনে হচ্ছে।  মাঠে যাবেন কাল? নাকি ক্লাবেই থাকবেন?পল: মাঠে যেতে পারব না। চোটের পর কোনো ম্যাচেই মাঠে যাইনি। চলাফেরাই তো করতে পারছি না। এখন তবু একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারি। কদিন আগেও ক্রাচই ছিল ভরসা (রুমে বিছানার পাশেই ক্রাচ দেখিয়ে...)। তবে কাল টিভিতে ম্যাচ দেখাবে শুনেছি, তাই অন্তত টিভিতে দেখতে পাব।  কী মনে হয় আবাহনী শিরোপা জিতবে?পল: আশা করি, আবাহনী জিতবে। ১ পয়েন্ট হলেই চলবে, তবে মুক্তিযোদ্ধাকে হারানোর ক্ষমতা রাখে আবাহনী। খুব ভালো একটা দল আমরা। আমি না থাকায় একটু সমস্যা হয়েছে ঠিকই, তবে অন্যরা তা পূরণ করে নিয়েছে।  চোট নিয়ে দুই মাসের বেশি সময় ক্লাবেই আছেন। সময় কীভাবে কাটে?পল: সময় কাটে না। কী আর করব, ল্যাপটপ নিয়ে থাকি। গান-টান শুনি। সতীর্থরা সবাই খুব যত্ন করে। খোঁজখবর নেয়। মাঝেমধ্যে এটাও ভাবি, এর চেয়েও মারাত্মক কিছুও হতে পারত।  এমনিতে কী হয়েছিল? কীভাবে চোট পেলেন?পল: অনুশীলনে গোলরক্ষক আলীর সঙ্গে সংঘর্ষ হয়। বাঁ হাঁটুর নিচে শিনে চিড় ধরে। ডাক্তার তখনই বলে দেয়, সময় লাগবে সেরে উঠতে। লিগ থেকেই ছিটকে গেলাম। ভাবিনি, এমন দুর্ভাগ্য আমাকে তাড়া করবে। দেশে ফিরলেন না কেন? বাড়ির লোকেরা চিন্তা করছে না?পল: এখানে চিকিৎসা শুরু করেছি। দেশে গিয়ে আবার নতুন ডাক্তার, নতুন চিকিৎসা...। তা ছাড়া আবাহনী ক্লাবও থাকতে বলল। বাড়িতে সবাই অবশ্য চিন্তা করে। মা-বাবা নেই। ছয় বোনের সবারই বিয়ে হয়ে গেছে। ওরা তো বলেছেই, বিশ্ববিদ্যালয়পড়ুয়া একমাত্র ছোট ভাইটাও বলেছে, দেশে ফিরে যেতে। দিন কয়েকের মধ্যে তাদের কাছেই আপাতত ফিরে যাব।