মুশফিকুর রহিমের ডায়েরি লেখার অভ্যাস আছে। কবিতা-টবিতা পড়েন বলে কারও জানা নেই। পাকিস্তানের বিপক্ষে অগ্নিপরীক্ষার সমার্থক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের কথা শুনে অবশ্য মনে হলো, এই মাত্র নরেশ গুহর কবিতার লাইনটা পড়ে এসেছেন—‘আশা রাখো জীবনের যত অসম্ভবে’।মুশফিকুর রহিমের কথার সারাৎসার এ রকম— বাঁচা-মরার ম্যাচ হারানোর কিছু নেই অসম্ভব কিছু নয় পাকিস্তান ভালো দল, কিন্তু অপরাজেয় নয়। কথাগুলো অজানা কিছুও নয়। অনুমেয়ও। সামনে যত উঁচু পাহাড়ই থাকুক, অক্সিজেন ট্যাংকে যতই ফুটো থাক, অধিনায়ককে তো তা টপকানোর মন্ত্রই আওড়াতে হবে। শেষ কথাটা ক্রিকেটের আপ্তবাক্যের একটি। তবে ম্যাচটা যখন বাংলাদেশ-পাকিস্তান, সেটি এখনো প্রমাণের অপেক্ষায়। বাংলাদেশের এই দলের সবার কাছে পাকিস্তানের তো ‘অপরাজেয়’ ভাবমূর্তিই। ও হ্যাঁ, পাকিস্তানকেও হারানো যায়—এই দাবি করার মতো একজন আছেন দলের সঙ্গে। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটন-মহাকাব্যে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার। প্রধান নির্বাচক আকরাম খান।সেই স্মৃতি তর্পণ করে যে আর কত দিন যাবে? টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই একটাই দল, কোনো ধরনের ক্রিকেটেই যাদের হারাতে পারেনি বাংলাদেশ। সবচেয়ে কাছাকাছি এসেছিল গত এশিয়া কাপ ফাইনালে। বাংলাদেশের হূদয় এফোঁড়-ওফোঁড় করে দেওয়া ২ রানের ওই পরাজয়ের পর এই প্রথম আবার দেখা হচ্ছে দুই দলের। সুপার এইটে উঠতে হলে যাতে শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে।গত পরশু পাকিস্তানের কাছে ১৩ রানে হেরেও নিউজিল্যান্ড নিশ্চিন্তে সুপার এইটে উঠে বসে আছে। বাংলাদেশ দলে এমন একটা ধারণা আছে, এই ম্যাচটা নিউজিল্যান্ড যত না জিততে চেয়েছিল, তার চেয়ে বেশি পরাজয়ের ব্যবধান কম রাখতে। যাতে সুপার এইটটা নিশ্চিত হয়। এ ধারণার পক্ষে যুক্তিও মজুদ। নিকোল-উইলিয়ামসনকে ওপেনিংয়ে পাঠানো, ড্যানিয়েল ভেট্টোরির চার নম্বরে নামা, রস টেলরের ছয়ে নেমে যাওয়া—এ সবকিছুই তো ‘নিরাপদ ক্রিকেট’ খেলার ইঙ্গিতবাহী।‘গ্রুপ অব ডেথ’ এখন এসে ঠেকেছে চূড়ান্ত প্রশ্নে—পাকিস্তান বা বাংলাদেশ? উত্তরটা ‘বাংলাদেশ’ হতে হলে দুটি শর্ত। প্রথম শর্ত তো অবশ্যই বাংলাদেশকে জিততে হবে। তা না হলে দ্বিতীয় শর্তটা অর্থহীন হয়ে যাবে। জিতলেই না আসবে নেট রানরেটের প্রশ্ন। তাতে পাকিস্তানকে টপকে যেতে বাংলাদেশকে জিততে হবে ৩৬ রান বা এর বেশি ব্যবধানে। পরে ব্যাট করলে সমীকরণটা কী হবে, সেটি পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার আগে জানার উপায় নেই।এমনিতে খেলার আগের হিসাবে এই ম্যাচে জয়ের আশা করা ‘জীবনের যত অসম্ভবে আশা' ছাড়া আর কিছু নয়। এর আগে দুই দলের ৫টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো জয় নেই বলেই শুধু নয়, টি-টোয়েন্টি দল হিসেবে পাকিস্তান যোজন-যোজন এগিয়ে। আগের তিনটি বিশ্বকাপের দুটিরই ফাইনালে ছিল ওরা। গতবার টানা তৃতীয় ফাইনালটা হতে হতে হয়নি মাইক হাসির অবিশ্বাস্য এক ইনিংসে।তার পরও খেলাটা ক্রিকেট। এর আগে কখনো হয়নি বলে হবেই না, এমন তো নয়। মুশফিকুর কথাটা বোঝাতে ভালো একটা উদাহরণও দিলেন, ‘কে ভাবতে পেরেছিল, ভারতের বিপক্ষে ইংল্যান্ড ৮০ রানে অলআউট হয়ে যাবে!’বিরল একটা স্বীকারোক্তিও পাওয়া গেল তাঁর কাছ থেকে। প্রথম ম্যাচে তিন বাঁহাতি স্পিনারকে খেলানোটা ভুল হয়েছে। বাঁহাতি স্পিনারদের একজনকে (ইলিয়াস সানি হওয়ার সম্ভাবনাই বেশি) বাদ দিয়ে বাড়তি একজন পেসার নিয়ে খেলার সিদ্ধান্তও একরকম চূড়ান্ত বলেই জানিয়ে দিলেন। আবুল হাসান, না ফরহাদ রেজা—এই দোলাচলের মধ্যেই যোগ হলো নতুন একটা উপসর্গ। দুপুরে ফিল্ডিং প্র্যাকটিসের সময় জহুরুলের থ্রো লাগল মাশরাফির পায়ে। সঙ্গে সঙ্গেই অনেকটা ফুলে গেল। প্র্যাকটিসের বাকি সময়টা পায়ে বরফ দিয়ে বসে রইলেন মাশরাফি। ফিজিও জানাচ্ছেন, গুরুতর কিছু নয়। তবে খেলতে পারা না-পারার ব্যাপারটা বোঝা যাবে আজ সকালে।অনুশীলনে সাকিব আল হাসানের অনুপস্থিতিও সাংবাদিক মহলে কৌতূহলের জন্ম দিল। অসুস্থ নাকি অন্য কোনো কিছু? মিডিয়া ম্যানেজার জানালেন, ভালো লাগছে না বলে হোটেলেই থেকে গেছেন সাকিব। সন্ধ্যার আগে আগে মুঠোফোনে সাকিবের সঙ্গে ছোট্ট কথোপকথনেও বাড়তি কিছু পাওয়া গেল না—প্রশ্ন: ঘুমাচ্ছেন নাকি?সাকিব: হ্যাঁ, ঘুমাচ্ছি।প্রশ্ন: অনুশীলনে যে এলেন না?সাকিব: এমনিই, ভালো লাগছিল না।প্রশ্ন: শরীর খারাপ না তো?সাকিব: না, না, ঠিক আছি।আকরাম খান সম্ভাব্য একটা কারণ বললেন, ‘ওর ওপর তো সব সময়ই অনেক চাপ থাকে। ও হয়তো ওর মতো করে মনঃসংযোগ করছে।’সাকিবও কি পারবেন? ম্যাচ তো সেই সন্ধ্যায়, এর আগ পর্যন্ত না হয় কবিতার ওই লাইনটাই আওড়ে যাই সবাই।আশা রাখো জীবনের যত অসম্ভবে !