১৯৮৪ সালে শুরু হয়েছিল জাতীয় হ্যান্ডবল। সেই থেকে খেলছেন তিনি। পল্টন হ্যান্ডবল মাঠে চলমান ২১তম জাতীয় হ্যান্ডবলেও খেলছেন আবদুল কাদের। এখানেই থেমে থাকতে চান না পুলিশ দলের এই খেলোয়াড়। জাতীয় হ্যান্ডবলের শুরু থেকে খেলছেন। এখন চলছে ২১তম আসর। এ তো অসাধারণ ব্যাপার...আবদুল কাদের: অসাধারণ কি না, জানি না। তবে আমি সেই ১৯৮৪ জাতীয় হ্যান্ডবলের শুরু থেকেই খেলছি। যত দূর মনে পড়ছে, সব কটি জাতীয় হ্যান্ডবলেই খেলেছি। আমার সমসাময়িক খেলোয়াড়েরা এখন আর খেলে না। হ্যান্ডবলে আমিই এখন সবচেয়ে সিনিয়র খেলোয়াড়। এটা ভাবতেই খুব ভালো লাগে। আপনি তো গিনেস বইয়ে নাম তোলার চেষ্টা করে দেখতে পারেন...কাদের: ওইভাবে কখনো ভাবিনি। তবে খোঁজখবর নেব এখন—কী করলে গিনেস বইয়ে নাম উঠতে পারে। যদি সম্ভব হয়, অবশ্যই চেষ্টা করে দেখব। তবে আমি ঠিক জানি না, কতগুলো জাতীয় প্রতিযোগিতায় খেললে রেকর্ড হবে। কী মনে হয়, কত দিন খেলতে পারবেন?কাদের: এখন আমার বয়স ৪৭। যথেষ্ট ফিট আছি। যত দিন শরীর সাড়া দেবে, খেলব। এত দীর্ঘ ধারাবাহিকতা কীভাবে ধরে রেখেছেন?কাদের: এটার মূল কারণ, হ্যান্ডবল খেলেই চাকরি পেয়েছি। জাতিসংঘ মিশনে গিয়েছি একবার। এই খেলাটা আমার ধ্যানজ্ঞান। এত দূর আসার পেছনে আমার মা-বাবার দোয়া ছিল। আমার প্রথম জীবনের ওস্তাদ আলী আসগর খান, তাঁকে এই সুযোগে কৃতজ্ঞতা জানাই। হ্যান্ডবলে এলেন কীভাবে?কাদের: ১৯৮৪ সালে আনসার একাডেমিতে আলী আসগর খান হ্যান্ডবল কোচিং করানোর সময় আমি পাশে দাঁড়ানো ছিলাম। তখন আমার চাকরি ছিল না। তাঁর হাত ধরে সাত দিনের মধ্যেই আনসার টিমে খেলার সুযোগ আসে আমার। আনসারে কত দিন ছিলেন?কাদের: বছর পাঁচেক। পুলিশে যোগ দিই ১৯৮৯ সালে। সেই থেকে পুলিশের কনস্টেবল পদে আছি। আমার দল আমাকে অনেক সহযোগিতা করেছে। খেলোয়াড়ি জীবনের সুখ-দুঃখের গল্পটা শুনতে চাই।কাদের: এই তো চলে যাচ্ছে...। হ্যান্ডবল খেলছি, চাকরি করছি। নেত্রকোনার বারহাট্টা থানার মল্লিকপুর গ্রামের একটা ছেলে এত দূর আসবে, টানা সব কটি জাতীয় হ্যান্ডবল খেলবে—একসময় আমার কাছে কল্পনাতীত ছিল। আপনি গোলরক্ষক হলেন কেন?কাদের: গোলকিপিং আমি স্বাচ্ছন্দ্যে করতে পারি। তাই হ্যান্ডবলে একেবারে শুরু থেকেই কিপিং করছি। কিপিং করতে গিয়ে একটা স্মরণীয় ঘটনা আছে। আশির দশকের শেষ দিকে আমরা আনসার দল ডিওএইচএসের বিপক্ষে খেলছিলাম। ওই ম্যাচে আমরা এক গোলে জিতেছিলাম (২২-২১ গোল)। স্মরণীয় ঘটনাটা কী?কাদের: ওই ম্যাচে কায়সার হামিদের ভাই সোহেল হামিদ ববি ডিওএইচএসের হয়ে খেলেছে। শেষ দিকে কাউন্টার অ্যাটাকে সোহেলের সামনে শুধু আমি। ওর গোলে মারা বল ফ্লাইং করে বাঁচিয়েছি। ও রকম ফ্লাইং করা খুবই কঠিন। ওই গোল বাঁচিয়ে আমরা জিতে যাই। জাতীয় হ্যান্ডবলের শুরু থেকে আছেন। কোনো পরিবর্তন দেখছেন?কাদের: অনেক পরিবর্তন আছে। আগের চেয়ে এই প্রতিযোগিতা উন্নত হয়েছে। এভাবে চললে সামনে আরও ভালো হবে। এই যে এত বছর খেলেও প্রচারে আসেন না, এটা ভাবলে কেমন লাগে?কাদের: খারাপ লাগে। আমাদের আসলে কেউই চেনে না। আজ পর্যন্ত কেউ কিছু জানতেও চায়নি। আশায় ছিলাম, যদি কোনো সাংবাদিক কথা বলতে আসে। আজ আপনি এলেন, দারুণ খুশি লাগছে। এটাকেই জীবনে একটা অর্জন মনে হচ্ছে। নিশ্চয় অনেক অপ্রাপ্তিও আছে...কাদের: এ পর্যন্ত জাতীয় দলে খেলার সৌভাগ্য হয়নি, এটা বড় অপ্রাপ্তি। তবে হ্যান্ডবল খেলে জীবন-জীবিকা চালাচ্ছি। দুই ছেলে ও এক মেয়ে আমার। তাদের নিয়ে জীবন কেটে যাচ্ছে, এটা কম নয়।