‘আশৈশব স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সার একাডেমিতেই বেড়ে ওঠা। কিন্তু পেশাদার ফুটবলে অভিষেক আর্সেনালের হয়ে ২০০৩ সালে। অনেক টানাপোড়েন, অনেক নাটক শেষে সেস ফ্যাব্রিগাস ফিরেছেন পুরোনো ঠিকানায়। দ্রুতই বার্সায় মানিয়ে নিয়ে খেলছেনও দারুণ। এই সাক্ষাৎকারে উঠে এল আর্সেনালের হয়ে তাঁর শেষ দিনগুলোর অভিজ্ঞতা আর্সেনালে আপনার সময় শেষ হয়ে এসেছে, এটা কখন বুঝতে পেরেছিলেন?সেস ফ্যাব্রিগাস: চূড়ান্ত সিদ্ধান্ত গত মৌসুমেই নিয়েছি। আর্সেনালের হয়ে আমরা চারটি প্রতিযোগিতাতেই ভালো করছিলাম। লিগ কাপ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ। লিগে তো একসময় আমরা দ্বিতীয় স্থানেও ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা কোনো কিছুই জিততে পারিনি। অবশ্য এমন নয়, কোনো শিরোপা না জেতার কারণেই আমি বার্সেলোনায় ফিরে আসতে চেয়েছি। আমি আসলে অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। বার্সাও একসময় আগ্রহ দেখাল। টাকা বা অন্য কোনো কিছুর জন্য নয়। আমি আসলে ঘরে ফিরতে চেয়েছিলাম। আর্সেন ওয়েঙ্গার আপনাকে জোর করে আটকে রেখেছে—এমনটা কখনো মনে হয়েছে?ফ্যাব্রিগাস: আসলে অনেকে তাঁর সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে বসে আছে। বুঝতে হবে, তিনি না থাকলে কিন্তু আজ আমি বার্সেলোনার খেলোয়াড় হতে পারতাম না, মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করতে পারতাম না। মাত্র ১৮ বছর বয়সেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলা হতো না। ২০ বছর বয়সে হতে পারতাম না অধিনায়ক। তিনিই শেষ পর্যন্ত আমার ইচ্ছা পূরণ করেছেন। আর্সেনালের কর্মকর্তারা কিছুতেই কোনো মূল্যেই আমাকে বেচতে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত তিনিই রাজি করিয়েছেন, চাপ দিয়েছেন আমার দাম কমাতে। গানারদের কাছে আপনার কোনো ঋণ থেকে গেছে কি?ফ্যাব্রিগাস: আমি আমার সবটুকু ঢেলে দিয়ে খেলেছি। ফলে বিবেকের দিক থেকে আমার কোনো অনুশোচনা নেই।  লন্ডন থেকে কী নিয়ে ফিরেছেন?ফ্যাব্রিগাস: অনেক স্মৃতি। এই শহর...লন্ডন সব সময় আমার নিজের শহর হয়েই থাকবে। সত্যি বলতে কি, আমি খুব একটা মিশুক স্বভাবের নই। তবে আর্সেনালের ড্রেসিংরুমে আমার অনেক বন্ধুকে ছেড়ে এসেছি।  ২০০৩ সালে বার্সেলোনা ছেড়ে যাওয়া কঠিন ছিল, নাকি এবার আর্সেনাল ছেড়ে আসা?ফ্যাব্রিগাস: বার্সা যখন ছেড়েছিলাম, আমার বয়স ছিল একদমই কম। বলা যায়, একটা ছোট্ট ছেলেই ছিলাম। তখন ভাবতেই পারিনি বার্সার সেরা একাদশে জায়গা পাব। কারণ, ওই সময় সবকিছু ছিল অন্য রকম। আন্দ্রেসের (ইনিয়েস্তা) কথা ভেবে দেখুন। ২৩ বছর বয়সেও সে প্যারিসের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে প্রথম একাদশে ছিল না, যদিও ও মাঠে নামার পর থেকেই আসলে বার্সা ভালো খেলতে শুরু করে (ওই ম্যাচে আর্সেনালেরই মুখোমুখি হয়েছিল বার্সা)। তখন আমার মনে হয়েছিল, ‘হায়, আন্দ্রেসই যদি সুযোগ না পায়, আমি তাহলে কোথায় থাকতাম!’ বড়জোর যুব দলের ‘এ’ দলে। আর আমি যখন এবার লন্ডন ছাড়লাম, কী হচ্ছে না হচ্ছে এ নিয়ে আমার অনেক ভালো ধারণা ছিল। অনেক পরিণত ছিলাম। সেদিক দিয়ে লন্ডন ছেড়ে আসাটাই বেশি কষ্টের ছিল। ওয়েঙ্গারের সঙ্গে শেষ দিনগুলো কেমন কেটেছে?ফ্যাব্রিগাস: আমি যক্ষের ধনের মতো করে সেই স্মৃতিগুলো আগলে রাখব। তাঁর সঙ্গে এত এত কথা হয়েছে...তাঁর সব পরামর্শই আজীবন মনে রাখব। শেষ দিনটা...উফ্ কথাই বলতে পারছিলাম না। এতটাই আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। পরে নিজেকে সামলে নিয়ে ওঁর সঙ্গে কথা হয়। সবকিছুর জন্য তাঁকে ধন্যবাদ জানাই। তাঁর কাছ থেকে যা পেয়েছি, সেটা অমূল্য। ইংল্যান্ড থেকে আপনি কী শিখেছেন?ফ্যাব্রিগাস: কী শিখেছি...একটু ভাবতে দিন। যখন সেখানে পা রাখি, আমি ছিলাম ১৬ বছরের একটা কিশোর। এখন তরুণ। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তবে ইংল্যান্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি শিখেছি সেটা হলো, ইংরেজি ভাষা! আমার সুদূরতম কল্পনাতেও ছিল না, পৃথিবীর সব প্রান্তের মানুষই বুঝতে পারবে, একদিন আমি এমন ভাষায় কথা বলব। ইংল্যান্ডে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি—দুঃসময়কে কীভাবে সামলাতে হয়।  ইংলিশ প্রিমিয়ার লিগে থেকে ছয় বছরে ফুটবলে কী শিখেছেন?ফ্যাব্রিগাস: অনেক কিছু। প্রথমত, লড়াইয়ের মানসিকতা। তাদের ওখানে ফুটবলটা স্প্যানিশ লিগের চেয়ে অনেক দ্রুতগতির, অনেক কঠিন। লা লিগায় খেলাটা বেশি মাত্রায় ট্যাকটিকস ও ডিসিপ্লিনের ওপর নির্ভরশীল। এখানে ধীরগতিতে খেলাটা তৈরি করা হয়। ইংল্যান্ডে কিন্তু স্কোরলাইন নিয়ে খুব বেশি মাথা ঘামানো হয় না। দরকার না থাকলেও ওখানে আক্রমণে উঠে যাওয়া হয়।  এবার একটু পেছনে ফিরে যাই। আপনি তো লা মাসিয়াতে মেসির সঙ্গেই বেড়ে উঠেছেন। তখনই কি জানতেন, মেসি একদিন গ্রেট খেলোয়াড় হয়ে উঠবে?ফ্যাব্রিগাস: আমাদের মধ্যে সে-ই ছিল সেরা। তার পরও ভবিষ্যতে কে কী হতে পারে, কেউ জানে না। আমরাও জানতাম না। তবে এটা জানতাম, আমাদের মধ্যে থেকে প্রথম কেউ যদি মূল একাদশে সুযোগ পায়, তো সেটি হবে মেসিই। সে ছিল সবচেয়ে প্রতিভাবান। টেকনিকের দিক দিয়েও সেরা। শারীরিকভাবে ও অবশ্য আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। ও কিন্তু খুবই স্মার্ট। ছোটখাটো বিষয়েরও সর্বোচ্চ ফায়দা তুলে নিতে জানে। কখনো দেখে মনে হবে, ও কিচ্ছু বোঝে না। কিন্তু ভেতরে ভেতরে ও কিন্তু জাত লড়াকু, আশেপাশে কী ঘটছে, সেটা ও ভালো করেই নজরে রাখছে। বার্সায় ফিরে প্রথম কী শিখলেন?ফ্যাব্রিগাস: শিখলাম পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সবচেয়ে সহজ করে খেলা। মেসি, ইনিয়েস্তা, জাভিদের দেখুন...এত সহজ করে মানুষ কীভাবে খেলে!  পেপ গার্দিওলার কাছ থেকে প্রথম কী বার্তা পেয়েছিলেন?ফ্যাব্রিগাস: বিশেষ কিছু নয়। তিনি শুধু আমাকে কঠোর পরিশ্রম করে একাদশে জায়গা অর্জন করে নিতে বলেছেন। আপনার মতো খেলোয়াড়কে মাঝেমধ্যে বেঞ্চে বসে থাকতে হচ্ছে, এটা মেনে নিতে পারছেন?ফ্যাব্রিগাস: দেখুন, কেবল জাভি, ইনিয়েস্তা, মেসিদেরই মানায় পুরো সময় খেলতে না-পারা নিয়ে অভিযোগ করা। তারাই যখন কিছু বলে না...আমি তো তাদের অনেক সমীহ করি। কোচ যখন চাইবেন, আমি তখনই খেলব। শৈশবে আপনার স্বপ্ন কী ছিল? কী হতে চাইতেন?ফ্যাব্রিগাস: এখন যেটা হয়েছি। আমার আশৈশব স্বপ্নই ছিল বার্সার হয়ে খেলব একদিন।অনুবাদ: রাজীব হাসান