‘আশ্চর্য লাগে এ ছাত্রলীগ কি সেই ছাত্রলীগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান ছাত্রলীগ কর্মীরা ত্যাগের নয় ভোগের রাজনীতি করে। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি বাদ দিয়ে তারা ভর্তি-বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে লিপ্ত। এমনকি নিজ দলের কর্মীদের রক্তে হাত রাঙাতেও দ্বিধাবোধ করে না তারা। আজকের ছাত্রলীগের কার্যক্রমে লজ্জিত স্বাধীনতার নেপথ্যে থাকা ছাত্রলীগের গৌরবময় ইতিহাস। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব অভিযোগ করেন। ঐতিহাসিক সাতই জুন ও ছয় দফা দাবি নিয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নূরে আলম সিদ্দিকী।সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, দেশ অর্থনৈতিক দিক থেকে সফল হলেও জনসাধারণ তার সুফল পাচ্ছে না। কারণ, দেশের অর্থনীতি একদিকে আর রাজনীতি চলছে আরেক দিকে।মোস্তফা মহসীন মন্টু বলেন, আজকের ছাত্রলীগের কর্মীরা আদর্শ-চরিত্র হারিয়ে চাঁদাবাজি, ভর্তি-বাণিজ্যে লিপ্ত। যেটা আমাদের সময়ে কল্পনাই করা যায় না। আজকের ছাত্রলীগ দেখে আশ্চর্য লাগে এই ছাত্রলীগ কি সেই ছাত্রলীগ—বলে প্রশ্ন তোলেন তিনি।মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনী মেনিফেস্টোতে বঙ্গবন্ধুর স্বপ্নের নতুন ধরন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন জনগণকে দেখিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। কিন্তু গ্যাস-বিদ্যুত্-পানি কোনো সমস্যারই সুরাহা হয়নি। এমন অবস্থায় সরকার যখন আগামী নির্বাচন নিয়ে চিন্তিত, তখন ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে একজন আওয়ামী-সমর্থক হয়ে আমাদের লজ্জায় ফেলে। ঐতিহাসিক সাতই জুন নিয়ে বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য সংশোধনের দাবি জানান ছাত্রলীগের প্রথম সভাপতি শেখ শহীদুল ইসলাম। তিনি বলেন, সাতই জুনের হরতালে ছাত্র ইউনিয়নের কোনো সমর্থন ছিল না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিহাসকে ঠিক করার নামে ইতিহাস বিকৃতি করা হচ্ছে। এ ছাড়া বর্তমানের সংঘাতপূর্ণ রাজনীতির সমাধান রাজপথে বা সংসদে বলে উল্লেখ করেন তিনি।ছাত্রলীগ কর্মীদের মধ্যকার সুযোগ সন্ধানীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান প্রাক্তন ছাত্রলীগ নেত্রী রাফিয়া আখতার। তিনি বলেন, সড়ক ভবনে গিয়ে ডিজিটাল ছাত্রলীগ কর্মীরা একে অপরের দিকে গুলি ছোড়ে। তাদের কাছে কীভাবে আদর্শের রাজনীতি আশা করা যাবে।আলোচনা সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতারা অংশ নেন।