‘আসতে বাধ্য’ হওয়া বাংলাদেশিদের প্রসঙ্গে কথা তুলবে বামফ্রন্ট
বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন, তাঁদের জোট রাজ্যে আবার সরকার গঠন করতে পারলে বাংলাদেশসংশ্লিষ্ট দুটি বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ-আলোচনায় অগ্রাধিকার দেবে। এর একটি তাঁর ভাষায়, ‘১৯৭১ সালের পরে যাঁরা বাংলাদেশ থেকে আসতে বাধ্য’ হয়েছেন, তাঁদের নাগরিকত্ব এবং অন্যটি বিশ্ব হেরিটেজ সুন্দরবনের সুরক্ষায় যৌথ প্রচেষ্টা।গতকাল মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিমান বসু নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি চুক্তি রয়েছে এবং তা বাতিল হয়নি বলে উল্লেখ করেন। বাংলাদেশ সরকারের ওয়াকিবহাল সূত্রগুলো গতকাল প্রথম আলোকে নিশ্চিত করে, এ ধরনের কোনো চুক্তি দুই দেশের মধ্যে নেই। উল্লেখ্য, বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিতে মাঝেমধ্যে ইস্যু সৃষ্টি করে থাকে যে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে যাঁরা উদ্বাস্তু হয়ে এসেছেন, তাঁদের অনেকেই ফেরেননি। তাদের কথায়, অবৈধ উদ্বাস্তুর সংখ্যা কখনো লাখ লাখ, কখনো কোটি কোটি। বাংলাদেশ সরকারের অব্যাহত অবস্থান হচ্ছে, ভারতে কোনো অবৈধ বাংলাদেশি নেই।গতকাল সংবাদ সম্মেলনে বিমান বসুকে প্রশ্ন করা হয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সঙ্গে অধিকতর সমঝোতা প্রতিষ্ঠায় তাঁর দলের প্রয়াস চালানোর সংকল্প ব্যক্ত করছেন। ট্রানজিট ও পানির হিস্যার মতো বাংলাদেশসংশ্লিষ্ট বিষয়ে বামফ্রন্ট যে নীতি অনুসরণ করে চলছিল, সেখানে আরও কোনো উন্নয়ন বা পরিবর্তন এসেছে কি না? এর উত্তরে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, ‘এটা পশ্চিমবঙ্গের নির্বাচন, বাংলাদেশের নির্বাচন নয়। তবে ১৯৭১ সালের পরে বাংলাদেশ থেকে আসা নাগরিক নিয়ে তাঁদের চিন্তাভাবনা রয়েছে। এ বিষয়ে তাঁরা কেন্দ্রের সঙ্গে একটি রাজনৈতিক ও বাস্তবসম্মত সুরাহায় পৌঁছাতে চান। এ ছাড়া বামফ্রন্ট মনে করে, সুন্দরবনকে বাঁচাতে হলে বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে উপযুক্ত কর্মপন্থা নিতে হবে। এ জন্য যা যা করা দরকার, তা দুই দেশ মিলেমিশে যদি গ্রহণ করে তাহলে বিশ্ব হেরিটেজ সুন্দরবনকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনার মোস্তাফিজুর রহমান গতকাল বলেন, বঙ্গবন্ধু ভবন উদ্বোধন করতে এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজ থেকেই দীপু মনির কাছে সুন্দরবন রক্ষায় একত্রে প্রকল্প গ্রহণের কথা বলেন। বাংলাদেশের পরিবেশমন্ত্রী ও পশ্চিমবঙ্গের পরিবেশমন্ত্রীর সুন্দরবনে যৌথ সফরও ঠিক হয়েছিল। কিন্তু পরে তা হয়নি। উল্লেখ্য, বামফ্রন্ট এবারেই প্রথম তাদের নির্বাচনী ইশতিহারে ‘বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হওয়া’ লোকদের বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। গতকাল রাজ্যসভার সাবেক সদস্য ও আরএসপির কেন্দ্রীয় নেতা মনোজ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সাম্প্রদায়িক শক্তির নিঃশব্দ সন্ত্রাসের আবহে অনেকে অর্থনৈতিক অভিবাসী হয়ে এ রাজ্যসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেন। এর মধ্যে একটি অংশ নমঃশূদ্র। তাঁরা মতুয়া সম্প্রদায় হিসেবে উত্তর চব্বিশ পরগনায় আছেন। উল্লেখ্য, এই সম্প্রদায়ের নেত্রী বড় মা এবার মমতার পাশে দাঁড়িয়েছেন। তাঁর ছেলে এবার তৃণমূলের প্রার্থী। মনোজ ভট্টাচার্য আরও বলেন, ‘বিজেপি বাংলাভাষী মুসলমান মানেই বাংলাদেশি হিসেবে সাম্প্রদায়িক কার্ড খেলেছে। এখনো খেলে যাচ্ছে। কংগ্রেস নীরব থেকেছে। কারণ, তারা দায়িত্ব নিতে ভীত। আমরা ধর্মের ভিত্তিতে বিষয়টি দেখি না। কারণ ভারতীয়রাও বিশ্বের নানা স্থানে অর্থনৈতিক অভিবাসী হয়েছেন।’ তিনি বলেন, ‘আমরা চাই, যাঁরা আছেন, তাঁদের জন্য একটি প্যাকেজ সমাধান। তাঁদের সুষ্ঠু পুনর্বাসন দরকার। এত দিন ভেবেছি, নিজেরাই সামলাতে পারব।’