‘আসপাতাল অইতে কত দিন লাগব!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গম পাহাড়ি গ্রামের গৃহবধূ অন্তঃসত্ত্বা রুবি বেগমের (২৫) গভীর রাতে হঠাত্ প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। ধারেকাছে কোনো সরকারি হাসপাতাল নেই। উদ্বিগ্ন আত্মীয়স্বজন একটি সিএনজি চালিত অটোরিকশায় অসুস্থ রুবিকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে ব্লাডব্যাংক ও অবেদন-ব্যবস্থা (অ্যানেসথেসিয়া) ছিল না। তাই কর্তব্যরত চিকিত্সক রোগীকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। অবস্থা আশঙ্কাজনক দেখে জেলা সদর হাসপাতালের চিকিত্সকেরা রোগীকে বিভাগীয় সদরের হাসপাতালে পাঠান। সেখানে পরদিন ভোরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি মৃত ছেলে প্রসব করেন রুবি বেগম। এর প্রায় আধঘণ্টা পর প্রসূতি মাও মারা যান। ঘটনাটি ঘটে ২২ অক্টোবর, ২০০৯ সালে। মৃত রুবি বেগমের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিছড়া গ্রামে।তাঁর স্বামী বিল্লাল হোসেন (৪০) ক্ষোভের সঙ্গে বলেন, ‘ডাখতরে খইছইন, সময়মতো আসপাতালো লইয়া গেলে বউ আর বাইচ্চারে বাঁচানি যাই তো। এলাকায় আসপাতাল থাকলে ই দুর্গতি অইতো না। এলাকায় সরকারি আসপাতাল অইতে আর কত দিন লাগব, আল্লায় জানে!’ সূত্র জানায়, ২০০৫ সালের শুরুতে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য উপজেলা সদরে চারটি স্থানের প্রস্তাব করা হয়। পরে পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর এলাকায় কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেয়। এ সময় ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু হয়। কিন্তু একজন ভূমিমালিক অধিগ্রহণ নোটিশের বিরুদ্ধে আদালতে মামলা করায় নির্মাণকাজে অনিশ্চয়তা দেখা দেয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের অভাবে এলাকার লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প স্থান নির্ধারণে চিন্তাভাবনা চলছে।’মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) এলাকার সাংসদ মো. শাহাব উদ্দিন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জুড়ীর চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা হয়েছে। অন্য কোনো স্থান পাওয়া যায় কি না, খোঁজা হচ্ছে; পাওয়া গেলে সেখানে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’