‘আসপাতাল তো নিজেই বেমারি!’
‘সরকারে স্বাস্থ্যসেবা দিতা করি চকচকা বিল্ডিং বানাইয়া দিছইন। কিন্তু ইখানোর আসল মানুষটাই (চিকিত্ক) নাই। অসুখ-বিসুখ অইলে কিতা অইবো। কার কাছে গিয়া রোগ দেখাইতাম। আসপাতাল তো নিজেই বেমারি!’—ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বুড়ারগুল গ্রামের আব্দুল লতিফ (৬২)। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিত্সক না থাকায় তাঁর ক্ষোভ এভাবেই প্রকাশ করেন।সরেজমিনে ৩ ফেব্রুয়ারি দেখা গেছে, উত্তর শাহবাজপুর ইউনিয়নের বুড়ারগুল গ্রামে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মূল ফটকে তালা ঝুলছে। বাইরে থেকে ডাকাডাকি করেও কারও সাড়া পাওয়া যায়নি। আশপাশের লোকজন জানান, সাত-আট বছর ধরে এটি চিকিত্সকশূন্য। এর আগে আহমদ হোসেন নামের একজন উপসহকারী কমিউনিটি চিকিত্সা কর্মকর্তা ছিলেন। তিনি অন্যত্র বদলি হয়ে যাওয়ায় আর কাউকে এ পদে নিয়োগ দেওয়া হয়নি। স্থানীয়রা জানায়, বর্তমানে পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন নাহার সপ্তাহে দুই-তিন দিন এসে স্বাস্থ্যকেন্দ্র খুলে কয়েক ঘণ্টা বসে মহিলা রোগীদের চিকিত্সাসেবা দিয়ে চলে যান। বাকি সময় এটি তালাবদ্ধ থাকে। স্থানীয়রা আরও জানায়, চতুর্থ শ্রেণীর কর্মচারী আমির আলী ও আব্দুর রহমান স্বাস্থ্যকেন্দ্রটি দেখভাল করেন।বুড়ারগুল গ্রামের গৃহিণী রোসনা বেগম (৪০) বলেন, ‘পরিবারের কেউ অসুস্থ অইলে বড় বিপদো পড়ি। শাহবাজপুর বাজারো গিয়া দেড় শ-দুই শ টেখা ভিজিট দিয়া ডাখতর দেখাইতে অয়।’উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকবর আলী বলেন, ‘লোকজনের ভোগান্তি দেখে চিকিত্সক নিয়োগে অতীতে একাধিকবার উপজেলা পরিষদের সমন্বয় সভায় আলোচনা করি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দেখে আশাহত হয়ে বিষয়টি নিয়ে আর কথা বলিনি।’ তিনি জানান, ইউনিয়নে বিভিন্ন চা-বাগানসহ ৪০টি গ্রাম রয়েছে। এসব গ্রামের লোকসংখ্যা প্রায় ৩০ হাজার। স্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিত্সক দেওয়া হলে এঁরা এখান থেকেই চিকিত্সাসেবা নিতে পারতেন।পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) শামসুন নাহার জানান, তাঁর মূল কর্মস্থল উত্তর শাহবাজপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। এর পাশাপাশি তিনি পার্শ্ববর্তী দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। ফলে দুটি জায়গায় সময় ভাগ করে দায়িত্ব পালন করতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, ‘চিকিত্সা কর্মকর্তা ও উপসহকারী কমিউনিটি চিকিত্সা কর্মকর্তার সংকটের কারণেই এ অবস্থা চলছে। সরকার এসব পদে লোক নিয়োগ দিলে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।’