‘আসমানী’র শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পল্লীকবি’ জসীমউদদীনের ‘আসমানী’ কবিতার কেন্দ্রীয় চরিত্র আসমানীর (৯০) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁকে এখন নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা। ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা আসমানী অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গতকাল রোববার দুপুরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) মো. শফিউল্লাহ আজ সোমবার দুপুরে প্রথম আলো ডটকমকে বলেন, আসমানী এখনো অচেতন। তিনি উচ্চরক্তচাপ ও হূদরোগের সমস্যায় ভুগছেন। এ ছাড়া তাঁর বার্ধক্যজনিত অন্যান্য রোগও আছে।কলেজ অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী ধারণা করছেন, গত কয়েক দিনের মধ্যে আসমানীর মৃদু স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। কাল মঙ্গলবার সিটি স্ক্যান করা হলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। জাহাঙ্গীর চৌধুরী আরও বলেন, আসমানীর চিকিত্সায় কোনো মেডিকেল টিম গঠন করা না হলেও তিনি হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের চিকিত্সদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, আসমানীর চিকিত্সার জন্য ইতিমধ্যে শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নিজের তহবিল থেকে ৫০ হাজার টাকা দিয়েছেন।