‘আসল’ জাকির ধরা পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কর্মকর্তা গৌতম হত্যার ঘটনার তদন্তে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আলী হায়দার ও জাকির হোসেনের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি বলে তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। মামলাটি এখন তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির একাধিক কর্মকর্তা দাবি করেন, এ হত্যার ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত হয়েছে। জাকির হোসেন ওরফে বাইট্যা জাকির নামে যে সন্ত্রাসী গৌতমকে গুলি করেছেন, তিনি এখন ডিবির কবজায়। আগে গ্রেপ্তার হওয়া জাকির আসল জাকির নন।সংশ্লিষ্ট সূত্রটি জানায়, আসল জাকিরকে (বাইট্টা জাকির) শরীয়তপুরে তাঁর শ্বশুরবাড়ি থেকে ডিবি আটক করেছে। এখন তাঁকে নিয়ে ঘটনায় জড়িত মানিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযানে ছিলেন এমন এক পুলিশ সদস্য জানান, জাকিরকে ধরতে গেলে তাঁর শ্বশুর পুলিশকে বলেন, ‘ও (জাকির) যখনই আসে, তখন আমরা বুঝি ঢাকায় কোনো অকাম করে এসেছে।’সূত্রটি জানায়, শরীয়তপুর থেকে গত রাতে ঢাকায় আনার পর বাইট্যা জাকিরকে শনাক্ত করেছেন ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া আহম্মদ আলী (সূত্রাপুর পুলিশের গ্রেপ্তার করা কথিত হায়দার)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাইট্টা জাকির ঘটনাস্থলে অবস্থানের কথা স্বীকার করলেও পুলিশ কর্মকর্তাকে গুলি করার কথা স্বীকার করেননি। তাঁর দাবি, গৌতমকে গুলি করেছেন তাঁদের সঙ্গে থাকা মানিক। গত ১৯ এপ্রিল রাতে ধোলাইখালে বংশাল থানার কর্মকর্তা গৌতম কুমার রায়কে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৩ এপ্রিল রাতে আহমেদ আলী ওরফে হায়দার ওরফে হাদীকে গ্রেপ্তার করে সূত্রাপুর থানার পুলিশ। তারা দাবি করে, এই হায়দার গৌতম হত্যায় জড়িত। এরপর ২৫ এপ্রিল রাতে আলী হায়দার ও জাকির হোসেন নামের দুই যুবককে গ্রেপ্তার করে র‌্যাব। তখন সংবাদ সম্মেলন করে র‌্যাব দাবি করে, এ দুজন গৌতম হত্যায় সরাসরি জড়িত। পুলিশ ও র‌্যাবের পাল্টাপাল্টি এ দাবির কারণে বিতর্ক সৃষ্টি হলে গৌতম হত্যা মামলার তদন্তভার সূত্রাপুর থানার পুলিশের কাছ থেকে ডিবিকে দেওয়া হয় গত সোমবার।তবে তদন্তসংশ্লিষ্ট আগের ও বর্তমান কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে হায়দার, জাকির ও মানিক নামের তিনজন ছিলেন, এটা তাঁরা নিশ্চিত হয়েছেন। র‌্যাব কর্মকর্তারাও একই কথা বলেছেন। কিন্তু র‌্যাব ও পুলিশ ‘হায়দার’ হিসেবে দুজন এবং ‘জাকির’ হিসেবে একজনকে গ্রেপ্তার করেছে। এখন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করছেন, র‌্যাব যে হায়দার ও জাকিরকে গ্রেপ্তার করেছে, তাঁদের কেউই ১৯ এপ্রিল রাতে গৌতম হত্যার সময় ঘটনাস্থলে ছিলেন না, এটা তাঁরা নিশ্চিত হয়েছেন। জড়িত হিসেবে অপর সন্দেহভাজন মানিক এখনো ধরা পড়েননি। তবে ডিবি গতকাল বুধবার আদালত থেকে জনি হোসেন ওরফে মানিক নামের এক যুবককে আটক করে। ডিবি সূত্র জানায়, তাঁরা পরে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হন এই মানিক আর গৌতম হত্যায় জড়িত মানিক এক নন।এদিকে ‘পুলিশের হায়দারের’ নাম যে হায়দার নয়, এ কথা গতকাল সূত্রাপুর থানার পুলিশের এক পদস্থ কর্মকর্তা স্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর আসল নাম আহম্মদ আলী। আর এই আহম্মদ আলীই এ হত্যার সময় ঘটনাস্থলে ছিলেন। তিনি সন্ত্রাসী বাইট্টা জাকিরের হয়ে চাঁদাবাজির সময় নিজেকে হায়দার বা হাদী নামে পরিচয় দিতেন। এ কারণে সন্ত্রাসী মহলে তিনি হায়দার নামেও পরিচিত।পুলিশের ওই কর্মকর্তা জানান, ১৯ এপ্রিল এই আহম্মদ আলী, বাইট্টা জাকির ও মানিক ইয়াবা সেবন করতে যাওয়ার পথে গৌতমের তল্লাশির মুখে পড়েন। এরপর বাইট্টা জাকির গৌতমকে গুলি করেন।বংশাল থানার একজন কর্মকর্তা জানান, র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকির আর গৌতম হত্যায় জড়িত হিসেবে সন্দেহভাজন জাকির একই ব্যক্তি নন। ওই জাকির হচ্ছেন বাইট্যা জাকির। তাঁকে শনাক্ত করা হয়েছে। নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ: এদিকে র‌্যাবের গ্রেপ্তার করা জাকির ও হায়দারকে ডিবির কাছে সোমবার হস্তান্তর করা হয়েছে। তাঁদের ডিবি পুনরায় জিজ্ঞাসাবাদ করে। ডিবির এক কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে জাকির জানিয়েছেন, তাঁকে নানাভাবে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করেছে র‌্যাব। তাঁর পুরুষাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। স্বীকার না করলে তাঁকে ‘ক্রসফায়ারে’ দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল। হায়দারকেও র‌্যাব হেফাজতে মারধর করা হয়েছে। তাঁর মেরুদণ্ডে নির্যাতনের সাদা দাগ হয়ে গেছে। তাঁকেও ‘ক্রসফায়ারে’ ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি ডিবিকে জানিয়েছেন।র‌্যাবের বক্তব্য: এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, ‘পুরোপুরি তদন্ত না করে কোনো কিছু বলা ঠিক নয়। আমরা তো শুধু তাঁদের ধরিয়ে দিয়েছি। মামলার তদন্তের দায়িত্ব তো আমাদের নয়। এখন তদন্তকারী কর্তৃপক্ষ পুরো বিষয় তদন্ত করে সব জানবেন।’