‘আসামি’ বানর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর আগে সাংবাদিক বন্ধু বিশ্বজিৎকে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে গিয়েছিলাম। ঘোরাঘুরির সুবিধার জন্য বিশ্ব একদিকে, আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। বেলা ১১টায় রেস্ট হাউসে ফিরে চা খাচ্ছি, বিশ্ব ফিরে এল মুখ কালো করে। জিজ্ঞাসা করলাম, কী হয়েছে? জানাল, পার্কের মধ্যে একটি বানরকে ঘরের মধ্যে একলা বন্দী রেখে সাজা দেওয়া হচ্ছে। বললেন, ‘বানর হয়তো অন্যায় কিছু একটা করেছে, তাই পার্কের লোক সেটাকে সঙ্গীছাড়া ঘরে আটকে তো রেখেছেই, আবার সাইনবোর্ডে লিখে দিয়েছে “আসামি বানর”। এ ধরনের নিষ্ঠুরতা তো পার্কের লোকের সাজে না।’ বললাম, ‘চল তো, আমাকে দেখাবে।’ গেলাম অপরাধী বানরের কাছে। খানিকক্ষণ তাকিয়ে বানরটার দেহাবয়ব, পশমের রং দেখে প্রাণ খুলে হাসলাম। বিশ্ব বিরক্ত হয়ে বলল, ‘আপনিও...!’ বহু কষ্টে বিশ্বকে বোঝাতে সক্ষম হলাম, এটি হচ্ছে অ্যাসামিজ ম্যাকাক (Macaca assamensis), বাংলায় আসামি বান্দর। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে রাস্তার ধারে এদের একটি দল দেখেছিলাম। বাংলাদেশের রেমা-কালেঙ্গা, সাতছড়ি, পাবলাখালীর বনে এখনো এদের দেখা পাওয়া যায়। পার্ক কর্তৃপক্ষ সম্ভবত এই বিরল প্রজাতির একটি বানরই সংগ্রহ করেছে, তাই এটিকে আলাদা রেখেছে। কোনো অপরাধের আসামি নয় এটি। ভারতের আসাম রাজ্যে এদের বেশি দেখা যায় বলে নাম ‘আসামি’।এতক্ষণে বিশ্ব প্রাণ খুলে হাসল।আসামি বানর দেখতে অনেকটা রিসাস বানরের মতো, তবে আকারে বড়। দেহের মাপ ৬১ সেন্টিমিটার, লেজ ২৯ সেন্টিমিটার। মুখ বেশ বড়, লম্বাটে। মুখের পশমের রং বাদামি ছাই রঙের। পুরুষগুলোর গালে দাড়ির মতো বড় লোম গজায়। বুকের পশম সাদাটে, বাকি দেহের রং মরচে বাদামি অথবা হালকা বাদামি (উপপ্রজাতিভেদে)। রিসাস বানরের মতো এদের পাছায় ও উরুতে লালচে কমলা রঙের পশম দেখা যায় না। ওজন ১২ কেজি। আসামি বানর রিসাস বানরের কাছাকাছি। নিজেদের দলে বসবাস। তবে এরা পুরোপুরি জংলি প্রাণী। রিসাস বানরের মতো শহর, গ্রাম পছন্দ করে না। গরমের সময় এরা পাহাড়ের ওপরে উঠে যায়, শীতে সমতলে নেমে আসে। নিরুপদ্রব জঙ্গলে ১০ থেকে ১০০টি বানর কাছাকাছি দল বেঁধে চলে। হিমালয়ান আসামি বানর আকারে বড়। এদের লেজও অপেক্ষাকৃত লম্বা। আসাম, বাংলাদেশ, মিয়ানমারে পাওয়া আসামি বানরের লেজ ছোট। মিত্র (১৯৭৫) উল্লেখ করেছিলেন, সুন্দরবনে আসামি বানর দেখা যায়। আসলে সুন্দরবনে রিসাস বানর ছাড়া আর কোনো ধরনের বানর নেই। একটি আসামি বানরের চামড়ায় ভুল ট্যাগ লাগানোয় এই বিভ্রান্তি ছড়িয়ে আছে।দলেবলে চলার সময় এরা গলাখাকারির শব্দের মতো শব্দ করে পরস্পরের অবস্থান বুঝে নেয়, বিপদ জানায়। এরা পোকামাকড়, ফল, পাকুড়, তরিতরকারি খায়। কখনো খেতে হামলা চালায়। বনের পাশের গৃহস্থবাড়িতে ঢুকে পড়ে। এরা লাজুক ও তটস্থ। হুলো বানর লেজ উঁচিয়ে চলে। এদের মিলনঋতু, গর্ভধারণ, শিশু পরিচর্যা নিয়ে তেমন গবেষণা হয়নি। বাংলাদেশে জঙ্গল সাফ হওয়ার মধ্য দিয়ে এরাও নিশ্চিহ্ন হচ্ছে। তবে আসাম, নেপাল, মিয়ানমারে কিছু কিছু নৃগোষ্ঠী আসামি বানর মেরে খেয়ে নেয়। এর নাকি ঔষধি গুণ আছে!গত বছরের নভেম্বরে বিশ্বর সেই আসামি বানরটি দেখলাম রিসাস বানরের খাঁচায় গোমরা মুখে ঘোরাফেরা করছে। রিসাস বানর প্রজাতি থেকে একটি বান্ধবীও জুটিয়েছে।