‘আস্তাটা দিয়া চলাও যায় না’
দিনাজপুর পৌরসভার বয়স প্রায় ১৫০ বছর। এ সময়ে নদীতে অনেক জল গড়িয়েছে। মানুষের জীবনে ঘটেছ বহু পরিবর্তন। রাজনীতিতে বহু উত্থান-পতন ঘটলেও পৌরসভার বাসিন্দাদের জীবনে বাড়েনি তেমন কোনো সুযোগ-সুবিধা। এখানকার রাস্তাঘাটগুলো ভাঙাচোরা। বিভিন্ন মহল্লার নালার পানি নির্গমনের প্রধান মাধ্যম ঘাগরা ও গিরিজা নামের দুটি খাল। সংস্কারের অভাবে দুটি খালই অকেজো। ময়লা পানি ও আবর্জনা জমে চারপাশে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। অপ্রশস্ত রাস্তায় যানজটে নাকাল পৌরবাসী। বিদ্যুতের অভাবে রাতে বেশির ভাগ এলাকা থাকে অন্ধকারে। মশামাছির অত্যাচারে অতিষ্ঠ পৌরবাসী। তাদের অভিযোগ, নাগরিকসুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে মেয়র এবং কাউন্সিলররা নির্বাচিত হলেও কখনো তাঁদের সেসব কথা মনে পড়ে না।পৌরসভা সূত্রে জানা গেছে, ১৮৬৯ খ্রিষ্টাব্দে দিনাজপুর পৌরসভা প্রতিষ্ঠিত। এর আয়তন ২৪ দশমিক ৫০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় দেড় লাখ। পৌরসভার মোট ১২টি ওয়ার্ডে রাস্তা আছে ১২২ কিলোমিটার। কাঁচা রাস্তা আছে ৪৬ কিলোমিটার। নালা আছে ১৭৬ কিলোমিটার। এর মধ্যে পাকা ৪৫ কিলোমিটার, কাঁচা ১১৭ কিলোমিটার। আর সিসি নালা আছে প্রায় ১৫ কিলোমিটার।উপশহরের কথাপৌর এলাকার সবচেয়ে বড় ওয়ার্ড উপশহর এলাকা। দিনাজপুর উপশহরে বসবাসকারী বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মজিদ জানান, এখানকার ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। এলাকার প্রধান সমস্যা হলো নালা আর রাস্তা। অন্যান্য শহরের ন্যায় তৈরি এই স্যাটেলাইট শহরটিও গড়ে ওঠে পাকিস্তান আমলে। মুক্তিযুদ্ধের পর সব পাইপ চুরি হয়ে যাওয়ায় উপশহরের পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। ওই অবস্থা এখনো বিরাজ করছে।সরেজমিনে দেখা গেছে, শহরে দুই পাশে সারিবদ্ধ বাড়িঘরগুলোর মধ্য দিয়ে চলে গেছে ঘাগরা খাল। বাসাবাড়ির শৌচাগারগুলোর সংযোগ এ খালের সঙ্গে। অন্য দিকে সংস্কারের অভাবে সব নালা বন্ধ। তাই নালাগুলো দিয়ে খালে ময়লা-আবর্জনা পড়তে পারে না। ফলে ময়লা-আবর্জনা-জলাবদ্ধতায় উপশহরটি পরিণত হয়েছে শহরের সবচেয়ে নোংরা এলাকায়।উপশহরের তিন নম্বর ব্লকের বাসিন্দা শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, উপশহরের রাস্তা দিয়ে চলা যায় না। এগুলো ভাঙাচোরা। তাই অহরহ দুর্ঘটনা ঘটে।এ ব্যাপারে সংশ্লিষ্ট নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু তৈয়ব আলী বলেন, উপশহরটি পৌরসভার অধীন হলেও এর বাড়িঘর, রাস্তা, নালাসহ সব স্থাপনা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীনে। তাদের বাধায় পৌরসভা এলাকাটির কোনো উন্নয়ন করতে পারেনি। তবে আগামী ছয় মাসের মধ্যে উপশহর এলাকার যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হবে বলে তিনি দাবি করেন। তবে ড্রেনেজ ব্যবস্থা সচল করতে সময় লাগবে বলে তিনি জানান।বস্তিবাসীর কথাশহরের রাজবাড়ী, হঠাৎপাড়া, দপ্তরিপাড়া, কাঞ্চন কলোনি, বালুবাড়ী, লাইনপার, ঘাসিপাড়া, চাউলিয়াপট্টি, রামনগর, বাঙ্গিবেচাসহ পৌর এলাকায় মোট বস্তি রয়েছে তিন হাজার ৩০৩টি। পৌরসভার হিসাব মতে বস্তিগুলোতে বসবাসকারী লোকের সংখ্যা প্রায় ৬০ হাজার। কিন্তু এসব বস্তিতে নেই রাস্তা, নালা ও স্যানিটারি ব্যবস্থা। অত্যন্ত ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে এখানকার বাসিন্দারা।১ নভেম্বর শহরের পশ্চিম প্রান্তের পুনর্ভবা নদীর ধার ঘেঁষে বালুয়াডাঙ্গা, হঠাৎপাড়া, কাঞ্চন কলোনির ও কানা হাফেজের মোড় ঘুরে দেখা গেছে, এখানে প্রায় পাঁচ হাজার বস্তিবাসীর বসবাস। তাদের চলাচলের একমাত্র রাস্তা নদীর বাঁধ। কিন্তু বাঁধটির বেশির ভাগ অংশ ভেঙে গেছে। এ বাঁধ দিয়ে যানবাহান চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচল করাও কষ্টকর।বালুয়াডাঙ্গা-হঠাৎপাড়া এলাকায় পুনর্ভবা নদীর বাঁধের ধারে ঝুপড়িতে বাস করেন ফরিদা (৩৫)। পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় তাঁর স্বামী নিহত হয়েছেন। তিনি বলেন, ‘এলাকার বেশির ভাগ মানুষ রিকশা চালায়। নিজের জমিন নেই। সরকারি জমিত বাড়ি করি আছি। ভোটের সমে সগে কইছিল, হামার আস্তাখান পাকা করি দেবে। হেরপর সাত বছর হইল। পাকা তো দূরের কতা, আস্তাটা দিয়া চলাও যায় না।’চক কাঞ্চন এলাকার বস্তিবাসী রাজমিস্ত্রি ফয়েজ, দপ্তরিপাড়ার পত্রিকার হকার মরিয়ম, নিমনগর বালুবাড়ী বস্তি এলাকার সুরুজ আলী প্রমুখ ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজের সবচেয়ে নিম্ন আয়ের মানুষেরাই বস্তিতে থাকে। বেড়া বা চাটাই দিয়ে তৈরি নিজেদের ছোট্ট ঘরের পাশে গরু-ছাগল, হাঁস-মুরগি পোষে। ফলে এক বাড়িতে শুধু নয়, বলতে গেলে এক ঘরেই মানুষ ও পশু একসঙ্গে বাস করে। বস্তির ভোট দিয়েই কাউন্সিলর ও মেয়র নির্বাচিত হন। কিন্তু ভোটের পর তাদের খোঁজ রাখেন না।পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদুজ্জামান চৌধুরী। তিনি ওয়ার্ডটির ভাঙা রাস্তা এবং বস্তি এলাকার দুর্দশার কথা স্বীকার করে বলেন, পুরো এলাকার দশা প্রায় একই রকম। তবে ২০০৮ সাল থেকে নগর উন্নয়নে অংশীদারির মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। পরিস্থিতি শিগগিরই কিছুটা পাল্টাবে বলে তিনি আশা প্রকাশ করেন।সবচেয়ে বড় বাজার এলাকার দশাপৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অধীনে বাহাদুর বাজার এলাকা। শহরের সবচেয়ে বড় বাজার এই এলাকায় অবস্থিত। দিনাজপুর রেলস্টেশন, শহরের প্রধান বাহাদুর বাজার ছাড়াও বিভিন্ন পাইকারি পণ্যের বাজার ও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠানও এই এলাকায়। এখানে বসবাসকারী সাবেক ক্রিকেটার উলফত-উর-রহমান আক্ষেপ করে বলেন, বাজারের মুরগি, মাছের নাড়ি-ভুঁড়ি, পচা সবজি, হোটেল-রেস্টুরেন্টের উচ্ছিষ্ট ও আবর্জনা প্রতিদিন সকালে এনে রাস্তায় ফেলা হয়। সকালে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নাকে রুমাল বা কাপড় দিয়ে এলাকা পার হতে হয়। আর ওই এলাকাবাসীদের সারা দিন পচা দুর্গন্ধযুক্ত বাতাসের শ্বাস নিতে হয়।শিক্ষক ময়েজ উদ্দিন আহমদ অভিযোগ করেন, বাহাদুর বাজার এলাকার প্রধান সমস্যাই হলো ময়লা-আবর্জনা আর দুর্গন্ধ। এলাকার মানুষ দুর্গন্ধে অতিষ্ঠ।সন্ধ্যার পর শহরের স্টেশন রোডে সবজির বাজার বসে। প্রতিদিন এসব সবজির বাজারের পাশে এবং রেলস্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যৌনকর্মীদের। সাজগোজ করে দিব্যি সবার সামনেই চলে খদ্দেরদের সঙ্গে তাদের দর কষাকষি।তা ছাড়া স্টেশন রোডে কয়েকটি দোকানের মালিক রেজাউর রহমান জানান, রেলস্টেশন চত্বরে দিনে-রাতে বিক্রি হয় মাদকদ্রব্য। সন্ধ্যার পর প্রকাশ্যে চলে পতিতাদের আনাগোনা। ওই সময় সাধারণ মানুষ বিশেষ করে নারী ও শিশুদের সঙ্গে নিয়ে ওই পথে চলতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।এখানকার উত্তরা সুপার মার্কেটের অন্যতম সত্ত্বাধিকারী উলফত উর রহমান বলেন, রেলস্টেশন এবং বাহাদুর বাজার পৌর এলাকার অন্যতম মাদকপ্রবণ এলাকা। দিনে কম, তবে সন্ধ্যা নামার পর থেকেই শুরু হয় প্রকাশ্যে মাদক বেচাকেনা। অভিভাবকেরা উঠতিবয়সের সন্তানদের এসব এলাকায় পাঠাতে ভয় পান।মেয়র নিজেই তুলে ধরলেন পৌরসভার নানা সমস্যার কথানাগরিক সুবিধাবঞ্চিত দিনাজপুর পৌরসভার সমস্যা সম্পর্কে জানতে চাইলে ২ নভেম্বর মেয়র সফিকুল হক বলেন, পৌর এলাকার প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো রাস্তাঘাটের দুর্দশা। কোনো প্রকার মাস্টারপ্লান ছাড়াই এত দিন পৌরসভার বাড়ি-রাস্তা-নালা তৈরি হয়েছে। প্রধান প্রধান নালাগুলো সংস্কার জরুরি হয়ে পড়েছে। শহরের ময়লা পানি ও পয়োনিষ্কাশনে ব্যবহূত ঘাগরা ও গিরিজা খাল দুটি প্রায় বন্ধ হয়ে গেছে। এ খাল দুটির সংস্কার করাও জরুরি হয়ে পড়েছে। পৌর এলাকায় চলার জন্য কোনো ফুটপাত নেই। নামে মাত্র একটি শিশুপার্ক থাকলেও এর মালিকানা নিয়ে পৌরসভা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে দ্বন্দ্ব আছে।মেয়র বলেন, দিনাজপুরে দূরপাল্লার কোচগুলোর জন্য টার্মিনাল দরকার। শহরের ভেতরে বিভিন্ন বাজার ও হাটের আধুনিকায়ন করা জরুরি। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপন, পাইপলাইন সম্প্রসারণ এবং ওভার হেড ট্যাংক নির্মাণ করা প্রয়োজন। এসব উন্নয়নকাজে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা চেয়ে সরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার কাছে আবেদন করা হয়েছে। ইতিমধ্যে সরকার ছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জার্মান সাহায্য সংস্থা কেএফডব্লিউ ও জিটিজেডসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা কাজ শুরু করেছে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর শহরের মাস্টারপ্ল্যাান তৈরি করছে বলে মেয়র জানান।মেয়র স্বীকার করেন, অনেক জেলাশহরের চেয়ে দিনাজপুর পৌরসভার রাস্তাঘাটগুলো অপ্রশস্ত। পৌরসভার খাতায় শহরে চলাচলকারী রিকশার সংখ্যা সাড়ে আট হাজার। কিন্তু চলাচল করছে কমপক্ষে এর দ্বিগুণ। এর ওপর নতুন উপদ্রব শুরু করেছে ব্যাটারি-চালিত ইজি-বাইক। প্রায় চার হাজার ইজি-বাইক চলছে শহরে। রিকশাচালক, দিনমজুর এবং মাদকসেবীরাও ইজি-বাইক চালাচ্ছে। এরা কেউ ট্রাফিক আইন জানে না। এসব বাহন নিয়ন্ত্রণে পৌরসভা থেকে লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বিআরটিএ কর্তৃপক্ষ চিঠি দিয়ে সেই উদ্যোগ বন্ধ করে দিয়েছে বলে তিনি জানান।