‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৯৪৭ সালের পর থেকে আমরা এই ছিটমহলে বন্দীর মতো ছিলাম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করি। কিন্তু আমরা ছিটমহলবাসী স্বাধীনতা পাইনি। আজ আমরা সত্যিকারের মুক্তির স্বাদ পেয়েছি। এখন মরলেও আক্ষেপ থাকবে না।’কথাগুলো বলছিলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের মুক্তিযোদ্ধা উমর আলী (৭০)। তিনি বলেন, ১৯৯২ সালে তিনবিঘা করিডর চলাচলের জন্য খুলে দিলেও তা ছিল দিনের বেলা এক ঘণ্টা পরপর। বর্তমানে তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত দ্রুত কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।উমর আলীর মতো দহগ্রাম-আঙ্গরপোতাবাসী এখন দিনরাত ২৪ ঘণ্টাই স্বাধীনভাবে তিনবিঘা করিডর দিয়ে যাতায়াত করতে পারছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী করিডর ২৪ ঘণ্টা খুলে রাখা কার্যকর হয় গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে। এ খুশিতে ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে গভীর রাত পর্যন্ত তিনবিঘা করিডর দিয়ে যাতায়াত করেছে লোকজন। আনন্দ ভাগাভাগি করতে একে অপরকে মিষ্টিমুখ করিয়েছে অনেকে।দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তিনবিঘা করিডর সীমান্তে দায়িত্ব পালনকারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মিষ্টিমুখ করিয়েছে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তিন কেজি করে ছয় কেজি মিষ্টি নিয়ে যান সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক স্কুলশিক্ষক রেজানুর রহমান।রেজানুর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘দিনটি স্মরণীয় করে রাখতে আমার মতো অনেকেই ওই দিন রাতে তিনবিঘা করিডর দিয়ে যাতায়াত করেছে। আনন্দ ভাগ করে নিতে রাতে আমিও পাটগ্রাম পৌরসভা শহরে আত্মীয়ের বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিলাম।’রেজানুরের মতো রাতে পাটগ্রাম বাজার থেকে দহগ্রামে শ্যালক খোরশেদ আলমের বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিলেন হোটেলমালিক নূর হোসেন। তিনি বলেন, ‘১৮ বছর আগে বিয়ে হওয়ার পর এই প্রথম রাতে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলাম। আনন্দে আমার চোখ দিয়ে পানি এসেছিল।’ রাত ১২টার দিকে তিনবিঘা করিডর পার হয়ে আবার পাটগ্রামে ফিরে আসেন নূর হোসেন।এমনি করে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনবিঘা করিডর পার হয়ে দহগ্রামে ফিরে আসেন দহগ্রাম-আঙ্গরপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন, বঙ্গেরবাড়ি বাজারের দোকানদার রবিউল ইসলাম, কৃষক আতাউর রহমানসহ আরও অনেকে। তাঁরা সন্ধ্যা ছয়টার পর পাটগ্রামে বেড়াতে গিয়েছিলেন।‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেছে দহগ্রাম-আঙ্গরপোতার বঙ্গেরবাড়ি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সামিনা বেগম। সামিনা বলে, ‘এত দিন দুঃখ ছিল যে স্বাধীন দেশের নাগরিক হওয়ার পরও আমরা স্বাধীনভাবে ২৪ ঘণ্টা দহগ্রাম-আঙ্গরপোতা থেকে কোথাও যেতে পারতাম না। কারণ, সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত করিডরের ফটক বন্ধ থাকত।’এদিকে বিজিবির পক্ষে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনবিঘা করিডর বিএসএফের কোম্পানির সদস্যদের কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মিষ্টির প্যাকেট তুলে দেন বিজিবির রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমী।কর্নেল নিয়ামুল বলেন, ‘দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলবাসীর আনন্দের সঙ্গে নিজেকে জড়াতে এসেছি। সহজাত বাঙালি আচরণ হিসেবে বিএসএফকে মিষ্টি দিয়েছি।’