সিলেটের বালাগঞ্জ উপজেলার অবহেলিত একটি প্রত্যন্ত জনপদ পশ্চিম গৌরীপুর। দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার ইউনিয়নটি উপজেলার অন্যান্য এলাকা থেকে পিছিয়ে পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুতের ব্যবস্থা অত্যন্ত নাজুক। বালাগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে এর অবস্থান হলেও এখানে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি আজও। যোগাযোগ: অনুন্নত যোগাযোগব্যবস্থা এই এলাকার মানুষের প্রধান একটি সমস্যা। ২৫ দশমিক ০৫ কিলোমিটার আয়তনবিশিষ্ট এই এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে আজ পর্যন্ত কোনো পাকা সড়ক নির্মিত হয়নি। ইউনিয়নের পাশ দিয়ে চলে যাওয়ায় সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কটি এলাকাবাসীর কাছে একমাত্র পাকা সড়ক হিসেবে পরিচিত।‘হেমন্তে পাও আর বর্ষায় নাও’ প্রবাদটি এখানকার মানুষের জন্যই প্রযোজ্য। এই এলাকার মানুষের যোগাযোগের অন্যতম রাস্তা আজিজপুর-বাংলাবাজার-মহিশাষী সড়ক ও বাংলাবাজার-ওসমানীগঞ্জ সড়কটি সংস্কার আর সংরক্ষণের অভাবে বছরের ছয় মাস থাকে পানির নিচে, এক মাস কাদায় ভরপুর আর পাঁচ মাস থাকে শুকনো অবস্থায়। হেমন্তে কষ্ট করে পায়ে হেঁটে চলাচল করলেও বর্ষায় প্রায় ছয় মাস জীবনের ঝুঁকি নিয়ে এখানকার মানুষকে নৌকায় করে চলাচল করতে হয়। বাংলাবাজারের ব্যবসায়ী বনজিৎ দাস বলেন, ‘নাও আর পাও আমরার সম্বল। ই কষ্ট কইয়া শেষ করা যাইত নায়। পাকা দূরর কতা, কাঁচা রাস্তাও ই এলাকাত নাই। মাটির রাস্তা বানাইয়া দিলে আমরা চলতাম পারলামনে।’বিদ্যুৎ: আধুনিক প্রযুক্তির যুগে বিদ্যুতের কল্যাণে মানুষ যেখানে ঘরে বসে বিশ্বকে নিজের হাতের মুঠোয় আনতে সক্ষম হয়েছে, সেখানে এই এলাকার অনেক মানুষ এখনো তা কল্পনাও করতে পারছে না। ইউনিয়নের ২২টি গ্রামের মধ্যে মাত্র নয়টি কিছুদিন আগে বিদ্যুতায়িত হলেও বাকিগুলো রয়েছে বিদ্যুতায়নের বাহিরে। বিদ্যুতের অভাবে স্থানীয় হাটবাজারগুলোতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণও হচ্ছে না। প্রবাসীরা বিনিয়োগ করতে পারছেন না। অনেক স্কুলে চালু করা যাচ্ছে না কম্পিউটার ক্লাস। শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে কম্পিউটার শিক্ষা থেকে। অন্যান্য সুযোগ-সুবিধা থাকার পরও বিদ্যুতের অভাবে এই এলাকায় এখনো গড়ে ওঠেনি কোন কলকারখানা। এলাকার মানুষ এখনো রয়েছে পুরোনো সেই তিমিরেই। তেঘরি গ্রামের সমর দাস বলেন, বিদ্যুৎ ছাড়া কীভাবে এই এলাকার মানুষ দেশ ও বিশ্বের সঙ্গে তাল মেলাবে? বিদ্যুৎবিহীন জীবনের অভিশাপ থেকে আমরা মুক্তি চাই।শিক্ষা: শিক্ষার ক্ষেত্রেও উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ে এই ইউনিয়ন রয়েছে অনেক পিছিয়ে। অনুন্নত যোগাযোগব্যবস্থা, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব, দারিদ্র্য এবং অভিবাবকদের অসচেতনতাই এর অন্যতম কারণ। যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় ছাত্র, শিক্ষক কেউ-ই সময়মতো স্কুলে আসতে পারে না। ফলে শিক্ষার্থীরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে স্কুলের পাঠদান থেকে। প্রতিবছর বর্ষাকালে এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ পানিতে তলিয়ে যাওয়ায় দিনের পর দিন বন্ধ থাকে পাঠদান। ছাত্রছাত্রীরা কোনোমতে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করলেও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অপ্রতুলতায় ঝরে পড়ে শিক্ষাজীবন থেকে। ইউনিয়নের ১৯টি গ্রামের বিপরিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা নয়টি, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চারটি এবং কিন্ডারগার্টেন দুটি থাকলেও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে মাত্র দুটি। ফলে দিন দিন কমে যাচ্ছে এই ইউনিয়নের শিক্ষার হার। তেঘরি গ্রামের শিক্ষক রনেন্দ্র দাস বলেন, যাতায়াতের আসুবিধার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না। জনসংখ্যার তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানও কম। অনেক শিক্ষার্থী ঝরে পড়ে।চিকিৎসা: পশ্চিম গৌরীপুরের আন্যতম একটি সমস্যা হচ্ছে চিকিৎসাসেবা। এলাকার মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছে। চিকিৎসাসেবার অভাবে প্রতিবছর অকালে ঝরে যাচ্ছে এলাকার অনেক মানুষের জীবন। গর্ভবতী মা ও শিশু এ ক্ষেত্রে রয়েছে সবচেয়ে বেশি হুমকির মুখে। উন্নত যোগাযোগব্যবস্থার অভাবে প্রসবকালীন মায়েদের উপজেলা ও জেলা শহরের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে তাঁদের গ্রাম্য হাতুড়ে ডাক্তার কিংবা কবিরাজের ঝাঁড়-ফুঁকের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়। সুচিকিৎসার অভাবে প্রতিবছর অনেক মা ও সন্তান অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই এলাকার সরকারি চিকিৎসাসেবার একমাত্র ভরসা পশ্চিম গৌরীপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে নানা সমস্যায় জর্জরিত। ডাক্তার ও জনবলের সংকট এবং পর্যাপ্ত ওষুধের অভাবে কমপ্লেক্সটির চিকিৎসাসেবার এখন বেহাল দশা। তা ছাড়া কমপ্লেক্সটির অবস্থান ইউনিয়নের এক প্রান্তে হওয়ায় যোগাযোগব্যবস্থার অভাবে এলাকার বেশির ভাগ মানুষ বঞ্চিত হচ্ছে সরকারি এই চিকিৎসাসেবা থেকে। হরিশ্যাম গ্রামের নজরুল ইসলাম বলেন, চিকিৎসাসেবা এই এলাকায় সোনার হরিনের মতো। সরকারি চিকিৎসাসেবা কী, সেটা এলাকার অনেকেই বলতে পারবে না। সুচিকিৎসার অভাবে অনেকের প্রাণ যায়।এলাকাবাসীর জীবনমান উন্নয়নে এই চারটি নাগরিক সমস্যার সমাধান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। দীর্ঘদিনের দুঃখ-কষ্টে ভরা এবং হতাশাগ্রস্ত জীবনের অভিশাপ থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফি উল্লাহ বলেন, এলাকাটি সমস্যার বেড়াজালে বন্দী। যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎসহ অনেক ক্ষেত্রেই সুখে নেই এখানকার মানুষ।বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেন, ‘দীর্ঘদিনের দুর্ভোগ লাগবে অতীতে বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পশ্চিম গৌরীপুরের সমস্যা সমাধানে সমন্বিত একটি পরিকল্পনার মাধ্যমে কাজ করে যাচ্ছি। অদূর ভবিষ্যতে এর সুফল দেখতে পারবে এলাকাবাসী।’