‘ই-বার ভুট দিমু বুইঝা-শুইনা। যেই ভালা মানুষ, তারই ভুট দিমু।’ বলছিলেন দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকার বাসিন্দা রিকশাচালক আনাহার মিয়া। তাঁর মতো আরও অনেকেই আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সৎ ও যোগ্য একজন প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট দেবেন বলে জানিয়েছেন।গতকাল শনিবার নগরের বিভিন্ন শ্রেণী-পেশার ভোটারদের সঙ্গে কথা হয়। এ সময় অতীতে উন্নয়নের ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি নিবেদিতপ্রাণ ছিলেন, সেই প্রার্থীকেই ভোট দেবেন বলে নগরবাসী জানিয়েছেন। বারুতখানা এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক রায়হান মিয়া বলেন, ‘নগরে অন্যতম প্রধান একটি সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। ১০ বছর ধরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করে। অথচ এটির সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটি মাথায় রেখে আমি ভোট দেব।’বাগবাড়ী এলাকার বাসিন্দা সামসুল আলম বলেন, সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় পর্যায়ের হলেও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নির্বাচনে প্রাধান্য পাবে। কারণ, নগরের ভোটাররা টিভি-পত্রিকার সুবাদে এখন অত্যন্ত সচেতন। ফলে আওয়ামী লীগ এবং বিএনপির ভালো-মন্দগুলোও আসন্ন নির্বাচনে প্রভাব ফেলবে।ঝালোপাড়া এলাকার গৃহিণী ইয়াসমিন বেগম আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এবং সেনপাড়া এলাকার খুদে ব্যবসায়ী হাসমত মিয়া বিএনপি-সমর্থিত প্রার্থীকে ভোট দেবেন বলে জানালেন। মধু শহীদ এলাকার বাসিন্দা গৃহিণী শম্পা তালুকদার বলেন, ‘নগরবাসীর সুখে-দুঃখে যাঁকে সব সময় কাছে পাব, তাঁকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চাই।’শিবগঞ্জ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘নির্বাচনের আরও অনেক দিন বাকি আছে। এই সময়ের মধ্যে প্রার্থীদের প্রতিশ্রুতিগুলো বিবেচনা করে দেখব। যাঁর প্রতিশ্রুতি গ্রহণযোগ্য ও আন্তরিক মনে হয়, তাঁকেই ভোট দেব।’ জাতীয় কবিতা পরিষদ সিলেটের সাংগঠনিক সম্পাদক বিমান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি। যে ব্যক্তিই মেয়র কিংবা কাউন্সিলর পদে নির্বাচিত হোক না কেন, তাঁরা যেন সততার সঙ্গে নগর ভবন চালাতে পারেন, সেটাই একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করি।’