ভৌগোলিক কারণেই উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া শহর। আয়তনের দিক থেকে শহরটি রাজশাহী সিটি করপোরেশনের চেয়ে বড় হলেও এখনো এটি পৌরসভা। সেই ১৮৭৬ সালে এ পৌরসভা প্রতিষ্ঠিত হলেও নাগরিক সুবিধা সেভাবে বাড়েনি। চার বছর আগে পৌর এলাকা বর্ধিত করা হয়েছে। এই বর্ধিত এলাকার মানুষেরা তো কোনো নাগরিক-সুবিধাই পান না। অথচ তাদেরকে ঠিকই পৌর কর দিতে হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয় বগুড়া পৌরসভা। বর্তমানে এর লোকসংখ্যা প্রায় চার লাখ। প্রায় ৭০ বর্গকিলোমিটারের এই পৌরসভায় ওয়ার্ডের সংখ্যা ২১টি। নারী-পুরুষ মিলে ৬৪ জন কাউন্সিলর।নাগরিক-সুবিধা বঞ্চিত বর্ধিত এলাকা ২০০৬ সালে বগুড়া পৌরসভা বর্ধিত করা হয়। আগে পৌর এলাকার আয়তন ছিল ১৪ দশমিক ৭৬ বর্গকিলোমিটার। আর বর্ধিত করার পর হয়েছে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার। বগুড়া পৌরসভার হিসাবমতে, রাজশাহী সিটি করপোরেশনের চেয়ে বগুড়া পৌর এলাকার আয়তন এখন বেশি। শহরের পশ্চিম দিকে ছিলিমপুর, মালগ্রাম (আংশিক), কৈগাড়ি, হরিগাড়ি ইসলামপুর, ছোট বেলাল, বড় বেলালসহ ৪৮টি মৌজা পরবর্তীকালে বাড়ানো হয়। বর্ধিত এলাকার অধিবাসীরা পৌর এলাকার বাসিন্দা হলেও গত চার বছরে কোনো নাগরিক সুবিধার আওতায় তাদের আনা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।নিশিন্দারা মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী মোফাজ্জল হোসেন বলেন, ‘পৌরসভা আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে ঠিকই, কিন্তু যেসব সুবিধা পাওয়ার কথা, তা আমরা পাচ্ছি না। বর্ষার সময় তো দুর্ভোগ চরমে ওঠে। নর্দমা না থাকায় কোনো পানি বের হতে পারে না। জলাবদ্ধতায় তখন ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়ে। বেশির ভাগ রাস্তা কাঁচা। বৃষ্টি হলে লালমাটির কাদা কেমন তা ভুক্তভোগীরাই শুধু জানে। অনেক বলার পর পৌর কর্তৃপক্ষ কিছু রাস্তায় ইট বিছিয়ে দিয়েছে। কিন্তু এভাবে কি চলা যায়?’ মানিকচক এলাকার রেজাউল করিম বলেন, ‘আগেই ভালো আছিলাম। ইউনিয়ন পরিষদকে কোনো ট্যাকা দেওয়া লাগে নাই। এখন ট্যাকা লিচ্ছে, কিন্তু সুবিধা পাচ্ছি না। হামাগোরে আগের অবস্থায় যাওয়া ভালো। ইংকা সুযোগ লেয়ার দরকার নাই।’শহরের দক্ষিণ অংশের গণ্ডগ্রাম এলাকার সার ব্যবসায়ী আবদুস ছোবহান বলেন, ‘সুবিধার মধ্যে কিছু রাস্তা পাকা হয়েছে। কিন্তু পানি, বিদ্যুৎ ও গ্যাস কিছুই পাইনি আমরা।’ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিনুর রহমান জানান, তাঁর এলাকায় কোনো পাকা নর্দমা নেই। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। বিদ্যুৎ নেই। এ জন্য মানুষের কাছে নানা কথা শুনতে হয় তাঁকে। এসব সমস্যা সম্পর্কে পৌর কর্তৃপক্ষকে বারবার বলা হলেও কাজ হয়নি।১৭ নম্বর ওয়ার্ডের মাটিডালি এলাকার কাউন্সিলর হারুনর রশিদ বলেন, চার বছরে ৫০ মিটার ড্রেনের কাজ ছাড়া তাঁর ওয়ার্ডে আর কিছু হয়নি।ডাস্টবিনের হিসেব নেইবগুড়া পৌর এলাকায় ময়লা-আবর্জনা ফেলার জন্য সিমেন্ট ও কংক্রিটের কতটি ডাস্টবিন আছে, তা পৌরসভার সংশ্লিষ্ট বিভাগ বলতে পারেনি। অনেক আগে এ রকম কিছু ডাস্টবিন করা হয়েছিল। এর মধ্যে ১৫-২০টি এখনো রয়েছে বলে পৌরসভা থেকে জানানো হয়েছে।সরেজমিনে দেখা গেছে, প্রয়োজনীয়সংখ্যক ডাস্টবিন না থাকায় পৌরবাসী যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলতে বাধ্য হচ্ছে। রাস্তার পাশে জমে থাকা এসব ময়লার গন্ধে মানুষজন নাকে রুমাল চেপে যাতায়াত করছে।পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক শাহাবুল আলম জানান, প্রতিদিন শহরে যে পরিমাণ আবর্জনার সৃষ্টি হয়, তা অপসারণে যে জনবল দরকার, তা নেই। নেই সেই পরিমাণ যানবাহন। মাত্র পাঁচটি ট্রাক দিয়ে প্রতিদিন প্রায় ৫০ টন বর্জ্য ফেলতে হয়। এ অবস্থায় সুচারুভাবে কাজটি করা সম্ভব হয় না বলে তিনি জানান। তিনি প্রয়োজনীয়সংখ্যক ডাস্টবিন না থাকার কথা স্বীকার করে বলেন, এখন আগের মতো ডাস্টবিন বানানো হচ্ছে না। বরং একটি নির্দিষ্ট জায়গায় বর্জ্যগুলো ফেলা হচ্ছে। এ জন্য ১৯১ জন সুইপার ও ১৮৮ জন দিনমজুর কাজ করছেন। তা ছাড়া শহরের ময়লা-আবর্জনা সংগ্রহের জন্য প্রায় ২০০টি সমিতি করা হয়েছে। এরা বাড়ি বাড়ি গিয়ে বাঁশি বাজিয়ে ময়লা সংগ্রহ করে নির্দিষ্ট একটি জায়গায় ফেলে।জলাবদ্ধতা ও নর্দমার সমস্যাএকটু বৃষ্টি হলেই বগুড়া শহরের বেশ কিছু এলাকা ডুবে যায়। ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে পানি ঢুকে পড়ে। বিশেষ করে, শহরের সাতমাথা থেকে বড়গোলা, টিনপট্টি, বাদুরতলা, চকসূত্রাপুর, নামাজগড় ক্রসলেন, প্রেসপট্টি, সেউজগাড়ি, চেলোপাড়া, মালতিনগরে জলাবদ্ধতায় এলাকাবাসীকে ভীষণ দুর্ভোগ পোহাতে হয়। সামান্য বৃষ্টিতেই এলাকাবাসী ঘর থেকে বের হতে পারে না।বাদুরতলার চিত্রশিল্পী রতন মিয়া বলেন, বৃষ্টি হলেই তাদের এলাকায় হাঁটু থেকে কোমরপানি জমে যায়। এলাকার নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। ফলে নর্দমাগুলোতে আবর্জনা জমে পানি নিষ্কাশন হয় না। পৌরসভাকে এ বিষয়ে বারবার জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।পৌরসভার সহকারী প্রকৌশলী আমিনুল হক চৌধুরী বলেন, পৌর এলাকা বর্ধিত হওয়ার পর কত কিলোমিটার নর্দমা নির্মাণ করা হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে তিনি স্বীকার করেন, বর্ধিত এলাকায় পাকা ড্রেন নেই। মূল শহরেও অনেক ড্রেনের অবস্থা ভালো নয়। এসব ড্রেনের কারণেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিত ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পৌর এলাকায় অপরিকল্পিতভাবে দোকানপাট, ঘরবাড়ি গড়ে ওঠায় রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। এতে করে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। অথচ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে নীরব। অবৈধ লেনদেনের মাধ্যমে কর্তৃপক্ষের যোগসাজশেই এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা যায়, বগুড়া নিউ মার্কেটের সামনের রাস্তা দখল করেও গড়ে তোলা হয়েছে বিপণিবিতান। এখানকার ব্যবসায়ী নুরনবী বলেন, বিপণিবিতানের মালিকেরা পৌরসভাকে ম্যানেজ করেই এসব গড়ে তুলছেন।যত্রতত্র স্ট্যান্ডবগুড়া পৌর এলাকায় আগে শতাধিক রিকশা স্ট্যান্ড থাকলেও এখন আর সেগুলো নেই। ফলে যেখানে-সেখানে দাঁড়িয়ে থাকে রিকশা। এতে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি বাড়ছে যানজট।এদিকে রিকশাশ্রমিক রমজান আলী বলেন, ‘মানুষ এখন আর রিকশা স্ট্যান্ডে যেতে চায় না। তাই আমাগো পাড়ার কাছে রাস্তাতই খাড়ায় থাকা লাগে।’এদিকে শহরের যেখানে-সেখানে গড়ে উঠেছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড। শহরের সাতমাথা, ইয়াকুবিয়া বিদ্যালয় মোড়, দত্তবাড়ি, ২ নম্বর রেলগেট, বড়গোলা, চেলোপাড়া, স্টেশন সড়ক, গোহাইল রোড, শেরপুর রোড, বাদুরতলা ১ নম্বর রেলগেট ইত্যাদি স্থানে অবৈধভাবে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হয়। অভিযোগ রয়েছে, এ জন্য ট্রাফিক পুলিশ ও শ্রমিকনেতাদের মাসিক চাঁদা দেন অটোরিকশার চালকেরা।তবে বগুড়ার ট্রাফিক পরিদর্শক বেলায়েত হোসেন এ অভিযোগ অস্বীকার করেন। মশার উৎপাত নিত্যদিনপৌর এলাকার বেশির ভাগ ড্রেন ময়লা-আবর্জনায় ভরা। এই ড্রেনগুলো যেন মশার প্রজনন কেন্দ্র। মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী। অথচ এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। শহরের বাদুরতলা, চকসূত্রাপুর, নিশিন্দারা, চেলোপাড়া, কাটনারপাড়া, নামাজগড় ইত্যাদি এলাকায় সরেজমিনে দেখা গেছে, মশার হাত থেকে বাঁচতে দিনের বেলায়ই মশারি টানিয়ে বাচ্চাদের ঘুম পাড়ানো হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, পৌরসভার লোকজন বলে, তারা মশা মারার ওষুধ ছিটাচ্ছে। কিন্তু বাস্তবে কোনো কাজই হয় না।এ ব্যাপারে পৌর কাউন্সিলর আমিনুল ফরিদ বলেন, পৌর কর্তৃপক্ষ যে সামান্য ওষুধ দেয়, তা চাহিদার তুলনায় খুবই কম। ফলে সব জায়গায় ওষুধ ছিটানোও সম্ভব হয় না। আবার কোথাও দেওয়া হলেও পর্যাপ্ত পরিমাণ না হওয়ায় কাজ হয় না।পৌর কর্তৃপক্ষের ভাষ্যবগুড়া পৌরসভার মেয়র (জেলা বিএনপির আহ্বায়ক) এ কে এম মাহবুবর রহমান বলেন, ‘বিশাল এলাকা নিয়ে আমাদের পৌরসভা। চার বছর আগে যে এলাকা বাড়ানো হয়েছে, তার উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ পৌরসভার নেই। তার পরও বর্ধিত এলাকার ৪৮টি মৌজায় এ পর্যন্ত ১২ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের পূর্ণাঙ্গ নাগরিক-সুবিধা দিতে বিশাল অঙ্কের টাকা প্রয়োজন, যা পৌরসভার তহবিলে নেই। সরকারি বরাদ্দ পাওয়া গেলে এসব এলাকায় উন্নয়নকাজ করা হবে। মেয়র জানান, বর্ধিত এলাকার বাসিন্দাদের নাগরিক-সুবিধা দিতে না পারায় তাদের কাছ থেকে দুটি খাতে করও কম নেওয়া হচ্ছে।’শহরে যানজটের বিষয়ে তিনি জানান, পৌরসভার একার পক্ষে যানজট নিরসন সম্ভব নয়। অবৈধ রিকশা চলাচল রোধ করতে মাঝেমধ্যেই অভিযান চালানো হয়। কিন্তু নতুন করে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা শহরের যানজট বাড়াতে শুরু করেছে। এরা যেখানে-সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো-নামানো করাচ্ছে। তা ছাড়া হকার-ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রাখায় সাধারণ মানুষ চলাচল করতে পারে না। জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া পৌরসভার একার পক্ষে এসব সমস্যা দূর করা সম্ভব নয়। শহরের কয়েকটি এলাকায় ঠিকমতো পানিনিষ্কাশন না হওয়ায় অনেক এলাকা ডুবে যাওয়ার কথা স্বীকার করে মেয়র বলেন, শহরের সাতমাথায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ড্রেন না থাকায় বৃষ্টি হলেই ওই এলাকা ডুবে যেত। এখন সেখানে ড্রেন করার ফলে দুর্ভোগ কমেছে। শহরের বাদুরতলা, চকসূত্রাপুর এলাকায় স্বাধীনতার আগে অপরিকল্পিতভাবে যেসব ড্রেন নির্মাণ করা হয়েছিল সেগুলোর কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তবে এ এলাকার জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে ৪২ লাখ টাকার একটি দরপত্র আহ্বান করা হয়েছে। তিনি বলেন, বগুড়ার প্রথম বাইপাসের দুই ধার দিয়ে সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এ জন্য বাইপাসের দুই ধার দিয়ে বড় ড্রেন করার পরিকল্পনা রয়েছে। শহরে মশার অতিরিক্ত উপদ্রবের কথা স্বীকার করে বলেন, মশা দমনে পৌর কমিশনারদের বরাদ্দ দেওয়া হয়। কিন্তু, কাউন্সিলররা কী করেন, তা তো সব সময় দেখা সম্ভব হয় না।পৌর মেয়র আরও বলেন, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের চেয়ে বগুড়া পৌরসভার আয়তন বেশি। এসব সিটি করপোরেশনে প্রতিবছর যেখানে সরকারি বরাদ্দ দেওয়া হয় ১০০ কোটি টাকার ওপরে, সেখানে বগুড়া পৌরসভায় আসে মাত্র ৬০ লাখ টাকা। এই টাকা দিয়ে তাই কিছুই করা সম্ভব হয় না।