‘ইংল্যান্ডকে অন্যরা ভয় পাচ্ছে’
[বলছেন জন টেরি ৪৪ বছর পর আবার বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছে ইংলিশরা। তাদের এই স্বপ্নের নায়ক ওয়েইন রুনি। তবে ইংল্যান্ডের রক্ষণ সামলানোর ভারটা থাকছে চেলসি অধিনায়ক জন টেরির ওপরই। ইংল্যান্ড থেকে প্রকাশিত ফুটবল সাময়িকী ফোর ফোর টুকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের এই রক্ষণস্তম্ভ জানিয়েছেন নিজেদের স্বপ্নের কথা] আর সব ইংলিশ সমর্থকের মতো আপনিও কি মনে করেন ইংল্যান্ড এবার বিশ্বকাপ জিতবে?জন টেরি: আমরা শতভাগ আত্মবিশ্বাসী যে বিশ্বকাপ জিততে পারি। আমাদের বিশ্বাস, অন্য যেকোনো দলের মতোই শক্তিশালী আমরা। তাই এমনটা না ভাবার কোনো কারণ নেই। ইংল্যান্ড দলে ফ্যাবিও ক্যাপেলো বাড়তি কী নিয়ে এসেছেন? টেরি: সুস্থিরতা আর পুনর্নিশ্চয়তা। ইউরোর বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হওয়ার পর আমাদের নিজেদের প্রতি বিশ্বাসটা চলে গিয়েছিল। তিনি এসে আমাদের বললেন—সবার জন্যই নতুন সুযোগ এবং আমার বিশ্বাস, এই অভিযানে অনেক খেলোয়াড়কেই আমরা পাব। একজন ইতালিয়ান হিসেবে তাঁর রক্ষণ কৌশলটা দারুণ। আবার তাঁর আক্রমণাত্মক মানসিকতাও আছে, সব সময়ই বক্সের মধ্যে খেলোয়াড় দেখতে চায় সে। সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে, তা হলো এখন দলে সবাই সবার জন্য কঠিন পরিশ্রম করে। আপনি অন্য যেসব ম্যানেজারের সঙ্গে কাজ করেছেন, তাঁদের সঙ্গে ক্যাপেলোর তুলনা করবেন কীভাবে?টেরি: আমি মরিনহোর অধীনে খেলেছি। যিনি খেলোয়াড়দের খুব কাছাকাছি থাকতেন। গাস হিডিঙ্ক আর কার্লো আনচেলত্তিও তাই। ক্যাপেলো একটু দূরত্ব বজায় রাখেন। কাজ করতে গেলে বোঝা যায় এটা আসলে ভালোই। ইতালির শেফ বলেছেন ক্যানাভারো ম্যাচের আগে অমলেট খেতে পছন্দ করেন, ড্যানিয়েল ডি রসি চকলেট বিস্কুট খান। আপনি ম্যাচের আগে কী খেতে পছন্দ করেন?টেরি: এটা আসলেই গুরুত্বপূর্ণ বিষয়—ক্লাব পর্যায়ে খেলোয়াড়েরা সাধারণত নিজেদের রুটিনমতো খাবারই খায়। কিন্তু ইংল্যান্ড দলের শাসনটা কড়া। নির্দিষ্ট মেন্যু থাকবে—হয় আপনি খাবেন, নতুবা খাবেন না। ক্লাবে ম্যাচের আগে আমার প্রিয় খাবার মুরগির মাংস, টমেটো সস দিয়ে খানিক পাস্তা। আরও আছে—কিছু চটকানো শর্করা, সবজি, লেমন কেকের একটা টুকরো এবং এসপ্রেসো। ইংল্যান্ডের হয়ে খেলতে নামলে একটু ভিন্নতা আসে। তবে ইংল্যান্ড দলের খাবারের মানটা দারুণ। তাহলে কেউ চকলেট বিস্কুট চাইতে পারে না ইংল্যান্ডে?টেরি: না (হাসি)। আমার মনে হয়, আপনি চাইতে পারেন। তবে ইংল্যান্ড দলে এমন খাবার খুঁজে বের করা কঠিন। দক্ষিণ আফ্রিকায় ম্যাচের মাঝে খেলোয়াড়েরা বিশ্রামের সময়টা কীভাবে কাটাবেন?টেরি: সবাই সম্ভবত ভিডিও গেমস নিয়েই পড়ে থাকবে। রাইট (শন-রাইট ফিলিপ) ভালো খেলে। অ্যাশও (অ্যাশলি কোল) খারাপ নয়। আমিও মনে হয়, ভালোই করব এটাতে (হাসি)। এই খেলার নবিশ হিসেবে ক্রাউচিও (পিটার ক্রাউচ) খারাপ নয়। ফাঁকা সময় অনেক পাওয়া যাবে এবং আমরা একে অন্যের বিপক্ষে খেলব। দলের গম্ভীর ভাবটা হালকা করতে ক্রাউচির মতো এমন একজনকে পাওয়ার গুরুত্ব কতটা? টেরি: হ্যাঁ, ও ভালো মজা করতে পারে। ও আছে, ওয়েইন রুনি আছে। এটা খুব জরুরিও। কারণ আমরা সবাই দেশ থেকে অনেক দূরে থাকব এবং সবার হাতেই থাকবে ২৪ ঘণ্টা সময়। কিন্তু অনুশীলনে আমাদের সিরিয়াসই থাকতে হবে। আর যখন ফাঁকা সময় থাকবে তখন ক্রাউচি তাঁর রোবট-নাচ দিয়ে আমাদের মাতিয়ে রাখতে পারে। চেলসি এবং বিশ্বকাপের ম্যাচকে কি আপনি আলাদা করে দেখেন?টেরি: হ্যাঁ, একটুখানি। বিশ্বকাপের রেফারিরা বেশি কড়া। তাই টুর্নামেন্টের আগে আমরা তাদের একজনের সঙ্গে আলোচনা করে নিতে পারি, ম্যাচের সময় কী করব আর কী করতে পারব না। তবে আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন আমাদের আনতে হবে। অনেক বছর পর এবার মনে হয় ইংল্যান্ডকে অন্যরা ভয় পাচ্ছে, আর আমরা তো এটাই চেয়েছিলাম। প্রতিপক্ষের ফরোয়ার্ডদের নিয়ে আপনি কতটা কাজ করেছেন?টেরি: এটা সব খেলোয়াড়ই করেছে। প্রতিপক্ষের খেলোয়াড়ের শক্তি ও দুর্বলতা জেনে নেওয়া ম্যানেজারেরও কাজ। আমরা ডিফেন্ডাররা ম্যাচের আগে একত্র হব এবং নিজেদের মধ্যে আলোচনা করব, প্রতিপক্ষের কোন ফরোয়ার্ড খুব দ্রুত অথবা কে ওয়েইনের মতো ডিফেন্ডারদের মাঝ দিয়ে দৌড়ে সব এলোমেলো করে দেবে। এটা আগেই জেনে নেওয়া জরুরি যে, কে ওই খেলোয়াড়টিকে সামলাবে আর কে ভেতরে থাকবে। আমরা ধরে নিই যে রিওর সঙ্গে আপনার একটা আলোচনা চলে। আপনাদের এই জুটি গড়ে ওঠার মূলটা কী?টেরি: অনেক বছর ধরেই আমরা একে অপরের খেলাকে খুব ভালো জানি। যোগাযোগটাও বড় একটা ব্যাপার। একটা ছোট্ট ব্যাপার, তবে এটাও জরুরি, সে আমাকে চিৎকার করে ডেকে বলে প্রতিপক্ষের ফরোয়ার্ড আমার খুব কাছে চলে এসেছে। এ ছাড়া আমার যদি হেড করে বল দূরে সরিয়ে দিতে হয় সেটা আমি আরেকজনের থেকে শুনতে পছন্দ করি। ও কিন্তু এই ‘কল’গুলো ভালো দেয়। ইংল্যান্ডের ক্ষেত্রে পেনাল্টি গুরুত্বপূর্ণ। আপনি কি পেনাল্টি নেবেন?টেরি: যদি আমাকে নিতে বলা হয়, তাহলে তো নেবই। তবে আমার আগে পেনাল্টি নেওয়ার মতো ৫-৬ জন আছে। ফাইনালে আপনি হয়তো পেনাল্টি নিয়ে দলকে জেতালেন? কেমন লাগবে?টেরি: দারুণ! কিন্তু জয়সূচক গোলটা কে করল এটা ব্যাপার না।